অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার হওয়া গয়না। —নিজস্ব ছবি।
গৃহস্থের বাড়ি লুট করে ট্রেনে উঠে পালানোর ছক ছিল। তবে পরিকল্পনা ভেস্তে দিল রেলপুলিশ। বিহারের তিন দুষ্কৃতী ধরা পড়ল পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া রেলস্টেশন চত্বরে।
রেলপুলিশ সূত্রে খবর, কোনও একটি বা একাধিক বাড়িতে চুরি করেছিল তিন জনের একটি দল। মঙ্গলবার তারা ট্রেন ধরতে যায় পাঁশকুড়া স্টেশনে। তিন যুবকের হাবভাব দেখে সন্দেহ হয় কর্তব্যরত রেলপুলিশের কর্মীদের। তাঁরা জিজ্ঞাসাবাদ করেন। তাতে তিন জনের বক্তব্যে অসঙ্গতি ধরা পড়ে। এর পর তিন জনকেই আটক করা হয়।
অভিযুক্তদের কাছ থেকে নগদ টাকা এবং বেশ কিছু সোনা এবং রুপোর গয়না মেলে। এ ছাড়াও বেশ কিছু যন্ত্রপাতি উদ্ধার হয়েছে। মনে করা হচ্ছে, ওগুলো দিয়ে চুরি, ছিনতাইয়ের কাজ করত তিনমূর্তি।
রেল সূত্রে খবর, অভিযুক্তদের বাড়ি বিহারে। জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে তিন জনের নাম মহম্মদ রাজ, মহম্মদ আমন এবং মহম্মদ কাইফ। বয়স ২৪ থেকে ২৫ বছরের মধ্যে। রাজ পটনার সুলতানগঞ্জের বাসিন্দা। আমন থাকে পটনার দরগা রোডে এবং কাইফের বাড়ি সাহাগঞ্জে। ধৃত তিন জনকেই জেলা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য জানার চেষ্টায় পুলিশ।