—প্রতীকী চিত্র।
অস্ট্রেলিয়া ভ্রমণের টোপ দিয়ে দুই কাশ্মীরি যুবককে কলকাতা নিয়ে এসে মুক্তিপণের দাবিতে আটকে রাখার অভিযোগে হরিয়ানার পাঁচ বাসিন্দাকে গ্রেফতার করল পুলিশ। কাশ্মীর ও কলকাতা পুলিশের যৌথ অভিযানে উদ্ধার করা হয়েছে দু’জনকে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কাশ্মীরের দুই যুবককে সিডনি ঘোরানোর নাম করে কলকাতা নিয়ে এসেছিলেন পাঁচ যুবক। তার পরে তাঁদের অপহরণ করে প্রগতি ময়দান এলাকার একটি বেসরকারি হোটেলে আটকে রাখেন অভিযুক্তেরা। এর পর ওই দুই যুবকের পরিবারের সদস্যদের ভিডিয়ো কল করে ৩০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয় বলে অভিযোগ। গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত ‘বন্দি’ ছিলেন দুই যুবক।
যাঁদের অপহরণ করা হয়েছিল তাঁদের পরিবারের তরফে কাশ্মীর পুলিশের কাছে অভিযোগ জানানো হয়। তদন্তে নেমে পুলিশ মোবাইলের লোকেশন ট্র্যাক করে জানতে পারে কলকাতায় রাখা হয়েছে দুই যুবককে। তার পরে কাশ্মীর পুলিশ যোগাযোগ করে কলকাতা পুলিশের সঙ্গে। কলকাতা ও কাশ্মীর পুলিশের যৌথ তল্লাশিতে গ্রেফতার করা হয় অপহরণকারীদের। হোটেল থেকে হাত ও পা বাঁধা অবস্থায় কাশ্মীরের দুই যুবককে উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতেরা সকলেই হরিয়ানার বাসিন্দা।