RG Kar Medical College and Hospital

আবার বিপত্তি আরজি করে, হস্টেলের শৌচালয়ে চাঙড় ভেঙে পড়ার অভিযোগ, কর্তৃপক্ষের কাছে ৬ দফা দাবি পড়ুয়াদের একাংশের

পড়ুয়াদের একাংশের অভিযোগ, রবিবার রাতে আরজি করের মেয়েদের হস্টেলের একটি শৌচালয়ের সিলিং থেকে আচমকা একটি চাঙড় ভেঙে প়ড়ে। ঘটনাচক্রে, সেই সময় শৌচালয়ে কেউ ছিলেন না।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৬ ২২:২৩
Share:

আরজি কর মেডিক্যাল কলেজের হস্টেলে চলছে মেরামতির কাজ। ছবি: সংগৃহীত।

আবার আরজি কর মেডিক্যাল কলেজে পরিকাঠামো নিয়ে প্রশ্ন উঠল। ওই মেডিক্যাল কলেজের পড়ুয়াদের একাংশের অভিযোগ, মেয়েদের হস্টেলের শৌচালয়ে চাঙড় ভেঙে পড়েছে। সেই অভিযোগকে সামনে রেখে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের কাছে ছ’দফা দাবি তুললেন আরজি করের ‘স্টুডেন্টস’ বডি’।

Advertisement

কী ঘটেছিল? পড়ুয়াদের একাংশের অভিযোগ, রবিবার রাতে আরজি করের মেয়েদের হস্টেলের একটি শৌচালয়ের সিলিং থেকে আচমকা একটি চাঙড় ভেঙে প়ড়ে। ঘটনাচক্রে, সেই সময় শৌচালয়ে কেউ ছিলেন না। ফলে বড়সড় বিপদ এড়ানো গিয়েছে। তাঁদের আরও অভিযোগ, আরজি কর মেডিক্যাল কলেজের ললিত মেমোরিয়াল-সহ অন্য হস্টেলগুলির অবস্থা শোচনীয়। পরিকাঠামোগত সমস্যা রয়েছে।

‘স্টুডেন্টস’ বডি’ সোমবার কলেজ কর্তৃপক্ষের সঙ্গে প্রায় তিন ঘণ্টা বৈঠক করে। সেই বৈঠকে উঠে এসেছে নানা বিষয়। সেখানে পড়ুয়াদের তরফে ছ’দফা দাবিও কর্তৃপক্ষের কাছে জমা করা হয়েছে। দাবিগুলির মধ্যে রয়েছে হাসপাতাল এবং হস্টেলের পরিকাঠামোগত উন্নতির কথা। বৈঠকে থাকা পড়ুয়ারা জানান, তাঁরা তাঁদের দাবি আদায় করতে সক্ষম হয়েছেন। তাঁদের কথায়, ‘‘সমস্ত হস্টেল মেরামতির নির্দেশ দেওয়া হয়েছে। সেই কাজ শুরুও হয়ে গিয়েছে। আগামী বৃহস্পতিবারের মধ্যে সেই কাজ শেষ হবে।’’

Advertisement

একই সঙ্গে পূর্ত বিভাগের আধিকারিক, হস্টেল সুপার এবং পড়ুয়াদের একাংশ মিলে হস্টেলগুলি পরিদর্শন করা হবে। পড়ুয়াদের কথায়, ‘‘কোন হস্টেল বাসযোগ্য তা বিবেচনা করে দ্রুত পদক্ষেপ করা হবে, তা-ও ঠিক হয়েছে বৈঠকে।’’ আবার একটি বৃহস্পতিবার কলেজ এবং হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে ‘স্টুডেন্টস’ বডি’ বৈঠক করবে। সেই বৈঠকে পরিকাঠামোগত সমস্যা এবং সেই সমস্যা নিরসনে সুনির্দিষ্ট কাজের পরিকল্পনা করা হবে বলে জানান পড়ুয়ারা। পাশাপাশি, হস্টেলগুলিতে পানীয় জলের সমস্যার সমাধান এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ নিয়েও আলোচনা হয়েছে সোমবারের বৈঠকে।

উল্লেখ্য, দিন কয়েক আগে আরজি করের ট্রমা কেয়ার ভবনের লিফ্‌টে আটকে মৃত্যু হয় দমদমের বাসিন্দা অরূপ বন্দ্যোপাধ্যায়ের। তিন বছরের সন্তানকে শৌচালয়ে নিয়ে যেতে ট্রমা কেয়ারের লিফ্‌টে উঠেছিলেন দমদমের বাসিন্দা অরূপ এবং তাঁর স্ত্রী। লিফ্‌ট নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে দরজায় আটকে ঘষটে মৃত্যু হয় অরূপের। তার দু’দিন পর রাতে এই ট্রমা কেয়ারেই শ্বাসকষ্টের সমস্যা নিয়ে চিকিৎসার জন্য গিয়েছিলেন প্রৌঢ় বিশ্বজিৎ সামন্ত। অভিযোগ, হেঁটে হেঁটে দূরের শৌচালয়ে যেতে গিয়ে আরও অসুস্থ হয়ে পড়েন তিনি। তাতেই তাঁর মৃত্যু হয়। মৃত্যুর পরে অব্যবস্থার অভিযোগ ওঠে। তার মধ্যে এ বার হস্টেলের পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে দিলেন পড়ুয়াদের একাংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement