কাল থেকে মুখভার থাকবে আকাশের

আন্দামান সাগরে নিম্নচাপটির জেরে দক্ষিণবঙ্গের আবহাওয়া আগামী কাল, শুক্রবার থেকে খারাপ হতে শুরু করবে বলে জানাল আলিপুর হাওয়া অফিস।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০১৬ ০৩:৪১
Share:

আন্দামান সাগরে নিম্নচাপটির জেরে দক্ষিণবঙ্গের আবহাওয়া আগামী কাল, শুক্রবার থেকে খারাপ হতে শুরু করবে বলে জানাল আলিপুর হাওয়া অফিস।

Advertisement

উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে আলিপুর হাওয়া অফিসের আবহবিদেরা জানাচ্ছেন, আন্দামান সাগরের নিম্নচাপটি এক দিকে যেমন শক্তি বাড়াচ্ছে, তেমনই তা উঠে আসছে অন্ধ্রপ্রদেশ-ওড়িশা উপকূলের দিকে। ফলে আজ, বৃহস্পতিবার থেকেই অন্ধ্রপ্রদেশ উপকূলে সমুদ্র অশান্ত হতে শুরু করবে। সেখানে মৎস্যজীবীদর গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে।

আবহবিদেরা জানাচ্ছেন, সমুদ্রের জলের তাপমাত্রা যে ভাবে বেড়ে চলেছে, তাতে নিম্নচাপটি অতি দ্রুত ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে। সেই আশঙ্কা থেকেই আগামী চার দিনের আবহাওয়ার পূর্বাভাস জারি করেছে দিল্লির মৌসম ভবন। তাতে বলা হয়েছে, শনিবার থেকে ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলে আবহাওয়া খারাপ হবে। শনিবার থেকে ওড়িশা ও পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের তাই গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে।

Advertisement

আবহবিদেরা জানাচ্ছেন, শুক্রবার থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকার আবহাওয়া মেঘলা হবে। শনিবার থেকে রাজ্যের উপকূলবর্তী এলাকায় শুরু হবে বৃষ্টি। রবিবার গোটা দক্ষিণবঙ্গ জুড়েই ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। উপকূল এলাকায় বইতে পারে ঝোড়ো হাওয়া। তবে ঝড়বৃষ্টির পরিমাণ কেমন হবে তা নির্ভর করবে আগামী দু’দিনে নিম্নচাপ কতটা শক্তি সঞ্চয় করতে পারল তার উপরে।

তবে বুধবার রাত পর্যন্ত নিম্নচাপের যা গতিপ্রকৃতি, তাতে ঘূর্ণিঝড় তৈরি হলে তা অন্ধ্রের উপকূল দিয়ে স্থলভূমিতে আঘাত করার সম্ভবনাই সব থেকে বেশি। ঘূর্ণিঝড়ের শক্তি আরও বাড়লে তা প্রবল ঘূর্ণিঝড় হিসেবে ওড়িশা উপকূলে আঘাত করতে পারে বলেও আশঙ্কা করছেন আবহবিদরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement