সি জোসেফ বিজয়। — ফাইল চিত্র।
তামিলনাড়ুর টিভিকে সরকার বেশি দিন স্থায়ী হবে না বলে মনে করেন ডিএমকে প্রধান তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন।
নিজের দল টিভিকে-র ১০৭টি আসন, কংগ্রেস, বামপন্থীদের ছাড়াও আস্থা ভোটে ২৫ জন বিদ্রোহী এডিএমকে বিধায়কের সমর্থন পেয়েছে সি জোসেফ বিজয়ের সরকার। ডিএমকে সূত্রের দাবি, বাইরে থেকে সরকারকে সমর্থন করা ভিসিকে, সিপিআই, সিপিএম, আইইউএমএল যদি সমর্থন প্রত্যাহার করে অথবা বিধানসভার স্পিকার বা আদালতের তরফে বিদ্রোহী এএডিএমকে বিধায়কদের অযোগ্য ঘোষণা করা হয়, তা হলে রাজ্যে রাজনৈতিক অস্থিরতা তৈরি হতে পারে। গত কাল দলের জেলা সম্পাদকদের সঙ্গে বৈঠকে স্ট্যালিন বলেন, ‘‘যে কোনও সময় এই সরকার পড়ে যেতে পারে। তাই নির্বাচনের জন্য প্রস্তুত থাকতে হবে।’’ সিপিএম আজ বলেছে, এডিএমকে-র কোনও গোষ্ঠী বিজয়ের সরকারের অংশ হলে তা জনগণের রায়ের পরিপন্থী হবে।
বিতর্ক বাড়িয়েছেন বিজয় নিজেও। গত কাল ছিল নিহত এলটিটিই প্রধান ভেলুপিল্লাই প্রভাকরণের মৃত্যুবার্ষিকী। শ্রীলঙ্কার মুল্লিভৈক্কল জেলায় সংঘর্ষে নিহত হয়েছিলেন প্রভাকরণ। গত কাল বিজয় এক্স হ্যান্ডলে লেখেন, ‘মুল্লিভৈইক্কলের স্মৃতি আমরা বহন করে চলছি।’ দীর্ঘদিনের জোটসঙ্গী ডিএমকে-র হাত ছেড়ে এ বার বিজয়ের হাত ধরেছে কংগ্রেস। সেই বিজয়ের এমন পোস্টের পরে কংগ্রেস তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে কটাক্ষ করে বিজেপি নেতা অমিত মালবীয় বলেছেন, প্রভাকরণের এলটিটিই ছিল রাজীব গান্ধীর হত্যাকারী। যদিও টিভিকে সূত্রের দাবি, বিজয়ের মন্তব্য শুধু প্রভাকরণের মৃত্যু নিয়ে নয়, শ্রীলঙ্কায় হাজার হাজার তামিলের গণহত্যার প্রসঙ্গেও ছিল।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে