গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
শুনানির আগে মালদহের মোথাবাড়িকাণ্ডে মোট তিন জনকে গ্রেফতার করল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। আইএসএফের এক নেতার পরে এ বার দুই কংগ্রেস নেতাকে পাকড়াও করেছেন তদন্তকারীরা। ধৃতদের নাম শাহদাত হোসেন এবং আসিফ শেখ।
পুলিশের একটি সূত্রে খবর, রবিবার জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছিল মালদহের দুই কংগ্রেস নেতাকে। তাঁদের বক্তব্যে অসঙ্গতি মেলে। তার পরেই গ্রেফতার করা হয়েছে দু’জনকে। এর আগে গোলাম রব্বানি নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। এমনকি, মোথাবাড়ি বিধানসভার কংগ্রেস প্রার্থী সায়েম চৌধুরীকেও দীর্ঘ ক্ষণ জিজ্ঞাসাবাদ করেছে এনআইএ। পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।
মালদহের মোথাবাড়িতে এসআইআরের কাজ করার সময় বিচারকদের আটক করে রাখার ঘটনায় শীর্ষ আদালতের নির্দেশে কলকাতার সিবিআই বিশেষ আদালতে ১২টি এফআইআর দায়ের করেছে জাতীয় তদন্তকারী সংস্থা। এনআইএ সূত্রে জানা গিয়েছে, মামলা দায়ের করা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতার খুনের চেষ্টা, অন্যায় ভাবে আটক করা, বেআইনি জমায়েত, বেআইনি জমায়েত সরাতে গেলে সরকারি কর্মীদের উপর হামলা, সরকারি কর্মীদের কাজে বাধা দেওয়া, সরকারি কর্মীদের আদেশ অমান্য করা, সরকারি কর্মীকে মারধর, সরকারি সম্পত্তি ভাঙচুর, অপরাধমূলক ভীতি প্রদর্শন, দীর্ঘ সময় জাতীয় সড়ক আটকে রেখে বেআইনি অবরোধ করার ধারায়।