West Bengal Lockdown

চালের বদলে... ‘বেফাঁস’ মন্তব্য বিডিও-র

বিক্ষোভের মুখে পড়ে তিনি ওই বেফাঁস মন্তব্য করে বসেন। বিডিও-র ওই মন্তব্যের ভিডিয়ো দ্রুত ছড়ায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২০ ০৫:০৫
Share:

বিতর্কে: ভিডিয়োর একটি দৃশ্য। নিজস্ব চিত্র

‘‘চালের বদলে আমার কিডনি নিয়ে যাও"— সোমবার দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর ব্লকের বিডিও-র এমনই কথার একটি ভিডিয়ো ছড়াল (তার সত্যতা যাচাই করেনি আনন্দবাজার)। স্থানীয় সূত্রে খবর, এ দিন একদল মহিলা চালের দাবিতে বিডিও অফিসে গিয়ে বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, পুরনো কার্ডে রেশন মিলছে না। খাদ্য কুপনও তাঁরা পাননি। রেশন দোকান থেকে চাল না পেয়ে সঙ্কটে পড়েছেন।

Advertisement

ভিড় সামলাতে হরিরামপুর বিডিও অফিসের লোহার গেট বন্ধ করে দেওয়া হয়। পরিস্থিতি সামাল দিতে পৌঁছন বিডিও শ্রীমান বন্দোপাধ্যায়। অভিযোগ, বিক্ষোভের মুখে পড়ে তিনি ওই বেফাঁস মন্তব্য করে বসেন। বিডিও-র ওই মন্তব্যের ভিডিয়ো দ্রুত ছড়ায়। ভিডিয়ো-য় শোনা যায়, বিক্ষোভকারীদের বিডিও বলছেন, ‘‘চালের বদলে আমার কিডনি নিয়ে যাও।’’ বিডিও ওই বিষয়ে মুখ খুলতে চাননি। জেলাশাসক নিখিল নির্মল বলেন, ‘‘হরিরামপুরে রেশন ব্যবস্হা নিয়ে কোনও সমস্যা নেই। নতুন ডিজিটাল কার্ড যাঁদের নেই, তাঁদের তালিকা তৈরি করে রেশন থেকে খাদ্যসামগ্রী দেওয়ার প্রক্রিয়া চলছে। তালিকা তৈরির কাজ শেষ হলেই ওই সমস্ত বাসিন্দা খাদ্যসামগ্রী পাবেন।’’ তবে ওই ভিডিয়ো তিনি দেখেননি বলে জানান জেলাশাসক। এ বিষয়ে কোনও মন্তব্যও করেননি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement