পবিত্র কর, নন্দীগ্রামের পরাজিত তৃণমূল প্রার্থী। ছবি: সংগৃহীত।
৪ মে রাজ্যের মসনদ থেকে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ধাক্কা খেয়েই চলেছে তৃণমূল। যাঁকে দলে যোগদান করিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রার্থী করেছিল তৃণমূল, সেই পবিত্র করই ইস্তফা দিলেন বয়াল পঞ্চায়েতের সদস্যপদ থেকে। পদত্যাগ করেছেন তাঁর স্ত্রী শিউলি করও। ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে নন্দীগ্রাম ২ ব্লকের বয়াল ১ গ্রাম পঞ্চায়েতের ১২ নম্বর বুথে বিজেপির টিকিটে জয়ী হন পবিত্র। তবে ২০২৬ সালে ১৭ মার্চ তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার দিন সকালে কলকাতায় এসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগদান করেন। বিকেলেই কালীঘাট থেকে তাঁর নাম নন্দীগ্রামের প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়।
বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেও পঞ্চায়েতের সদস্যপদ ছাড়েননি তিনি। শুভেন্দু এ বিষয়ে সরব হয়েছিলেন। নন্দীগ্রামে ৯,৬৬৫ ভোটে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীর কাছে পরাজিত হন পবিত্র।
এ বার পঞ্চায়েতের সদস্যপদ ছেড়ে দিলেন পবিত্র। তাঁর স্ত্রী শিউলিও একই গ্রাম পঞ্চায়েত এলাকার ৭ নম্বর বুথ থেকে বিজেপির সদস্য ছিলেন তিনি। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে বয়াল ১ নম্বর অঞ্চলের প্রধানের কাছে দু’জনেই পঞ্চায়েতের সদস্যপদ থেকে ইস্তফা দিয়েছেন। তবে তারা তৃণমূল ছাড়ছেন কি না, এ বিষয়ে এখনও কিছুই জানাননি। কেন তিনি পদত্যাগ করেছেন? এই বিষয়ে জানতে পবিত্রের মোবাইল নম্বরে ফোন করা হলেও, জবাব মেলেনি।