কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। —ফাইল চিত্র।
বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গ জুড়ে। কলকাতাতেও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তার ফলে নতুন করে তাপমাত্রা আর কমার সম্ভাবনা নেই। ঝড়বৃষ্টির ফলে গত দু’দিনে গরমের অস্বস্তি কিছুটা কমেছে। আগামী অন্তত সাত দিন এমনই তাপমাত্রা থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
সোমবার দক্ষিণবঙ্গের ছয় জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সেই তালিকায় রয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর। কলকাতায় সোমবার বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে আলাদা করে আবহাওয়ার কোনও সতর্কতা নেই। শহরে ফের ঝড়বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আগামী বুধবার এবং বৃহস্পতিবারের জন্য। ওই দু’দিনই কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
দক্ষিণবঙ্গের সাত জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে আগামী কয়েক দিনের মধ্যে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং নদিয়ায় বুধবার বৃষ্টির সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এ ছাড়া, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে আগামী রবিবার পর্যন্ত ঝড়বৃষ্টি চলবে।
সমুদ্রের উপর মাঝেমধ্যেই ঝোড়ো হাওয়া বইছে। তার গতি থাকছে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। এর ফলে আপাতত সমুদ্র উত্তাল রয়েছে। সোমবার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ সংলগ্ন উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
উত্তরবঙ্গে দুর্যোগ চলছে। ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা রয়েছে উত্তরের একাধিক জেলায়। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি (৭ থেকে ২০ সেন্টিমিটার) হতে পারে। এ ছাড়া, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার-সহ উত্তরের পাঁচ জেলাতেই রবিবার পর্যন্ত ভারী বৃষ্টির (৭ থেকে ১১ সেন্টিমিটার) সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া।
হাওয়া অফিস জানিয়েছে, উত্তরপ্রদেশ থেকে তেলঙ্গানা পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত। তা ছত্তীসগঢ়ের উপর দিয়ে গিয়েছে। সমুদ্রতল থেকে তার উচ্চতা ০.৯ কিলোমিটার। এর ফলে আপাতত বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। তাই উত্তর ও দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে। এখনও বর্ষা প্রবেশ করেনি রাজ্যে। এই বৃষ্টিকে আপাতত প্রাক-বর্ষার বৃষ্টি বলছেন আবহবিদেরা। সোমবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ৩.৫ ডিগ্রি কম। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ৩৪.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.৬ ডিগ্রি কম।