Rashmika Mandanna-Vijay Deverakonda wedding

বিয়ের মঙ্গলসূত্র থেকে শাড়ি! নানা লোকের পরামর্শ এড়িয়ে নিজের মনের কোন কথা শোনেন রশ্মিকা?

প্রিয়া আরও জানান, রশ্মিকা ও বিজয় শুরু থেকেই নাকি ঠিক করেছিলেন যে, তাঁদের বিয়ে যেন অন্য তারকাদের মতো একই স্রোত অনুসরণ না করে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ মে ২০২৬ ২১:৩৮
Share:

রশ্মিকা-বিজয় চেয়েছিলেন ‘অন্য রকম’ বিয়ে! ছবি: সংগৃহীত।

রশ্মিকা মন্দানা এবং বিজয় দেবরকোন্ডার বিয়ের সাজ এবং আড়ম্বর মুগ্ধ করেছিল তাঁদের অনুরাগীদের। ২৬ ফেব্রুয়ারি উদয়পুরে পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে বিয়ে করেন তাঁরা। বিয়ের পর থেকেই তাঁদের বিয়ের নানা খুঁটিনাটি নিয়ে ভক্তদের মধ্যে আলোচনা হয়। বিশেষ করে তাঁদের পোশাক, গয়না এবং রীতিনীতি নিয়ে অনেকেরই আগ্রহ ছিল।

Advertisement

বিয়ের সাজসজ্জার নেপথ্যে ছিল রশ্মিকারই অবদান। সম্প্রতি রশ্মিকা-বিজয়ের বিবাহ অনুষ্ঠান-ব্যবস্থাপক (ওয়েডিং প্ল্যানার) প্রিয়া মগান্তি রশ্মিকার বিয়ের খুঁটিনাটি নিয়ে কথা বলেছেন। তিনি জানান, রশ্মিকা নাকি নিজের মঙ্গলসূত্র নিজেই ডিজ়াইন করেছিলেন। প্রিয়ার কথায়, “এর থেকে রশ্মিকার নিজস্ব পছন্দ এবং আলাদা রুচির পরিচয় পাওয়া যায়।”

প্রিয়া আরও জানান, রশ্মিকা ও বিজয় শুরু থেকেই নাকি ঠিক করেছিলেন যে, তাঁদের বিয়ে যেন অন্য তারকাদের মতো একই স্রোত অনুসরণ না করে। কোনও রকম ট্রেন্ডের স্রোতে গা ভাসাতে চাননি তাঁরা। পোশাক থেকে গয়না— সব কিছুতেই তাঁরা নিজেদের পছন্দকে গুরুত্ব দিয়েছেন। সমাজমাধ্যমে কী জনপ্রিয় সেটা নয়, বরং যেটা তাঁদের ভাল লাগে, সেটাই বেছে নিয়েছেন।

Advertisement

রশ্মিকার বিয়ের শাড়িও সমাজমাধ্যমে আলোচনার বিষয় হয়ে উঠেছিল। সাধারণত তারকা কনেদের লাল, আইভরি বা প্যাস্টেল রঙের শাড়ি পরতে দেখা যায়। কিন্তু রশ্মিকা কমলা রঙের শাড়ি পরতে চেয়েছিলেন। প্রিয়া জানান, অনেক পোশাকশিল্পীই তাঁকে অন্য রং পরার পরামর্শ দিয়েছিলেন। কারণ, কমলা রংকে কনের জন্য খুব একটা প্রচলিত মনে করা হয় না। তখন প্রিয়াও রশ্মিকাকে নিজের মনের কথাই শুনতে বলেছিলেন। তিনি বলেন, “তুমি যদি কমলা রং পরতে চাও, তা হলে সেটাই পরো। অন্য কেউ বলছে বলে লাল বা সাদা পরার দরকার নেই।”

রশ্মিকা এবং বিজয়ের বিয়ে তেলুগু ও কোডাভা রীতিনীতি মেনে সম্পন্ন হয়। বিয়েতে রশ্মিকার সাজের সঙ্গে বিজয়ের সাজ দেখেও মুগ্ধ হয়েছিলেন অনুরাগীরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement