গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
কলকাতার দুর্গাপুজোকে কেন্দ্র করে নতুন বিতর্ক সামনে এল। ‘মাস আর্ট’-এর কর্ণধার ধ্রুবজ্যোতি বসু ওরফে শুভর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন আন্তর্জাতিক পর্যটন সংস্থার কর্ণধার তথা দুর্গাপুজো গবেষক জয়দীপ মুখোপাধ্যায়। তাঁর অভিযোগ, ২০২২ সাল থেকে কলকাতার বড় ২৪টি দুর্গাপুজোকে বেছে নিয়ে আয়োজিত ‘প্রিভিউ শো’-এ বেআইনি ভাবে ইউনেস্কোর নাম ব্যবহার করা হয়েছে এবং বিভ্রান্তিকর প্রচার চালানো হয়েছে। অভিযোগে বলা হয়েছে, ‘মাস আর্ট’ দাবি করেছিল যে, ইউনেস্কোর সহযোগিতায় কলকাতার নির্বাচিত ২৪টি পুজোমণ্ডপকে বিশেষ স্বীকৃতি দেওয়া হচ্ছে। সেই সঙ্গে ‘প্রিভিলেজড প্রি-পুজো এন্ট্রি টিকিট’ বিক্রিও করা হয়। অভিযোগকারীর বক্তব্য, এই প্রচারের মাধ্যমে এমন ধারণা তৈরি করা হয়েছিল যে, ইউনেস্কো সরাসরি এই নির্বাচনের সঙ্গে যুক্ত। অথচ বাস্তবে ইউনেস্কোর সঙ্গে কোনও বাণিজ্যিক চুক্তি ছিল না। পাশাপাশি তিনি দাবি করেন, দুর্গাপুজোকে কেন্দ্র করে একটি ‘অবৈধ বাণিজ্যচক্র’ গড়ে উঠেছে, যার সঙ্গে ‘মাস আর্ট’-এর সরাসরি যোগ রয়েছে। ২০২১ সালের ডিসেম্বর মাসে কলকাতার শারদোৎসবকে আবহমান ঐতিহ্যের সংস্কৃতির স্বীকৃতি দেয় ইউনেস্কো। সেই স্বীকৃতিকে কাজে লাগিয়েই এই অসাধু কাজ করা হয়েছে বলে অভিযোগ। আর সব ক্ষেত্রেই অভিযুক্ত করা হয়েছে ধ্রুবজ্যোতিকে।
উল্লেখ্য, ২০২৫ সালের ১৮ সেপ্টেম্বর দিল্লিতে ইউনেস্কোর এক প্রতিনিধি মালেকার রিউবেনের সঙ্গে জয়দীপ এই সংক্রান্ত বিষয়ে ফোনে কথা বলেন। পরে লিখিত ভাবেও ইউনেস্কোর তরফে জানানো হয় যে, ২০২২, ২০২৩ ও ২০২৪ সালে ‘মাস আর্ট’-এর সঙ্গে ইউনেস্কোর কোনও বাণিজ্যিক সম্পর্ক ছিল না। ইউনেস্কো শুধুমাত্র ২০২৫ সালের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত দুর্গাপুজোর ‘ফোকাস অন এনহ্যান্সিং অ্যাক্সেসিবিলিটি ডিউরিং দুর্গাপুজো’ বিষয়ে একটি চুক্তি করেছিল। অর্থাৎ শারদোৎসবে সাধারণ মানুষের সহজ প্রবেশাধিকার বৃদ্ধির বিষয়ে পুজো কমিটিগুলিকে উদ্যোগী হওয়ার কথা বলা হয়েছিল। লিখিত জবাবে আরও জানানো হয়, ইউনেস্কো কোনও ভাবেই দুর্গাপুজোর প্যান্ডেল নির্বাচন, টিকিট বিক্রি বা আর্থিক লেনদেনের সঙ্গে যুক্ত নয়। জয়দীপের কথায়, “দুর্গাপুজোর ঐক্য ও সাংস্কৃতিক বন্ধনকে ভেঙে বাণিজ্যিক স্বার্থে ব্যবহার করা হয়েছে। এই কর্মকাণ্ডের ফলে ইউনেস্কোর ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।’’ তিনি আরও বলেন, “প্রিভিউ শো-এর মাধ্যমে ইউনেস্কোর নাম ব্যবহার করে সাংস্কৃতিক প্রতারণা করা হয়েছে।’’ ঘটনাচক্রে এ বছর দুর্গাপুজোর আগে মাস আর্টে ‘প্রিভিউ শো’-এর দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। ৭-১১ অক্টোবর হবে ‘মাস আর্টে’র ‘প্রিভিউ শো’।
তবে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে ‘মাস আর্ট’-এর অন্যতম উদ্যোক্তা ধ্রুবজ্যোতি বলেন, ‘‘কনসার্নড অথরিটি যদি আমার কাছে এ বিষয়ে বৈধ কাগজপত্র দেখতে চান, তাহলে আমি তা অবশ্যই দেখাব। কিন্তু এই ধরনের অভিযোগের আমি কোনও জবাব দেব না।’’ ঘটনাচক্রে, ‘মাস আর্ট’-এর অন্যতম উদ্যোক্তা হওয়ার পাশাপাশি ধ্রুবজ্যোতি কলকাতার অন্যতম বড় পুজো টালা প্রত্যয়ের বড় কর্তা। তা ছাড়া প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেও পরিচিত তিনি। সেই সুবাদেই টালা প্রত্যয়ের পুজোর থিমের নামকরণ থেকে শুরু করে উদ্বোধন করতেন মমতাই। পাশাপাশি, হুগলি জেলা থেকে নির্বাচিত হয়ে ১০ বছর মন্ত্রী পদে থাকা বিনোদনজগতের এক ব্যক্তির খুবই ঘনিষ্ঠ ছিলেন ধ্রুবজ্যোতি। এ বারের বিধানসভা ভোটে মমতার সরকারের পতনের সঙ্গে সেই মন্ত্রীও পরাজিত হয়েছেন। এমন সময়ে ধ্রুবজ্যোতির বিরুদ্ধে দুর্গাপুজো এবং ইউনেস্কোর নাম ব্যবহার করে অনিয়মের অভিযোগ উঠল।