—প্রতিনিধিত্বমূলক চিত্র।
বাস দুর্ঘটনায় প্রাণ হারালেন এক যুবক। অভিযোগ, ওই যুবককে রাস্তায় প্রায় ৩০০ মিটার টেনে নিয়ে যায় বাসটি। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় ওই যুবকের। শনিবার সন্ধ্যায় এই দুর্ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের রানিনগর থানার কূপতলায়।
জানা গিয়েছে, সাগরপাড়া থেকে শেখপাড়ার দিকে যাচ্ছিল একটি যাত্রীবোঝাই বাস। কূপতলা এলাকায় বাসটি সামান্য গতি কমালে তার পিছনে ওঠার চেষ্টা করেন রেন্টু শেখ নামে স্থানীয় এক যুবক। কিন্তু বাসটি গতি বাড়াতেই তাল সামলাতে পারেননি তিনি। পড়ে যান রাস্তায়। তবে তাঁর পরনে থাকা পোশাকের অংশ আটকে যায় বাসের বাম্পারের সঙ্গে। সেই অবস্থায় তাঁকে টেনে ৩০০ মিটার নিয়ে যায় বাসটি।
স্থানীয়দের নজরে আসতেই তাঁরা চিৎকার শুরু করেন। বিষয়টি বুঝতে পেরে কিছুটা পথ গিয়ে বাস দাঁড় করিয়ে দেন চালক। গুরুতর আহত অবস্থায় রেন্টুকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান স্থানীয়েরা। প্রথমে রানিনগরের গোধনপাড়া ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসক। তবে বহরমপুরে পৌঁছোনোর আগে তাঁর মৃত্যু হয়।
ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। পরিস্থিতি বেগতিক বুঝে বাস নিয়ে পালিয়ে যান চালক। তবে পরে বাসটি আবার রানিনগর থানার কাছে রেখে এলাকা ছাড়েন তিনি। পুলিশ ঘাতক বাসটি বাজেয়াপ্ত করেছে। তবে চালকের খোঁজ এখনও মেলেনি।