রশি ধরে টান মুখ্যমন্ত্রীর। ছবি: সুমন বল্লভ।
কাঁটায় কাঁটায় ঘড়িতে তখন শনিবার সকাল ১১টা বেজে ৫২ মিনিট। নিজের গাড়ি থেকে কলকাতার আলবার্ট রোডের ইস্কনের মন্দিরের সামনে নামেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায়। পরনে সাদা খোলের মন্দির পাড়ের শাড়ি। গাড়ি থেকে নেমেই হনহন করে কলকাতার ইস্কনের মন্দিরের ভেতরে ঢুকে যান তিনি। শুক্রবার বেলপাহাড়িতে মাওবাদী নেতা কিষেণজিকে নিয়ে করা বিতর্কিত মন্তব্যের পর এ দিন ভাইপো সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাসি মুখেই দেখা যায় রথযাত্রার অনুষ্ঠানে। মুখ্যমন্ত্রীর সঙ্গে এই অনুষ্ঠানে যোগ দেন মেয়র শোভন চট্টোপাধ্যায়, অভিনেতা-সাংসদ দেব, অভিনেত্রী কোয়েল মল্লিক, বিউটিশিয়ান কেয়া শেঠও।
সপার্ষদ মুখ্যমন্ত্রীকে অভ্যর্থনা জানান ইস্কনের আধিকারিকরা। রথের উপর চড়ে প্রথমে বিগ্রহদের আরতি করেন মুখ্যমন্ত্রী। তার পর নীচে নেমে তাঁর হাতে একটি কর্পূর দেওয়া নারকেল দেন ইস্কনের পুরোহিতরা। নারকেলটি জ্বালিয়ে সেটি দিয়ে আরতী করেন মুখ্যমন্ত্রী। এর পর নারকেলটি ফাটিয়ে, ফুল এবং মঙ্গলঘট থেকে জল ছিটিয়ে রথের রশিতে টান মেরে রথযাত্রার সূচনা করেন মুখ্যমন্ত্রী। তবে তিনি ঝাড়ু দেননি। পুরোহিতরা তাঁকে একটি সবুজ রঙের স্কার্ফ দেন, সেটি তিনি তাঁর হাতে বেঁধে নেন। মিনিট পনেরো রথযাত্রার অনুষ্ঠানে ছিলেন মুখ্যমন্ত্রী।
এই সংক্রান্ত আরও খবর...
আসতে দেরি রাজার, দেরিতে ছাড়ল রথ