প্রয়াত ফিরোজ এডুলজি। ছবি: সংগৃহীত।
প্রয়াত হলেন কলকাতা হাই কোর্টের বিশিষ্ট আইনজীবী ফিরোজ এডুলজি। যকৃতের সমস্যায় দীর্ঘ দিন অসুস্থ ছিলেন তিনি। চিকিৎসাধীন ছিলেন বাইপাসের ধারে এক হাসপাতালে। সোমবার সকালে সেখানেই তাঁর মৃত্যু হয়। এডুলজির বয়স হয়েছিল ৫৩ বছর। এডুলজির মৃত্যুতে হাই কোর্টের আইনজীবীমহলে শোকের ছায়া। তাঁর মৃত্যুতে হাই কোর্টের বার ক্লাব, বার অ্যাসোসিয়েশনের তরফে শোকপ্রকাশ করা হয়।
এডুলজির পৈতৃক বাড়ি মধ্যপ্রদেশের জবলপুরে। তবে তাঁর জন্ম কলকাতায়। ১৯৭৩ সালের ১০ জুন শিয়ালদহের কাছে ওল্ড পার্সি কলোনিতে তাঁর জন্ম। তিনি বেঙ্গালুরুর ন্যাশনাল আইন কলেজ থেকে আইনি বিষয়ে পড়াশোনা করেন। বাবা নৌবাহিনীতে কাজ করতেন। বাবার কথাতেই হিন্দু ধর্মের প্রতি আকৃষ্ট হন এডুলজি। তাঁর মা দ্য ব্রিটিশ অক্সিজেন কোম্পানিতে কর্মরত ছিলেন। নিজে পার্সি সম্প্রদায়ের হলেও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ এবং বিশ্ব হিন্দু পরিষদের ঘনিষ্ঠ ছিলেন। বিশ্ব হিন্দু পরিষদের হয়ে দীর্ঘ দিন দক্ষিণবঙ্গে কাজও করেছেন তিনি।
ফৌজদারি মামলার দুঁদে আইনজীবী হিসাবে এডুলজি পরিচিত। ১৯৯৭ সাল থেকে কলকাতা হাই কোর্টে ওকালতির কাজ করছেন। একাধিক গুরুত্বপূর্ণ মামলায় তাঁকে সওয়াল করতে দেখা গিয়েছে। কামদুনি গণধর্ষণ মামলায় অভিযুক্তদের হয়ে দাঁড়িয়েছিলেন এডুলজি। ওই মামলায় তিন অভিযুক্তকে বেকসুর খালাস করে আদালত। হাঁসখালি ধর্ষণ, বগটুই গণহত্যা মামলায় সিবিআই তদন্ত চেয়ে সওয়াল করেন তিনি। আরজি কর মামলাতেও সওয়াল করেছিলেন এডুলজি।