বৈঠকে মহকুমাশাসক। —নিজস্ব চিত্র।
ভারী বৃষ্টিতে প্রায় প্রতি বছরই জলমগ্ন হয়ে পড়ে ঘাটাল মহকুমার বিভিন্ন এলাকা। প্রয়োজনে জলমগ্ন এলাকার বাসিন্দাদের পাশে থাকার জন্য প্রশাসন প্রস্তুত রয়েছে বলে খবর। সোমবার এই সংক্রান্ত এক বৈঠকে উপস্থিত ছিলেন ঘাটালের মহকুমাশাসক রাজনবীরসিংহ কাপুর, বিভিন্ন ব্লকের বিডিও-সহ জনপ্রতিনিধিরা। মহকুমাশাসক রাজনবীরসিংহ কাপুর বলেন, “টানা দু’দিন বৃষ্টির জেরে জলাধারগুলি থেকে জল ছাড়লেই ঘাটালের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ে। ভারী বৃষ্টির দরুন ঘাটালের বাসিন্দারা যাতে কোনও সমস্যায় না পড়েন সে জন্য সব রকম প্রস্তুতি শুরু হয়েছে।’’ প্রশাসন সূত্রে খবর, ইতিমধ্যেই উন্নতমানের নৌকো, স্পিডবোট তৈরি রাখা হয়েছে। খোলা হয়েছে কন্ট্রোল রুমও। আগাম সতর্কতা নিয়েছে সেচ দফতরও। সেচ দফতর সূত্রে খবর, মাস খানেক আগেই ঘাটালের একাধিক নদীবাঁধের উপর দিয়ে ভারী যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। দুর্বল বাঁধগুলির উপর বালির বস্তা দিয়ে নদীর পাড় মজবুত করার কাজও হয়েছে। মহকুমা সেচ আধিকারিক উত্তম হাজরা বলেন, “দিবা-রাত্রি কন্ট্রোল রুম খোলা রয়েছে। বাঁধগুলিতে রাতে পাহারা দেওয়াও শুরু হয়েছে।”