টুকরো খবর

গনিখান চৌধুরীর নবম মৃত্যুবার্ষিকী পালিত হল মালদহে। মঙ্গলবার সকালে ইংরেজবাজারের কোতুয়ালি ভবনে তাঁর মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দক্ষিণ মালদহের সাংসদ আবু হাসেম খান চৌধুরী, সাংসদ তথা জেলা কংগ্রেসের সভানেত্রী মৌসম নূর সহ কংগ্রেসের বিধায়কেরা। একই সঙ্গে বরাবরের মতো এ বারও ইংরেজবাজারের মুক্তমঞ্চের সামনে গনিখানের মূর্তিতে মালা দেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন দফতরের মন্ত্রী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী।

Advertisement
শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০১৫ ০৩:০০
Share:

মৃত্যু দিবসে স্মরণ গনিখানকে
নিজস্ব সংবাদদাতা • মালদহ

Advertisement

গনিখান চৌধুরীর নবম মৃত্যুবার্ষিকী পালিত হল মালদহে। মঙ্গলবার সকালে ইংরেজবাজারের কোতুয়ালি ভবনে তাঁর মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দক্ষিণ মালদহের সাংসদ আবু হাসেম খান চৌধুরী, সাংসদ তথা জেলা কংগ্রেসের সভানেত্রী মৌসম নূর সহ কংগ্রেসের বিধায়কেরা। একই সঙ্গে বরাবরের মতো এ বারও ইংরেজবাজারের মুক্তমঞ্চের সামনে গনিখানের মূর্তিতে মালা দেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন দফতরের মন্ত্রী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী। কৃষ্ণেন্দুবাবু বলেন, ‘‘বরকতদা ছিলেন মালদহের রূপকার। তিনি এই জেলার উন্নয়নের কথা ভাবতেন সব সময়। মৃত্যুদিনে এই মহান নেতার মূর্তিতে প্রতিবারের মতো এবারও মালা দিয়েছি।’’ সকাল ১০টা নাগাদ কংগ্রেসের জেলা কার্যালয় হায়াত ভবনে বরকতের মৃ্ত্যু বার্ষিকী উপলক্ষে একটি অনুষ্ঠান হয়। তার পর বেলা সাড়ে ১১টা নাগাদ শহর কংগ্রেসের উদ্যোগে ইংরেজবাজারের রথবাড়িতে গণিখানের মূর্তিতে মালা দেন সাংসদ আবু হাসেম খান। উপস্থিতি ছিলেন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক নরেন্দ্রনাথ তিওয়ারি, বিধায়ক ইশা খান চৌধুরী সহ কংগ্রেসের একাধিক নেতা নেত্রী। পুরাতন মালদহ পুরসভাতেও একটি অনুষ্ঠান করেন ব্লক কংগ্রেস নেতারা। সেই অনুষ্ঠানে যোগ দেন সাংসদ মৌসম নূর, বিধায়ক ভুপেন্দ্র নাথ হালদার। আবু হাসেম খান বলেন, ‘‘এদিনটি আমাদের কাছে দুঃখের। বরকতদা মালদহের উন্নয়নে যে স্বপ্ন দেখতেন, তা পুরণ করার চেষ্টা করছি আমরা।’’

Advertisement

ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি
নিজস্ব সংবাদদাতা • মালদহ

ওষুধ ব্যবসায়ীর বাড়িতে ঢুকে তাঁর বৃদ্ধা মার গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে লুঠপাট চালাল দুষ্কৃতীরা। টের পেয়ে দোতলা থেকে ওই ব্যবসায়ী চিৎকার শুরু করলে পালিয়ে যায় ডাকাতদল। যাওয়ার আগে বাড়ি লক্ষ করে বেশ কয়েকটি বোমা ছোড়ে তারা। সোমবার গভীর রাতে মালদহ জেলার মানিকচক থানার চৌকি মিরজাঁদপুরে এই ঘটনা ঘটে। রাতেই ঘটনাস্থলে যায় মানিকচক থানার পুলিশ। চৌকি মিরজাঁদপুরের ঠাকুর পাড়ার বাসিন্দা দেশব্রত ঠাকুর। ইংরেজবাজারে একটি ওষুধের দোকান রয়েছে তাঁর। বাড়ির দোতলায় স্ত্রী সুজাতা ও ছেলে সক্ষমকে নিয়ে থাকেন তিনি। নীচতলায় থাকেন বৃদ্ধা মা আভাদেবী। সোমবার রাত সাড়ে বারোটা নাগাদ সাত থেকে আট জনের একটি দুষ্কৃতী দল পাঁচিল টপকে ঘরে ঢুকে পড়ে। আভাদেবী চিৎকার করতে গেলে তাঁর গলায় ধারাল অস্ত্র ঠেকিয়ে লুঠপাট শুরু করে তারা। মারধরও করা হয় বছর সত্তরের এই বৃদ্ধাকে। পরিবারের লোকেদের দাবি, আলমারি ভেঙে আভাদেবীর কাছ থেকে প্রায় চার ভরি সোনার অলঙ্কার ও নগদ ২০ হাজার টাকা লুঠ করে দুষ্কৃতীরা। দোতলা থেকে শব্দ পেয়ে চিৎকার শুরু করেন দেশব্রতবাবু ও তাঁর স্ত্রী সুজাতাদেবী। বেগতিক দেখে পালিয়ে যায় দুষ্কৃতীরা। যাওয়ার সময় বেশ কয়েকটি বোমাও ছোড়ে তারা। বাসিন্দারাই মানিকচক হাসপাতালে নিয়ে গিয়ে আভাদেবীর প্রাথমিক চিকিৎসা করান। মালদহের পুলিশ সুপার প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘তদন্ত শুরু হয়েছে।’’

গণপিটুনি
নিজস্ব সংবাদদাতা • মালদহ

এক তরুণীকে উত্ত্যক্ত করার অভিযোগে এক যুবককে বেধড়ক মারধর করলেন এলাকার মানুষ। মঙ্গলবার সকাল ১০টা নাগাদ ইংরেজবাজারের ৫ নম্বর ওয়ার্ডের পিরোজপুর এলাকায় এই ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে অভিযুক্তকে উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। এদিন বিকেলে ওই যুবককে হাসপাতাল থেকে থানায় নিয়ে আসে পুলিশ। পুলিশ জানিয়েছে, ওই যুবকের বাড়ি পুরাতন মালদহের নিত্যানন্দপুর গ্রামে। সে পুলিশকে জানিয়েছে, মেডিক্যাল কলেজ লাগোয়া এলাকায় একটি কাঠের দোকানে কাজ করে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে ওই যুবক মোটর বাইক নিয়ে ইংরেজবাজারের পিরোজপুরে গিয়ে এক তরুণীকে কুপ্রস্তাব দেয় বলে অভিযোগ। তাঁর হাত ধরেও টানাটানি করে। মেয়েটি চিৎকার শুনে এলাকার লোকজন ছুটে গেলে অভিযুক্তকে ধরে ফেলে মারধর শুরু করে কেউ কেউ। যোগ দেন মহিলারাও। ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর তৃণমূলের রমাপ্রসাদ বন্দ্যোপাধ্যায় অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেন। তিনি বলেন, ‘‘উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আবেদন করেছি।’’ অভিযুক্ত দাবি করেছে, ‘‘কোনও খারাপ কাজ করিনি।’’

জন্মদিবস পালন
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি

অম্বেডকরের জন্মবার্ষিকী পালন করল উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের অনসূচিত জাতি এবং জনজাতি রেল কর্মচারী সংগঠনের নিউ জলপাইগুড়ি শাখা। মঙ্গলবার সকালে সংগঠনের তরফে অম্বেডকরের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়। এ দিন সংগঠনের নিউ জলপাইগুড়ি শাখার দ্বিতীয় কার্যালয়ের উদ্বোধন করা হয়। সংগঠনের সদস্যদের মধ্যে সমন্বয় বাড়িয়ে নানা সামাজিক কাজে উদ্যোগী হওয়ার বার্তা দেওয়া হয় বলে জানানো হয়েছে।

শুরু বিহু
নিজস্ব সংবাদদাতা • ধুবুরি

ধুবুরিতে শুরু হলো অসমের প্রধান উৎসব রঙ্গালি বিহু। ধুবুরি কেন্দ্রীয় রঙ্গালি বিহু উদ্‌যাপন সমিতির উদ্যোগে মঙ্গলবারর ধুবুরি শহরের রাজা প্রভাতচন্দ্র বড়ুয়া খেলার মাঠে পালিত হয় উৎসব। সকালে রঙ্গালি বিহুর সূচনা করেন ধুবুরির জেলাশাসক তথা ধুবুরি বিহু উদযাপন সমিতির সভাপতি নজরুল ইসলাম।

সিসি ক্যামেরা বসানো নিয়ে চিঠি ওয়াকফ বোর্ডে

পুলিশের অনুরোধ মেনে উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন মসজিদে সিসি ক্যামেরা বসানো হবে কি না, তা জানতে চেয়ে রাজ্য ওয়াকফ বোর্ডের কাছে চিঠি পাঠালেন ওয়াকফ বোর্ড মনোনীত জেলা ইমাম প্রতিনিধি মৌলানা মহম্মদ মোফিজুদ্দিন। মঙ্গলবার করণদিঘির রসাখোয়া এলাকায় জেলা ইমাম কার্যালয়ে জেলার নটি ব্লকের সরকারি ভাতাপ্রাপ্ত ইমাম ও মোয়াজ্জেমদের নিয়ে বৈঠক করেন মোফিজুদ্দিনবাবু। ওই বৈঠকে সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী এরপর তিনি ওয়াকফ বোর্ডের চেয়ারম্যানের কাছে চিঠি পাঠান। মোফিজুদ্দিন বলেন, ‘‘নিরাপত্তার স্বার্থে পুলিশ জেলার নটি ব্লকের বিভিন্ন মসজিদ কর্তৃপক্ষকে সিসি ক্যামেরা বসানোর অনুরোধ করেছে। পুলিশের অনুরোধকে আমরা স্বাগত জানিয়েছি। যেহেতু জেলার সমস্ত মসজিদ ওয়াকফ বোর্ডের অধীনে রয়েছে, তাই বোর্ডের চেয়ারম্যানের অনুমতি ছাড়া আমাদের পক্ষে মসজিদগুলিতে সিসি ক্যামেরা বসানো সম্ভব নয়।’’ ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান আব্দুল গনি জানান, উত্তর দিনাজপুরের সরকারি ভাতাপ্রাপ্ত ইমামদের একাংশ বিষয়টি তাঁকে ফোন করে জানিয়েছেন। রাজ্য সরকার তাঁকে চিঠি পাঠিয়ে জেলার মসজিদগুলিতে সিসি ক্যামেরা বসানোর অনুরোধ করলে বোর্ডের তরফে মসজিদ কর্তৃপক্ষকে নিরাপত্তার স্বার্থে উপযুক্ত নির্দেশ দেওয়া হবে। রায়গঞ্জ ব্লকের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষদের সঙ্গে বৈঠক করে প্রতিষ্ঠানগুলিতে সিসি ক্যামেরা বসানোর জন্য অনুরোধ করে জেলা পুলিশ। রায়গঞ্জ থানায় আয়োজিত ওই বৈঠকে হাজির ছিলেন ব্লকের বিভিন্ন এলাকার প্রায় ৮০টি মন্দির কর্তৃপক্ষ-সহ মসজিদ ও গির্জার ১৫০ জন ফাদার ও ইমাম। পরে জেলা পুলিশ সুপার সৈয়দ ওয়াকার রেজা জানান, ‘‘সরকারি নির্দেশে নিরাপত্তার স্বার্থে জেলার নটি ব্লকের সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠান কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে সিসি ক্যামেরা বসানোর অনুরোধ করা হবে।’’

দাদাকে খুনে অভিযুক্ত ভাই

পারিবারিক বিবাদের জেরে দাদাকে লাঠি দিয়ে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছে ভাইয়ের বিরুদ্ধে। মালদহের হরিশ্চন্দ্রপুর থানার মালিওর-২ গ্রাম পঞ্চায়েতের বাঘুয়া এলাকায়। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, মৃতের নাম আয়ুব আলি (৫০)। ঘটনার পরেই অভিযুক্ত ভাই সপরিবারে এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছে। হরিশ্চন্দ্রপুরের আইসি বাবিন মুখোপাধ্যায় বলেন, ‘‘অভিযুক্তকে ধরতে তল্লাশি চলছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।’’ পুলিশ সূত্রে জানা গিয়েছে, আয়ুব আলি ও তার ভাই আব্দুল জব্বারের পাশাপাশি বাড়ি। সোমবার বিকেলে মাঠে লাঠিখেলা করছিল আয়ুবের ছেলে আব্দুল মালেক ও আব্দুল জাব্বারের ছেলে কাশিম আখতার। ওই সময় কাশিম মালেককে হাঁসুয়া দিয়ে আঘাত করে বলে অভিযোগ। আহত মালেককে হরিশ্চন্দ্রপুর হাসপাতালে ভর্তি করানো হলেও চিকিৎসার পরে রাতেই ছেড়ে দেওয়া হয়। তা নিয়েই এ দিন সকালে দুই পরিবারে বিবাদ বাধে। বিবাদের সময় ভাই জাব্বার লাঠি দিয়ে দাদাকে বেধড়ক মারধর করে বলেও অভিযোগ। গুরুতর জখম অবস্থায় আয়ুবকে প্রথমে হরিশ্চন্দ্রপুর হাসপাতাল ও সেখান থেকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালে পৌঁছেই তার মৃত্যু হয়।

হাতির হামলা চালসা বাগানে

দুই দাঁতালের হামলায় পাঁচটি শ্রমিক আবাস ভাঙল চা বাগানে। গত সোমবার গভীর রাতে ডুয়ার্সের চালসা চা বাগানে ঘটনাটি ঘটে। বাগানের পাকা লাইনে মূর্তি নদী পেরিয়ে দুটি দাঁতাল ঢুকে পড়ে। বাগানে ঢুকেই শ্রমিক মহল্লায় চলে আসে বুনো দুটি। পাঁচটি শ্রমিক আবাসে আংশিক ক্ষতি করলেও হাতির হামলায় কেউ জখম হননি। ভোরের আগেই ফের মূর্তি নদী পেরিয়ে হাতি দুটি চাপড়ামারির জঙ্গলে ঢুকে পড়ে। উল্লেখ্য, এর আগে চালসা চা বাগান লাগোয়া ইনডং চা বাগানে হাতির দল হামলা চালিয়ে বাগানের সেচের জন্যে ব্যবহৃত লক্ষাধিক টাকার লোহার পাইপ বেঁকিয়ে দিয়েছিল।

শিশুকন্যাকে ধর্ষণ, ধৃত

চার বছরের শিশুকন্যাকে ধর্ষণ করার অভিযোগ উঠল ডুয়ার্সের নাগরাকাটায়। সোমবার রাতে নাগরাকাটা ব্লকের হিলা চা বাগানে দিদার বাড়িতে মা বাবার সঙ্গে বেড়াতে গিয়েছিল শিশুটি। সেখানেই পড়শি এক যুবক তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। নাগরাকাটার পুলিশ সোমবার গভীর রাতেই দীপেন্দ্র ছেত্রী নামের অভিযুক্ত যুবককে গ্রেফতারও করে। এ দিকে সোমবার রাতেই রক্তাক্ত অবস্থায় শিশুটিকে মালবাজার হাসপাতালে নিয়ে আসা হলে সেখান থেকে তাকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ভ্রম সংশোধন

মঙ্গলবার এই সংস্করণের ১৬ পাতায় প্রকাশিত শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার বিষয়ক খবরে ভুলবশত ‘ম্যানেজার গ্রেফতার’ বলে শিরোনামে লেখা হয়েছে। ম্যানেজারের সঙ্গে ঘটনার কোনও সম্পর্ক নেই। ম্যানেজার গ্রেফতার হওয়ার প্রশ্নও নেই। গ্রেফতার হন বাগানের ম্যানেজিং ডিরেক্টর। ওই খবরে ভুলবশত এটাও লেখা হয়েছে এমডি বাগানের আবাসনেই থাকেন। এমডি কর্মসূত্রে গেলে বাগানে থাকেন। অনিচ্ছাকৃত ওই ত্রুটির জন্য আমরা দুঃখিত ও ক্ষমাপ্রার্থী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement