খুলল মলিহাটি পঞ্চায়েত অফিস
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর
বৈঠকে অবশেষে মিলল নিকাশি সমস্যার রফাসূত্র। আট দিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার মলিহাটি পঞ্চায়েত অফিস খুললেন গ্রামবাসী। বুধবার সন্ধ্যায় বিডিও জয়ন্ত দাসের উদ্যোগে বৈঠক ডেকে আলোচনায় বসেন মলিহাটি ও গোলগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা। পুলিশের উপস্থিতিতে ওই দুই গ্রাম পঞ্চায়েতের বাসিন্দাদের মধ্যে মীমাংসার মাধ্যমে জমা জল বের করার আশ্বাস দেওয়া হয়। তবে আশ্বাস অনুযায়ী কাজ না হলে ফের পঞ্চায়েত অফিস বন্ধের হুঁশিয়ারি দিয়েছে মলিহাটি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ডেবরা ব্লকের মলিহাটি গ্রাম পঞ্চায়েত এলাকায় নিকাশির সমস্যা দীর্ঘদিনের। নদী থেকে নিচু ওই এলাকায় সুষ্ঠু নিকাশির বন্দোবস্ত না থাকায় প্রতি বর্ষায় চাষে ক্ষতির মুখে পড়েন চাষিরা। মলিহাটির গ্রামবাসীর দাবি, গোলগ্রাম অঞ্চলের পশ্চিম দিক অর্থাত্ বড়গেড়িয়া, কাঁটাগেড়িয়া, কুল্যা গ্রামের দিক থেকে বর্ষায় জল ঢুকছে তাঁদের অঞ্চলে। নিয়ম অনুযায়ী, ওই অঞ্চলের জল ফের গোলগ্রাম অঞ্চলের পূবর্ দিকে চকপলমল, চকপ্রয়াগ, খাজুরি হয়ে ভসরার খালে গিয়ে পড়ে। কিন্তু গ্রামবাসীর অভিযোগ, গোলগ্রাম অঞ্চলের পূর্বদিকের ওই গ্রামগুলি হিউম পাইপের মুখ বন্ধ রাখায় জল আটকে যাচ্ছে মলিহাটি অঞ্চলেই। আবার হিউম পাইপের মুখে খুলে দিলে জলে ভাসবে তাঁদের গ্রাম-এমনই দাবি গোলগ্রামের পূর্ব দিকের বাসিন্দাদের। সমস্যার সমাধান খুঁজতেই বুধবার দুই গ্রাম পঞ্চায়েতের বাসিন্দাদের নিয়ে বৈঠকে বসেন বিডিও। বৈঠকে ঠিক হয়, জল বের করতে গোলগ্রামের সম্মতিতে একটি নতুন হিউম পাইপ বসানো হবে। বিডিও জয়ন্ত দাস বলেন, বৈঠকে সাময়িক মীমাংসা হয়েছে। রবিবার আমরা পুলিশের উপস্থিতিতে হিউম পাইপ বসাবো। আশা করি, এর ফলে সমস্যার সমাধান হবে।”
ছোট আঙারিয়ার শুনানি পিছলো
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর
ফের বেশ কিছু দিনের জন্য পিছিয়ে গেল ছোট আঙারিয়া মামলার শুনানি। আগামী ১২ নভেম্বর শুনানির পরবর্তী দিন ধার্য হয়েছে। বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছেন মেদিনীপরের পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক ইন্দ্রনীল ভট্টাচার্য। ২০০১ সালের ৪ জানুয়ারি গড়বেতা থানার ছোট আঙারিয়া গ্রামে তৃণমূল কর্মী বক্তার মণ্ডলের বাড়িতে অগ্নিসংযোগ ও গুলি করে কয়েকজনকে খুন করার অভিযোগ উঠেছিল স্থানীয় সিপিএম নেতাদের বিরুদ্ধে। প্রথম দফায় অভিযুক্তদের কয়েকজনকে পলাতক দেখিয়ে মামলার বিচারও হয়েছিল। তাতে অবশ্য বেকসুর খালাস পেয়েছিলেন অভিযুক্তেরা। ২০১১ সালের ১৫ মে ওই মামলারই অভিযুক্ত পলাতক দিল মহম্মদকে গ্রেফতারের পর নতুন করে মামলা শুরু হয়। ইতিমধ্যেই এই মামলার অন্যতম সাক্ষী বক্তার মণ্ডলের সাক্ষ্যও নেওয়া হয়েছে। সেই সাক্ষ্য নিয়েই আপত্তি তোলেন অভিযুক্তপক্ষের আইনজীবী বিশ্বনাথ ঘোষ। তার বিরুদ্ধে হাইকোর্টেও আবেদন জানান। বিশ্বনাথবাবুর কথায়, “একজন ব্যক্তি আগে এক কথা বলেছিলেন, পরে অন্য কথা বলছেন। তা আদালত রেকর্ডও করছে। একই ব্যক্তি একই মামলায় দু’বার দু’রকম সাক্ষ্য কিভাবে দিতে পারেন।” এই প্রশ্ন তুলেই হাইকোর্টে আবেদন জানানো হয়েছে। হাইকোর্ট কী নির্দেশ দেয় দেখার পরেই এখানে শুনানি শুরুর আবেদন জানান বিশ্বনাথবাবু। সেই আবেদনের ভিত্তিতেই শুনানি পিছিয়ে যায়।
প্রতারণায় অভিযুক্ত যুবক
নিজস্ব সংবাদদাতা • এগরা
বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত দেবাশিস গিরি এগরার ষড়রং গ্রামের বাসিন্দা। পশ্চিম মেদিনীপুরের সবংয়ের বছর বাইশের এক কিশোরীর অভিযোগের ভিত্তিতে পুলিশে ঘটনার তদন্ত শুরু করেছে। তবে অভিযুক্ত পলাতক। ওই কিশোরী জানিয়েছে, ২০১২ সালে তাঁর সঙ্গে পরিচয় হয়েছিল দেবাশিস গিরির। সেই পরিচয়ই ক্রমশ প্রণয়ে পরিণত হয়। এই সময়ই বিয়ের প্রতিশ্রুতি দেয় সে। ওই কিশোরীর সঙ্গে সহবাস করে দেবাশিস। পরে ওই কিশোরী বিয়ের কথা বললেই বেঁকে বসে সে। ওই কিশোরীর অভিযোগ, গত সোমবার দেবাশিসের বাড়িতে গেলে বিয়ে করতে অস্বীকার করে তাঁকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। এরপরই এগরা থানায় অভিযোগ জানান ওই কিশোরী।
শিক্ষিকার মারে জখম ছাত্র
নিজস্ব সংবাদদাতা • তমলুক
ক্লাসে দুষ্টুমি করায় শিক্ষিকার মারধরে ষষ্ঠ শ্রেনীর এক ছাত্রের জখম হওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের নন্দকুমার থানার চকশিমুলিয়া কামাক্ষ্যা বিদ্যাপীঠের ঘটনা। সৌরভ মাইতি নামে ওই ছাত্রকে নন্দকুমার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। ওই ছাত্রের বাবা গোকুল মাইতির অভিযোগ, “বৃহস্পতিবার দুপুরে স্কুলের ক্লাস চলাকালীন ভূগোল শিক্ষিকা সৌরভকে ব্যাপক মারধর করেন। সৌরভ গুরুতর জখমও হয়।” তাঁর আরও অভিযোগ, খবর পেয়ে স্কুলে গেলে ওই শিক্ষিকাও তাঁর সঙ্গেও দুর্ব্যবহার করেন।” তিনি স্কুলের প্রধান শিক্ষিকার কাছে এ বিষয়ে অভিযোগও দায়ের করেছেন। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার পড়িয়া ছাত্রকে মারধরের ঘটনার অভিযোগ স্বীকার করে বলেন, “এদিন স্কুলে পঞ্চম পিরিয়ডের ক্লাস চলার সময় ষষ্ঠ শ্রেণির ওই ছাত্র বেঞ্চির উপর পা তুলে বসেছিল। পা নামানোর জন্য একাধিকবার বলায় সে পা সরায় নি। সেইসময় ওই শিক্ষিকা লাঠি দিয়ে ছাত্রকে মারেন।” অভিযুক্ত শিক্ষিকার সঙ্গে যোগাযোগ করা যায়নি।
দুর্ঘটনায় জখম ৮
নিজস্ব সংবাদদাতা • তমলুক
জাতীয় সড়কে তেল ট্যাঙ্কারের সঙ্গে ট্যাক্সির ধাক্কায় আহত হলেন ৮ জন। বৃহস্পতিবার সকালে পূর্ব মেদিনীপুরের নন্দকুমার থানার শ্রীধরপুর চৌরাস্তায় হলদিয়া-মেচেদা ৪১ নম্বর জাতীয় সড়কের ঘটনা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে , এ দিন সকালে মহিষাদল থানার গাড়ুঘাটা এলাকা থেকে একদল পুণ্যার্থী একটি ট্যাক্সিতে চেপে তমলুক শহরের বর্গভীমা মন্দিরে পূজা দেওয়ার জন্য আসছিলেন । শ্রীধরপুর চৌরাস্তায় গোলাকার পার্কের কাছে বিপরীত দিক থেকে আসা একটি খালি তেল ট্যাঙ্কারেরে পেছনের অংশের সঙ্গে ট্যাক্সির ধাক্কা লাগে। ৮ জন জখম হয়ে স্থানীয় ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ও তমলুকে নার্সিংহোমে চিকিত্সাধীন রয়েছেন। পুলিশ জানিয়েছে, কী করে এমন দুর্ঘটনা ঘটল তা জানতে তদন্ত শুরু হয়েছে।
শ্রমিকদের সংগঠিত করতে উদ্যোগ
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর
অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের সংগঠিত করতে উদ্যোগী হল তৃণমূল। বৃহস্পতিবার বিড়ি শ্রমিকদের নিয়ে মেদিনীপুরে বৈঠক করেন আইএনটিটিইউসির জেলা নেতৃত্ব। ছিলেন জেলা তৃণমূলের সভাপতি দীনেন রায়। জেলার বিভিন্ন এলাকার শ্রমিক নেতারা বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে আলোচনার মাধ্যমে বিড়ি শ্রমিকদের জন্য নতুন একটি সংগঠনও তৈরি করা হয়। নাম দেওয়া হয়েছে, ‘পশ্চিম মেদিনীপুর জেলা প্রগতিশীল বিড়ি শ্রমিক ইউনিয়ন’। আগামী সেপ্টেম্বরে ইউনিয়নের উদ্যোগে মেদিনীপুরে এক কনভেনশন হতে পারে। যেখানে বিড়ি শ্রমিকদের বিভিন্ন দাবিদাওয়া- সমস্যা নিয়ে আলোচনা হবে। জেলায় ৪০- ৫০ হাজার বিড়ি শ্রমিক আছেন বলে জানান আইএনটিটিইউসি নেতৃত্ব। এঁদেরই সংগঠিত করার উদ্যোগ নিয়েছে তৃণমূল।
বধূর অপমৃত্যু
নিজস্ব সংবাদদাতা • এগরা
অপমৃত্যু হল এক গৃহবধূর। মৃতার নাম সোমা পাত্র (২২)। মঙ্গলবার পটাশপুর থানার শুকাখোলা মল্লিকপুর গ্রামের ঘটনা। বছর তিনেক আগে এগরা থানার বিদুরপুর গ্রামের বিশ্বজিত্ জানার মেয়ে সোমার সঙ্গে মল্লিকপুরের প্রভাংশু পাত্রের বিয়ে হয়। অভিযোগ, বিয়ের পর থেকেই পণের জন্য সোমাদেবীর উপর অত্যাচার চলত। গ্রামবাসীদের অভিযোগ, মঙ্গলবার রাতে শাশুড়ি ও স্বামীর হাতে অত্যাচারিত হওয়ার পর সোমদেবী কীটনাশক খান। মৃতার বাবা পটাশপুর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ মৃতার স্বামী ও শাশুড়িকে গ্রেফতার করেছে।
মিলল ক্যান বোমা-পিস্তল
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম
সোর্স মারফত খবর পেয়ে বৃহস্পতিবার লালগড়ের আজনাশুলি জঙ্গলে তল্লাশি চালিয়ে ক্যান বোমা ও দিশি পিস্তল উদ্ধার করল পুলিশ ও সিআরপি’র যৌথ দল। পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ভারতী ঘোষ জানান, লালগড়ের আজনাশুলি জঙ্গলে তল্লাশি চালিয়ে মাটিতে পোঁতা থাকা একটি ক্যান বোমা, ৩০ মিটার তার ও একটি দিশি পিস্তল উদ্ধার হয়েছে। পরে বম্ব স্কোয়াড এসে ক্যান বোমাটি নিষ্ক্রিয় করে দেয়। এ দিন গোপীবল্লভপুরের চিটামাটিয়া জঙ্গল থেকে চ্যালেঞ্জার মাইনের একটি মেটাল পাইপ উদ্ধার হয়েছে। কারা ওই ক্যানবোমা ও অস্ত্র পুঁতে রেখেছিল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।
পথ দুর্ঘটনায় মৃত্যু, ক্ষুব্ধ জনতার অবরোধ
পথ দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু ঘিরে বৃহস্পতিবার সকালে উত্তেজনা ছড়ায় মেদিনীপুর কোতয়ালি থানার অন্তর্গত জামতলা এলাকায়। ক্ষুব্ধ এলাকার মানুষ এক ঘন্টারও বেশি সময় ধরে কেশপুর- মেদিনীপুর রাজ্য সড়ক অবরোধ করে রাখেন। অবরোধের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। সড়কের দু’দিকে একের পর এক লরি- বাস সারি দিয়ে দাঁড়িয়ে পড়ে। পরে পুলিশ এলে অবরোধ ওঠে। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, এ দিন সকাল সাড়ে ছ’টা নাগাদ একটি ছোট লরি দুই সাইকেল আরোহীকে পিছন থেকে ধাক্কা মারে। সুকুমার সিংহের (৪২) ঘটনাস্থলেই মৃত্যু হয়। গুরুতর জখম হন হামিদ আলি। তাঁকে মেদিনীপুর মেডিক্যালে ভর্তি করা হয়। সুকুমারের বাড়ি বনপুরার পাটালৌইকায়। এ দিন সকালেও তিনি সাইকেলে করে যখন জামতলার দিকে আসছিলেন, তখনই আমড়াকুচির দিক থেকে আসা একটি ছোট লরি তাঁকে পিছন থেকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার পরই ক্ষুব্ধ এলাকার মানুষ পথ অবরোধ শুরু করেন। সাতসকালে অবরোধের জেরে দুর্ভোগে পড়েন বহু মানুষ।
মাছ বিক্রির সরঞ্জাম বিলি
চাষের ও মত্স্য বিক্রির উপযোগী সরঞ্জাম ভর্তুকি মূল্যে বিলি করল পঞ্চায়েত সমিতি। বৃহস্পতিবার বিকেলে দাঁতন-১ পঞ্চায়েত সমিতির সভাগৃহে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে ওই সরঞ্জাম বিলি করা হয়। এ দিন ব্লকের দুঃস্থ চাষিদের ২০টি ইলেকট্রিক মোটর, ৩৫টি পাম্পসেট, ২৫টি স্পেয়ার মেশিন ও ২৫টি ঝাড়াই মেশিন ভর্তুকি মূল্যে দেওয়া হয়। এছাড়াও মাছ বিক্রেতাদের ৮টি সাইকেল-সহ ইন্স্যুলেট বক্স, ১৯টি অ্যালুমিনিয়ামের মাছের হাঁড়ি-সহ বেশ কিছু সরঞ্জাম দেওয়া হয়। ছিলেন দাঁতন-১ ব্লকের বিডিও জ্যোতি ঘোষ, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি জার্মান সাহা, মত্স্য কর্মাধ্যক্ষ সঞ্চিতা চন্দ, কৃষি কর্মাধ্যক্ষ দুর্গাশঙ্কর মিশ্র, দাঁতন ভট্টর কলেজের সভাপতি বিক্রম প্রধান প্রমুখ।
চক্ষুদানের অঙ্গীকার
মেদিনীপুর ডিস্ট্রিক্ট চেম্বার অব কমার্স এণ্ড ইণ্ডাস্ট্রিজের উদ্যোগে চক্ষুদান ও রক্তদান শিবিরের আয়োজন করা হল বৃহস্পতিবার। মেদিনীপুর শহরের শ্যামসঙ্ঘ ভবনের এই অনুষ্ঠানে ১০ জন মরণোত্তর চক্ষুদান করেন। ৬০ জন রক্তদান করেছেন। এ দিন চক্ষুদান ও রক্তদানের গুরুত্ব নিয়েও আলোচনা করেন বিশিষ্ট ব্যক্তিরা। সংগঠনের মেদিনীপুর শহর সম্পাদক চন্দন রায় বলেন “মৃত্যুর পরেও চোখ দিয়ে অন্যের উপকার করতেই সদস্যরা চক্ষুদানও করেন।”
সিলিন্ডার আটক, ধৃত
গ্যাসভর্তি ২৪টি সিলিন্ডার এবং একটি পিক আপ ভ্যান আটক করল চন্দ্রকোনার পুলিশ। গ্যাস পাচারের অভিযোগে শেখ বেসরত আলি এবং হবিবুর রহমানকে গ্রেফতারও করেছে পুলিশ। পুলিশ সূত্রের খবর, ধৃত দু’জনেরই বাড়ি কেশপুর থানা এলাকার মহিষগেড়িয়া এবং ফিরাজপুর গ্রাম
বৃহস্পতিবার থেকে মেদিনীপুর শহরে ২১ তম স্ট্রেংথ লিফটিং চ্যাম্পিয়নশিপ (সিনিয়র) শুরু হয়েছে। চলবে আগামী রবিবার পর্যন্ত।
এ দিন বিদ্যাসাগর হলে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা তৃণমূল সভাপতি দীনেন রায়।—নিজস্ব চিত্র।
খড়্গপুরে চলছে পুজো মণ্ডপ তৈরির কাজ।