Child Murder Case

কান্না থামাতে গিয়ে ‘খুন’ পাঁচ মাসের মেয়েকে, ধৃত বাবা

পুলিশ জানিয়েছে, গত শুক্রবার ব্রিগেড থেকে একটা গোলমালের খবর আসে। সেখানে পৌঁছে ময়দান থানার পুলিশ জানতে পারে, এক ব্যক্তিকে আটকে রাখা হয়েছে। যার নাম দেবজিৎ জানা। পুলিশ আরও জানতে পারে, দেবজিতের স্ত্রী কান্নাকাটি করছিলেন এবং স্বামীকে জিজ্ঞাসা করছিলেন, কেন সে তার পাঁচ মাসের সন্তানকে খুন করেছে?

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ মে ২০২৬ ০৯:০৯
Share:

— প্রতীকী চিত্র।

পাঁচ মাসের শিশুকন্যাকে খুনের অভিযোগে তার বাবাকে গ্রেফতার করল পুলিশ। ধৃত যুবকের নাম দেবজিৎ জানা। শুক্রবার ব্রিগেড প্যারেড ময়দানের টিএওআই পুকুরের কাছ থেকে তাকে গ্রেফতার করে ময়দান থানার পুলিশ। শনিবার ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে বিচারক ধৃতকে ২২ মে পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন। তবে, এ দিন বিকেল পর্যন্ত শিশুটির দেহ উদ্ধার করতে পারেনি পুলিশ।

পুলিশ জানিয়েছে, গত শুক্রবার ব্রিগেড থেকে একটা গোলমালের খবর আসে। সেখানে পৌঁছে ময়দান থানার পুলিশ জানতে পারে, এক ব্যক্তিকে আটকে রাখা হয়েছে। যার নাম দেবজিৎ জানা। পুলিশ আরও জানতে পারে, দেবজিতের স্ত্রী কান্নাকাটি করছিলেন এবং স্বামীকে জিজ্ঞাসা করছিলেন, কেন সে তার পাঁচ মাসের সন্তানকে খুন করেছে? এর পরেই এলাকার লোকজন দেবজিৎকে আটক করেন এবং পুলিশে খবর দেন। পুলিশ জানতে পারে, গত রবিবার কান্না থামাতে গিয়ে শিশুটির মুখ চেপে ধরে তাকে খুন করে দেবজিৎ। তার পরে দেহটি প্লাস্টিকে মুড়ে আবর্জনার ভ্যাটে ফেলে দেয় সে। যদিও পুলিশ সেখানে গিয়েও ওই ভ্যাট থেকে শিশুটির দেহ উদ্ধার করতে পারেনি। কারণ হিসেবে পুলিশ বলছে, ভ্যাটটি পরের দিন পরিষ্কার করা হয়েছে। সিসিটিভি-তে তা দেখা গিয়েছে।

পুলিশ জানিয়েছে, মহিলার কাছ থেকে ঘটনার বিবরণ শোনার পরেই পুলিশের তরফে একটি খুনের মামলা রুজু করা হয়। এক তদন্তকারী অফিসার জানান, ওই দম্পতি এসএসকেএম হাসপাতাল চত্বরের বাসিন্দা। সে দিন ওই মহিলা কেন মেয়ে ও স্বামীর সঙ্গে ময়দানে এসেছিলেন, তা জানার চেষ্টা করা হচ্ছে ধৃতকে জেরা করে।

প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানিয়েছে, যে ভ্যাটে শিশুটির দেহ ফেলা হয়েছিল, সেখানে তল্লাশি চালানো হয়েছে। কিন্তু দেহ মেলেনি। মনে করা হচ্ছে, পুরসভার সাফাইকর্মীরা দেহটি খেয়াল না করায় ভ্যাটের আবর্জনার সঙ্গেই সেটি তুলে নিয়ে গিয়ে ধাপার ভাগাড়ে ফেলে দিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন