পুকুরের গার্ডওয়াল ভেঙে পড়ায় শো-কজ ঠিকাদারকে

মাস খানেক আগে রাস্তা তৈরির জন্য পুকুর পাড়ে নির্মিত গার্ডওয়াল ভেঙে পড়ায় শো-কজ করা হল ঠিকাদারকে। ঘাটাল পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডে গম্ভীরনগরের মিশ্র পাড়ায় এই ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের দাবি, নির্মাণের কয়েকমাসের মধ্যে সরকারি অর্থে নির্মিত গার্ডওয়াল ভেঙে পড়ার কারণ তদন্ত করে দেখতে হবে।

Advertisement

নিজস্ব সংবাদাদতা

শেষ আপডেট: ৩০ অগস্ট ২০১৪ ০০:২৬
Share:

মাস খানেক আগে রাস্তা তৈরির জন্য পুকুর পাড়ে নির্মিত গার্ডওয়াল ভেঙে পড়ায় শো-কজ করা হল ঠিকাদারকে। ঘাটাল পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডে গম্ভীরনগরের মিশ্র পাড়ায় এই ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের দাবি, নির্মাণের কয়েকমাসের মধ্যে সরকারি অর্থে নির্মিত গার্ডওয়াল ভেঙে পড়ার কারণ তদন্ত করে দেখতে হবে। ঘাটালের বিজেপি নেতা রামপদ দে বলেন, “প্রাথমিক ভাবে আমরা জানতে পেরেছি, ওয়ার্ক অর্ডারে উল্লেখিত মালপত্র না দিয়ে নিম্নমানের মাল দিয়ে কাজ হওয়ায় এই বিপত্তি ঘটেছে। আমরা পুরো ঘটনার তদন্তের দাবিতে দ্রুত আন্দোলনে নামব।” যদিও তৃণমূল পরিচালিত ঘাটাল পুরসভার বিভাস ঘোষ বলেন, “পুরসভার পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে। সংশ্লিষ্ট ঠিকা সংস্থাকে শো-কজও করা হয়েছে।”

Advertisement

পুরসভা ও স্থানীয় সূত্রের খবর, সম্প্রতি ঘাটাল শহরের আড়গোড়া থেকে শুকচন্দ্রপুর রাস্তা যাওয়ার পথে ডান দিকে শহরের গম্ভীরনগরের মিশ্র পাড়া থেকে দত্ত পাড়া পর্যন্ত একটি ঢালাই রাস্তা তৈরির কাজের অনুমোদন হয়েছে। প্রাথমিক ভাবে, ওই রাস্তা তৈরির জন্য পুকুর পাড়ে একটি গার্ডওয়াল তৈরির জন্য ৩ লক্ষ ২০ হাজার টাকা মঞ্জুর হয়। আচমকা ওই দেওয়াল ভেঙে যাওয়ায় পুরসভার কাজের মান নিয়ে প্রশ্ন উঠছে। ওই ঘটনায় বন্ধ রয়েছে রাস্তার কাজও। গার্ডওয়ালের অংশ ভেঙে পড়ায় পাশের মোরাম রাস্তা দিয়ে স্থানীয়দের চলাচলে সমস্যা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক একা বাসিন্দার কথায়, “এই কাজেই প্রমাণ হয়ে গেল, পুরসভার অন্যান্য কাজ কেমন হচ্ছে। আর এর থেকে এটাও বোঝা হচ্ছে, প্রতিটি কাজে ঠিকাদারদের সঙ্গে পুরবোর্ডের একাংশের কতটা গোপন আঁতাতে উন্নয়ন হয়। অবিলম্বে ওই গার্ডওয়ালের পুনর্নির্মাণের দাবিতে পুর কর্তৃপক্ষের কাছে স্মারকলিপিও দেওয়া হয়েছে। পুরসভার উপ-পুরপ্রধান উদয়শঙ্কর সিংহরায় বলেন, “ইতিমধ্যেই আমরা সিদ্ধান্ত নিয়েছি, সংশ্লিষ্ট ঠিকাদারকেই ফের ওই দেওয়াল তৈরি করে দিতে হবে। শো-কজের উত্তর পাওয়ার পর, ওই ঠিকাদার সংস্থাকে পুরসভার অন্য কাজ দেওয়া হবে কি না-সেবিষয়ে ভেবে দেখা হবে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement