আইএসআই কলকাতা। ফাইল চিত্র।
ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের স্বশাসিত মর্যাদা খর্ব করে হস্তক্ষেপের আশঙ্কার আবহে সংশ্লিষ্টদের খানিকটা আশ্বস্ত করে প্রতিষ্ঠানটির ডিরেক্টর বা অধিকর্তা বাছাইয়ের প্রক্রিয়া সম্পন্ন হতে চলেছে। আইএসআইয়ের ডিরেক্টর বাছাইয়ের সার্চ কাম সিলেকশন কমিটি এ বিষয়ে সর্বসম্মত ভাবে আইএসআই কলকাতার অঙ্কের অধ্যাপক অমর্ত্যকুমার দত্তের নাম সুপারিশ করেছে। অনুসন্ধান ও বাছাই কমিটির তিন সদস্য— ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্সের অধিকর্তা জি রঙ্গরাজন, ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল কমিশনের চেয়ারম্যান রাজীব লক্ষ্মণ কারান্ডিকর এবং আইএসআই কাউন্সিলের চেয়ারম্যান কোপ্পিলিল রাধাকৃষ্ণন ১ এপ্রিল থেকে পাঁচ বছরের দায়িত্বভার গ্রহণের জন্য অমর্ত্যের নাম সুপারিশ করেন।
তবে কার্যত এই প্রথম বার আইএসআই কাউন্সিলের বৈঠক ছাড়াই নতুন স্থায়ী অধিকর্তা নিয়োগ হতে চলেছে। কমিটির তরফে বলা হয়েছে, সময়াভাবে কাউন্সিলের বৈঠক করা মুশকিল। সুপারিশের নির্দেশটি সবার কাছে পাঠিয়ে যেন সোমবারের মধ্যে তাঁদের মত নেওয়া হয়। প্রবীণ অধ্যাপক অমর্ত্য সহকর্মীদের মধ্যে প্রিয়। তবে, তিনি বিষয়টি নিয়ে এখনই কিছু বলতে চাননি।
দেখা গিয়েছে, দেশের আজকের শাসক-শিবিরের বহু চর্চিত ভারতীয় জ্ঞান ব্যবস্থা বা বৈদিক গণিত ইত্যাদি বিষয়ে অমর্ত্যের চর্চা ও আগ্রহ রয়েছে। জাতীয় শিক্ষানীতিরও তিনি সমর্থক। তবে প্রাচীন ভারতীয় জ্ঞানব্যবস্থা চর্চায় অপবিজ্ঞান নিয়ে মাতামাতির দিকটি নিয়েও অমর্ত্য সতর্ক। আবার আইএসআই খসড়া বিল নিয়ে শিক্ষক, গবেষক, কর্মীদের আশঙ্কার দিকগুলির বিষয়েও সচেতন তিনি। বিষয়গুলি অমর্ত্য দিল্লিতে মন্ত্রকের কাছে তুলেও ধরেছেন। কারও কারও মত, অমর্ত্যের ব্যক্তিত্বের মধ্যে এক ধরনের ভারসাম্য রয়েছে, যা তাৎপর্যপূর্ণ।
খসড়া আইএসআই বিলটি ইতিমধ্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্মতির জন্য পাঠানো হয়েছে বলে খবর। তবে সংসদের চলতি অধিবেশনে বিষয়টি না-ওঠারই সম্ভাবনা বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি। নতুন ব্যবস্থায় আইএসআইয়ের খোলনলচে পাল্টে কলকাতার সদর দফতরের মর্যাদাও ক্ষুণ্ণ হতে পারে। তখন সরকারি আমলা নির্ভর প্রশাসকমণ্ডলী (বোর্ড অব গভর্নর্স) সর্বেসর্বা হয়ে উঠতে পারে। অধিকর্তা বাছাই বা আইএসআই পরিচালনায় প্রতিষ্ঠানের কাউন্সিলের ভূমিকাও অকিঞ্চিৎকর হয়ে ওঠার আশঙ্কা। এত শত আশঙ্কার আবহে পরিচিত অধ্যাপক অমর্ত্যকে অধিকর্তা হিসেবে সুপারিশ কিছুটা ইতিবাচক ভাবেই দেখছেন কাউন্সিলের সদস্যেরা।
গত বছর মে মাসে বিজ্ঞপ্তি দিয়ে আইএসআইয়ের নতুন অধিকর্তা বাছাইয়ের প্রক্রিয়া শুরু হয়। আবেদন বা বিজ্ঞানী সমাজের মনোনয়নের ভিত্তিতে ১৯ জন পদপ্রার্থীর মধ্যে আট জনকে সম্ভাব্য অধিকর্তা হিসেবে বাছাই করে কমিটি। কমিটির সামনে তাঁদের সাক্ষাৎকার গত সেপ্টেম্বরে সম্পন্ন হয়। কিন্তু অজ্ঞাত কারণে এত দিন নতুন অধিকর্তা বাছাই থমকে ছিল। পূর্বতন স্থায়ী অধিকর্তা সংঘমিত্রা বন্দ্যোপাধ্যায়ের কার্যকাল গত সেপ্টেম্বরে শেষ হয়। তাঁর মেয়াদ অস্থায়ী ভাবে তিন মাস বাড়ানো হয়। এর পরে তিন মাসের জন্য ভারপ্রাপ্ত অধিকর্তা ছিলেন অধ্যাপক অয়নেন্দ্রনাথ বসু। মার্চেই তাঁর কার্যকাল শেষ হচ্ছে।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে