Israel-Hamas Conflict

গাজ়ামুখী ত্রাণবাহী নৌবহরের কর্মীদের হেনস্থাকে কটাক্ষ করে ভিডিয়ো! বিতর্কে নেতানিয়াহু সরকারের মন্ত্রী গাভির

সমাজমাধ্যমে বুধবার রাতে গাভির যে ভিডিয়ো প্রকাশ করেছেন তাতে দেখা যাচ্ছে, গাজ়াগামী আন্তর্জাতিক নৌবহর থেকে আটক হওয়া প্রায় ৪৩০ জন কর্মীকে হাতকড়া পরা অবস্থায় একটি অস্থায়ী কেন্দ্র ও জাহাজের ডেকে হাঁটু মুড়ে বসিয়ে রাখা হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ মে ২০২৬ ২২:০৩
Share:

(বাঁ দিকে) বেঞ্জামিন নেতানিয়াহু এবং ইতামার বেন-গাভির (ডান দিকে)। —ফাইল চিত্র।

গাজ়ামুখী ত্রাণবাহী নৌবহরের (ফ্লোটিলা) কর্মীদের নির্যাতনের ভিডিয়ো সমাজমাধ্যমে পোস্ট করে কূটনৈতিক ক্ষোভ উসকে দিলেন ইজ়রায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন-গাভির! ইজ়রায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের অন্দরে ‘কট্টর দক্ষিণপন্থী’ হিসাবে পরিচিত গাভির ওই বিতর্কিত ভিডিয়োয় নির্যাতিতদের নিয়ে উপহাস করায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন দেশ।

Advertisement

সমাজমাধ্যমে বুধবার রাতে গাভির যে ভিডিয়ো প্রকাশ করেছেন তাতে দেখা যাচ্ছে, গাজ়াগামী আন্তর্জাতিক নৌবহর থেকে আটক হওয়া প্রায় ৪৩০ জন কর্মীকে হাতকড়া পরা অবস্থায় একটি অস্থায়ী কেন্দ্র ও জাহাজের ডেকে হাঁটু মুড়ে বসিয়ে রাখা হয়েছে। তাঁদের মধ্যে অনেকে মাথা নিচু করে রয়েছেন। ইজ়রায়েলি সেনার হাতে আটক ওই আন্তর্জাতিক ত্রাণকর্মীদের নিয়ে গাভিরের উপহাসমূলক মন্তব্যও রয়েছে ভিডিয়োতে।

ভিডিয়োতে ত্রাণকর্মীদের উদ্দেশ্যে গাভিরকে বলতে শোনা যায়, ‘‘বড় বীর সেজে এখানে এসেছিল, এখন তাদের অবস্থা দেখুন।’’ একই সঙ্গে ধৃতদের দীর্ঘ সময় জেলে আটকে রাখার পক্ষেও সওয়াল করেন। ইতিমধ্যেই ইজ়রায়েলি সেনার বিরুদ্ধে আন্তর্জাতিক ত্রাণকর্মীদের নির্যাতন করার অভিযোগ উঠেছে। কয়েক জনের হাড় ভেঙেছে বলে অভিযোগ। গুরুতর আহত তিন জনকে হাসপাতালেও ভর্তি করানো হয়েছিল। ব্রিটেন, কানাডা, জার্মানি, নেদারল্যান্ডস, স্পেন, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া এবং নিউ জ়িল্যান্ড নেতানিয়াহু সরকারকে নিশানা করেছে। কয়েকটি ইজ়রায়েলি সংবাদমাধ্যম জানাচ্ছে, নেতানিয়াহুরও দলের অন্দরে গাভিরের মন্তব্য নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement