সামনেই বিধানসভা ভোট। তার আগে তৃণমূলের সঙ্গে জোট সম্ভাবনা উস্কে দিলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। বুধবার মেদিনীপুর শহরের বিদ্যাসাগার হলে জমিয়তে উলেমায়ে হিন্দের এক কর্মিসভায় উপস্থিত ছিলেন সিদ্দিকুল্লা চৌধুরী। সভায় তিনি জানিয়ে দেন, “কংগ্রেস-সিপিএমের জোট মানুষ মেনে নেবে না। বরং কংগ্রেস তৃণমূলের সঙ্গে জোট করুক।’’ রাজ্য সরকারের কাজে সন্তোষ প্রকাশ করে সিদ্ধিকুল্লাহ বলেন, ‘‘বর্তমান সরকারের কাজে খুশি। জোট নিয়ে আলোচনাও চলছে। আলোচনা ফলপ্রসূ হলে জোট হবে। আমরা তৃণমূলের সঙ্গে জোট করলে, কংগ্রেস-সিপিএম জোট তৃণমূলকে সামান্য ধাক্কাও দিতে পারবে না।”
তৃণমূলের অনেক আগেই জমিয়তে উলেমায়ে হিন্দ নন্দীগ্রাম আন্দোলনে যোগ দিয়েছিল বলে এ দিন দাবি করেন সিদ্দিকুল্লাহ। তাঁর কথায়, “আমাদের অনেক পরে সেই আন্দোলনে যোগ দেন সাংসদ শুভেন্দু অধিকারী। কিছু নকশাল ছেলেও আমাদের এই কাজে সাহায্য করেছিল।” তিনি বলেন, ‘‘নন্দীগ্রাম থেকেই তৃণমূলের উত্থান এবং তৃণমূল এখন সরকারে। সিদ্দিকুল্লাহ সেখানে সুযোগ পাননি।’’ তার জন্য তাঁর আক্ষেপ নেই বলেও জানান তিনি।