NKDA

৪৪এ রুটের বাস চলাচলের সমস্যা মিটল প্রশাসনিক হস্তক্ষেপে, পার্কিংয়ের অনুমতি দিয়ে পরিষেবা বহাল রাখল এনকেডিএ

সিটি সাবার্বান বাস সার্ভিসেসের রুট নম্বর ৪৪/৪৪এ-র সর্বোচ্চ চারটি বাস দিনে ‘নবদিগন্ত ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপের স্ট্রিট নম্বর ০৯-এ পার্ক করতে পারবে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:২৬
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

নবদিগন্ত শিল্পাঞ্চলে বাস পার্কিং ঘিরে সিটি সাবার্বান বাস সার্ভিসেস ও একটি বেসরকারি সংস্থার মধ্যে তৈরি হওয়া বিতর্কে হস্তক্ষেপ করল নবদিগন্ত ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ অথরিটি (এনকেডিএ)। ১৩ ফেব্রুয়ারি জারি হওয়া এক চিঠিতে কর্তৃপক্ষ জানিয়েছেন, সিটি সাবার্বান বাস সার্ভিসেসের রুট নম্বর ৪৪/ ৪৪এ-র সর্বোচ্চ চারটি বাস দিনে ‘নবদিগন্ত ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপের স্ট্রিট নম্বর ০৯-এ পার্ক করতে পারবে, এবং এর জন্য কোনও পার্কিং ফি দিতে হবে না।

Advertisement

এই মর্মে চিঠি পাঠানো হয়েছে রিজিয়োনাল ট্রান্সপোর্ট অথরিটি, কলকাতা রিজিয়নের সচিবকে। উল্লেখ্য, রুট ৪৪/ ৪৪এ রুটের পরিচালনাকারী সিটি সাবার্বান বাস সার্ভিসেস এবং একটি বেসরকারি সংস্থার মধ্যে পার্কিং সংক্রান্ত বিষয়ে মতবিরোধ তৈরি হয়েছিল। সেই প্রেক্ষিতেই প্রশাসনিক ভাবে বিষয়টি পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। কারণ ৪৪এ রুটের বেসরকারি বাসটি সেক্টর ফাইভ থেকে হাওড়ার মধ্যে যাত্রী পরিষেবা দিয়ে থাকে। প্রায় ৩০টি বাস এই রুটে চলাচল করে। কিন্তু পার্কিং নিয়ে গোলমালের জেরে গত দু’সপ্তাহ যাবত বাস পরিষেবা ব্যাহত হচ্ছিল। তাই বিধাননগর পুলিশ, এনকেডিএ এবং বাস ইউনিয়নের মধ্যে এ বিষয়ে বৈঠক হয়। তারপরেই এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে সিদ্ধান্ত জানিয়ে দিল এনকেডিএ।

চিঠির প্রতিলিপি পাঠানো হয়েছে বিধাননগর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগের ডেপুটি কমিশনারকে। প্রশাসনের এই সিদ্ধান্তে আপাতত বিরোধের নিষ্পত্তি হবে বলেই মনে করা হচ্ছে। তবে ভবিষ্যতে পরিস্থিতি অনুযায়ী নতুন নির্দেশিকা জারি হতে পারে বলে ইঙ্গিত মিলেছে সংশ্লিষ্ট মহল থেকে। সিটি সার্বাবন বাস সার্ভিসেসের তরফে টিটো সাহা বলেন, ‘‘আমরা আমাদের অসুবিধার কথা প্রশাসনকে জানিয়েছিলাম। বাস পরিষেবা বন্ধ হয়ে গেলে সাধারণ মানুষের কি পরিমাণ অসুবিধা হবে, তাও সবপক্ষই উপলব্ধি করেছে। কিন্তু শেষমেশ বাসগুলিকে পার্কিংয়ের জায়গা দিয়েছেন এনকেডিএ কর্তৃপক্ষ, তাই যাত্রী পরিষেবা দিতে আমাদের আর সমস্যা হওয়ার কথা নয়।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement