Death

death: ঘর থেকে উদ্ধার মা ও ছেলের মৃতদেহ

তদন্তে জানা গিয়েছে, ওই যুবকের মানসিক সমস্যা ছিল। সেই তথ্য যাচাই করা হচ্ছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২২ ০৬:৪৯
Share:

ফাইল চিত্র।

বাড়ি থেকে কটু গন্ধ বেরিয়ে ছড়িয়ে পড়েছিল পাড়ায়। সেই খবর পেয়ে সেখানে পৌঁছে গিয়েছিল পুলিশ। এক আত্মীয়ও যোগাযোগ করে সাড়া পাচ্ছিলেন না। বৃহস্পতিবার রাতে এমন পরিস্থিতিতে ঘরের দরজা ভেঙে উদ্ধার হল মা ও ছেলের পচাগলা দেহ। দক্ষিণ দমদমের বেদিয়াপাড়ার নবপল্লি এলাকার ঘটনা।

Advertisement

পুলিশ জানায়, মৃতদের নাম শ্রাবণী পাল (৫২) এবং সন্দীপ পাল (২৮)। পুলিশ ঘর থেকে একটি সুইসাইড নোট পেয়েছে। তদন্তে জানা গিয়েছে, হাওড়ার বাসিন্দা মা ও ছেলে ছ’মাস আগে ওই বাড়িতে ভাড়া আসেন। বৃহস্পতিবার ওই বাড়ি থেকে দুর্গন্ধ ছড়ানোয় সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের। ঘটনাচক্রে ওই পরিবারের এক আত্মীয়ও সেখানে হাজির হন। তিনি জানান, কিছুতেই ফোনে যোগাযোগ করতে পারছেন না মা ও ছেলের সঙ্গে। ডাকাডাকি করেও সাড়া মেলেনি। দুর্গন্ধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। দরজা ভেঙে দোতলায় গিয়ে দেখা যায়, মায়ের দেহ বিছানায় পড়ে এবং সিলিং ফ্যান থেকে ছেলের দেহ ঝুলছে। দু’টি দেহেই পচন ধরে গিয়েছিল। পুলিশের অনুমান, কয়েক দিন আগেই দু’জনের মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রের খবর, পাড়ায় কারও সঙ্গেই তাঁদের মেলামেশা ছিল না। ফলে ওই যুবক কোনও কাজ করতেন কি না, জানা যায়নি। বাইরেও নিয়মিত দেখা যেত না তাঁদের। তাই কয়েক দিন না দেখে সন্দেহ হয়নি কারও।

Advertisement

তদন্তে জানা গিয়েছে, ওই যুবকের মানসিক সমস্যা ছিল। সেই তথ্য যাচাই করা হচ্ছে। আর্থিক বা অন্য কোনও সমস্যা ছিল কি না, দেখছে পুলিশ। পুলিশের বক্তব্য, ছেলের দেহের অবস্থান দেখে মৃত্যু সম্পর্কে প্রাথমিক অনুমান করা গেলেও মায়ের মৃত্যু নিয়ে ধোঁয়াশা রয়েছে। ময়না-তদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement