মুকুটমণি অধিকারী। — ফাইল চিত্র।
নোটিস পাওয়ার ৩০ মিনিটের মধ্যে খুলে দিতে হবে ফ্ল্যাট। পুলিশ সূত্রে খবর, এই মর্মেই শনিবার রাতে রানাঘাট দক্ষিণ বিধানসভার প্রাক্তন তৃণমূল বিধায়ক মুকুটমণি অধিকারীকে নোটিস পাঠানো হয়েছিল। পুলিশ সূত্রের দাবি, নোটিসের কোনও জবাব না মেলায় তাঁর তিনটি ফ্ল্যাট সিল করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত ১০টা নাগাদ মুকুটমণিকে ইমেল করে নোটিস পাঠানো হয়। প্রাক্তন বিধায়ককে পুলিশের পক্ষ থেকে বলা হয়, নোটিস পাওয়ার ৩০ মিনিটের মধ্যে ফ্ল্যাটের তালা খুলতে হবে। না–হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়েছেন বিজেপি বনগাঁ সাংগঠনিক জেলা কমিটির সহ–সভাপতি সব্যসাচী মুখোপাধ্যায়। তিনি শনিবার কল্যাণী থানায় মুকুটমণির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগপত্রে তিনি দাবি করেছেন, কল্যাণীর তিনটি ফ্ল্যাট মুকুটমণি অধিকারী ও ওই আবাসনের প্রোমোটার গৌরাঙ্গ সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। তাঁদের সন্দেহ, ফ্ল্যাটগুলিতে প্রচুর সরকারি ত্রাণসামগ্রী মজুত করে রাখা হয়েছে। তার জন্য ওই ফ্ল্যাটগুলিতে তল্লাশি করা হোক। প্রোমোটার গৌরাঙ্গকে পুলিশের তরফে নোটিস পাঠানো হয়েছে।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে মুকুটমণিকে আনন্দবাজার ডট কমের তরফে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। বিধানসভা ভোটের আগে কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের সঙ্গে বৈঠক করতে দেখা যায় মুকুটমণিকে। পরবর্তীতে বিধানসভা নির্বাচনে তাঁকে আর প্রার্থী করেনি তৃণমূল। স্থানীয়দের দাবি, তৃণমূলের প্রার্থিতালিকা প্রকাশিত হওয়ার পরে কল্যাণীর ফ্ল্যাটে মুকুটমণিকে আর দেখা যায়নি। পুলিশ সূত্রে খবর, পরবর্তী আইনানুগ প্রক্রিয়ার জন্য প্রাক্তন বিধায়ককে পুলিশের তরফে সহযোগিতা করতে বলা হয়েছে। যদিও প্রাক্তন বিধায়কের পক্ষ থেকে এখনও কোনও উত্তর পাওয়া যায়নি।