— প্রতীকী চিত্র।
ফ্ল্যাটে ঢুকে বৃদ্ধ গৃহকর্তার উপরে হামলা চালাল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী। ধারালো অস্ত্রের আঘাতে জখম ওই বৃদ্ধ সংজ্ঞাহীন হয়ে পড়েন। অচৈতন্য এবং রক্তাক্ত অবস্থায় তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়েছে। ওই ঘটনায় তাঁর স্ত্রী-ও অসুস্থ হয়ে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। শনিবার বিকেলে ঘটনাটি ঘটে এন্টালি থানা এলাকার আনন্দ পালিত রোডের একটি আবাসনে।
পুলিশ জানিয়েছে, সত্তরোর্ধ্ব ওই বৃদ্ধ, অনুপকুমার চৌধুরী নিজেদের ফ্ল্যাটে স্ত্রীর সঙ্গে থাকেন। পরিবারের বাকি সদস্যেরা থাকেন বিদেশে। প্রাথমিক ভাবে পুলিশ জেনেছে, এ দিন বিকেলে অজ্ঞাতপরিচয় এক দুষ্কৃতী ওই ফ্ল্যাটে ঢুকে বৃদ্ধের উপরে হামলা চালায়। তাঁর স্ত্রীর উপরে হামলা না-হলেও ঘটনার আকস্মিকতায় তিনিও অসুস্থ হয়ে পড়েন। বৃদ্ধা সে সময়ে পাশের ঘরে ছিলেন। স্বামীর আর্তনাদ শুনে ওই ঘরে গিয়ে তিনি দেখেন, অনুপ রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। বৃদ্ধা ফোন করে এক আত্মীয়কে ঘটনার কথা জানান। ১০০ ডায়ালে ফোন করে পুলিশকেও বিষয়টি জানানো হয়। পুলিশ এবং আত্মীয়েরা মিলে বৃদ্ধকে হাসপাতালে নিয়ে যান।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আবাসন ও সংলগ্ন এলাকার বিভিন্ন রাস্তার সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীকে চিহ্নিত করার চেষ্টা চলছে। হামলাকারী বাইরে থেকে আবাসনে ঢুকেছিল, না কি ভিতরেরই কেউ, তা জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। এ বিষয়ে জানতে ওই বৃদ্ধার সঙ্গেও কথা বলার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। এই ঘটনা শহরে একাকী বৃদ্ধ-বৃদ্ধাদের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন তুলে দিল।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে