West Bengal Elections 2026

ভোটের ‘আইকন’ সাঁতারু আফরিন

রবিবার মেদিনীপুরে কালেক্টরেটের সভাঘরে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁকে জেলার ‘ইলেকশন আইকন’ হিসাবে ঘোষণা করা হয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৬ ১০:০০
Share:

সামনেই বিধানসভা ভোট। পশ্চিম মেদিনীপুরের ‘ইলেকশন আইকন’ হলেন আফরিন জাবি। মেদিনীপুরের মেয়ে আফরিন ইংলিশ চ্যানেল জয়ী। স্বভাবতই উচ্ছ্বসিত তিনি। তাঁর কথায়, ‘‘আমাদের জেলার ইলেকশন আইকন করা হয়েছে আমাকে। দারুণ অনুভূতি। এই অনুভূতি অন্য রকমই।’’

রবিবার মেদিনীপুরে কালেক্টরেটের সভাঘরে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁকে জেলার ‘ইলেকশন আইকন’ হিসাবে ঘোষণা করা হয়েছে। অনুষ্ঠানে ছিলেন জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক বিজিন কৃষ্ণ। ছিলেন আফরিনও। গত বছর ইংলিশ চ্যানেল পার করেছেন আফরিন। মেদিনীপুরের এই মেয়ে সাত সমুদ্র পার হওয়ার স্বপ্নও দেখেন। নিজের স্বপ্নপূরণে অবিচল তিনি। জেলার নির্বাচন আধিকারিকদের মতে, জেলার তরুণদের উপরে আফরিনের প্রভাব রয়েছে। তাঁকে ‘আইকন’ করার ফলে তরুণদের ভোট দেওয়ার প্রতি আগ্রহ বাড়াবে। আফরিন বলছেন, ‘‘এ বারে আমার দ্বিতীয় ভোট হবে। ২০২৪ সালে প্রথম ভোট দিয়েছি আমি।’’ জেলাশাসক বলছিলেন, ‘‘উনি (আফরিন) আমাদের জেলার গর্ব।’’

আসন্ন বিধানসভা ভোটে সচেতনতামূলক প্রচারে পশ্চিম মেদিনীপুরের ‘ম্যাসকট’ উন্মোচিত হয়েছে এ দিনই। ‘ম্যাসকট’ হয়েছে ‘চিত্রা’। শিল্পীর চোখে ‘চিত্রা’ জনজাতির রমণী। এই ‘ম্যাসকট’- এর সঙ্গে যেমন পিংলার পটচিত্র জুড়ে রয়েছে, তেমনই রয়েছে মহিলাদের ক্ষমতায়নের বার্তা। সমাজে সমতার বার্তাও। ভোটদানের প্রচারে জেলার নানা প্রান্তে চষে বেড়াবে ‘চিত্রা’। জেলাশাসক বলছিলেন, ‘‘আমাদের ম্যাসকটে পটচিত্র রয়েছে। পাশাপাশি, মহিলাদের ক্ষমতায়নের বার্তাও রয়েছে। সমতার বার্তা রয়েছে। সমাজে সকলে সমান। উন্নতি করতে গেলে, এগিয়ে যেতে হলে সকলকে সমান চোখে দেখতে হবে।’’ নতুন ভোটারদের ভোটদানের বিষয়ে উৎসাহিত করা হয়েছে। ‘থিম সং’ প্রকাশিত হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন