হিমুলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি
কর্মীদের বকেয়া পিএফ না মেটানোয় প্যাকেটজাত দুধ সরবরাহকারী সংস্থা হিমূলের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ‘সিজ’ করে দিলেন প্রফিডেন্ট ফান্ড কর্তৃপক্ষ। সোমবার পিএফ কর্তৃপক্ষের তরফে ওই ব্যবস্থা নেওয়া হয়। তার পরেই মাটিগাড়ার খাপরাইল এলাকায় একটি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কে থাকা ওই অ্যাকাউন্টটি সিজ হয়েছে বলে ব্যাঙ্কের তরফে হিমূল কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হয়েছে। এর আগে গত ৩০ মে হিমূলের অপর পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্টও সিজ করে দিয়েছিলেন পিএফ কর্তৃপক্ষ। এই অবস্থায় দুধ সরবরাহকারীদের টাকা মেটানো নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এতে আজ, বৃহস্পতিবারের পর হিমূলের দুধ বাজারে মিলবে কি না তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। এই প্রসঙ্গে হিমূলের চেয়ারম্যান তথা জেলাশাসক পুনীত যাদব বলেন, “বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।” দীর্ঘদিন ধরেই প্রায় ১ কোটি ২৫ লক্ষ টাকা বকেয়া নিয়ে হিমূল কর্তৃপক্ষকে সতর্ক করছিল পিএফ কর্তৃপক্ষ। এই বছরের গোড়ায় ৬৭ লক্ষ টাকা দ্রুত মেটানোর কথা বলা হয়। তা না হওয়ায় ৩০ মে সংস্থার ৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিজ করে দেওয়া হয়। এর পরে রাজ্য প্রাণী সম্পদ দফতরের তরফে ওই টাকা বকেয়া মেটানো হবে বলে জানানো হয়। অর্থ দফতরের অনুমোনের জন্য তা পাঠানো হয়। যদিও এখন তা বাস্তবায়িত হয়নি। এই অবস্থায় অর্থাভাব, সরবরাহকারীদের বকেয়া মেটানো নিয়ে হিমসিম খাচ্ছেন হিমূল কর্তৃপক্ষ। পাশাপাশি, সংস্থার একাংশ উচ্চ পদস্থ আধিকারিকেরা গোটা বিষয়টি নিয়ে উদাসীন বলেও অভিযোগ উঠেছে।
পাহাড়ে মেগা লোক আদালত
নিজস্ব সংবাদদাতা • দার্জিলিং
বকেয়া ফোন বিল সংক্রান্ত সমস্যার নিষ্পত্তি করতে দার্জিলিঙে মেগা লোক আদালতের আয়োজন করেছেন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ। ৩১ অগস্ট দার্জিলিং জেলা আদালত চত্বরে ওই লোক আদালত বসবে। দার্জিলিং পুর এলাকার বাসিন্দা ১৫৬০ জন গ্রাহকের বিল সংক্রান্ত সমস্যা লোক আদালতে মেটানো হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন। ২০০৭ সাল থেকে যাদের বিল বকেয়া রয়েছে, এমন গ্রাহকদের লোক আদালতে ডেকে পাঠানো হয়েছে। বিএসএনএল সূত্রের খবর, পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে ২০০৮ সালের অগস্ট থেকে ২০১১ সালের জুলাই মাস পর্যন্ত গোর্খা জনমুক্তি মোর্চার আন্দোলন চলে। সে সময়েই বিদ্যুৎ, টেলিফোন বিল ‘বয়কটে’র ডাক দেয় মোর্চা। লোক আদালতে যে গ্রাহকদের ডাকা হয়েছে তাঁদের সিংহভাগের বকেয়া বিল-ই সে সময়কার বলে বিএসএনএল সূত্রে জানা গিয়েছে। বিএসএনএল কর্তৃপক্ষ জানিয়েছে দার্জিলিং সহ অনান্য এলাকা মিলিয়ে টেলিফোনের মোট বকেয়া বিলের পরিমাণ অন্তত ১০ কোটি টাকা। ২০১১ সালে রাজ্যে তৃণমূল সরকার ক্ষমতায় এসে মোর্চার সঙ্গে জিটিএ চুক্তি করে। সে সময় থেকে বিল মেটানোর উপর ‘বয়কট’ তুলে নেয় মোর্চা। বকেয়া বিল মকুব করার দাবিতে রাজ্য সরকারকে বিভিন্ন সময়ে দাবিও জানায় মোর্চা নেতারা। তবে বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলতে থাকায় অবশেষে আইনি পরিষেবা কর্তৃপক্ষ উদ্যোগী হয়েছেন। যদিও শুধু মোর্চার আন্দোলন চলাকালীন সময়কালের নয়, তার আগের থেকেও যাদের বিল বকেয়া রয়েছে, সেই গ্রাহকদেরও লোক আদালতে ডাকা হয়েছে।
জঙ্গপানা খুলতে বৈঠক ১২ই
নিজস্ব সংবাদদাতা • দার্জিলিং
জঙ্গপানা চা বাগান খুলতে আগামী ১২ অগস্ট ফের ত্রিপাক্ষিক বৈঠক ডেকেছে শ্রম দফতর। শিলিগুড়ির যুগ্ম শ্রম কমিশনারের দফতরে বৈঠক হবে। ইতিমধ্যে দু’টি বৈঠক হয়ে গেলেও বাগানের অচলাবস্থা কাটার কোনও সমাধানসূত্র মেলেনি। এক কর্মী নিয়োগকে কেন্দ্র করে গত মাসের মাঝামাঝি সময়ে মোর্চা প্রভাবিত শ্রমিক সংগঠনের সঙ্গে মালিকপক্ষের বিরোধের সূত্রপাত হয়। নিয়োগ বাতিলের দাবিতে শ্রমিকদের কাজে আসতে বাধা দেওয়া থেকে শুরু করে, শ্রমিক সংগঠনের একাংশ নেতা-কর্মী নিয়মিত হুমকি দিচ্ছে বলে অভিযোগ তুলে গত ৩১ জুলাই বাগানে ‘সাসপেনশন অব ওয়ার্কে’র নোটিশ ঝুলিয়ে দেয় মালিকপক্ষ। তারপর থেকেই বাগানে অচলাবস্থার শুরু। কার্শিয়াঙের সহ শ্রম আধিকারিক সঞ্জু সিম্মিক এ দিন বলেন, “আলোচনার মাধ্যমেই বাগানের অচলাবস্থা কাটবে বলে আশা করছি। আগামী ১২ অগস্ট ফের বৈঠক হবে। দ্রুত এই বৈঠকের চিঠি পাঠানো হবে।” গত রবিবার কার্শিয়াঙের মহকুমা শাসকের দফতরে জঙ্গপানা চা বাগান নিয়ে প্রথম বৈঠক হয়। তারপরের দিন মহকুমা শাসকের দফতরেই শ্রম কমিশনারের ডাকা ত্রিপাক্ষিক বৈঠক হয়েছে। আগামী বৈঠকে মালিকপক্ষের প্রতিনিধিত্ব করার কথা জানিয়েছেন দার্জিলিং টি অ্যসোসিয়েশনের প্রধান উপদেষ্টা সন্দীপ মুখোপাধ্যায়। বুধবার তিনি বলেন, “আমাদের যা দাবি এবং প্রস্তাব তা আগেই বলা হয়েছে।”
সিদ্ধেশ্বরী ইন্সটিটিউশনের সমস্যা মিটল
নিজস্ব সংবাদদাতা • চাঁচল
মালদহের চাঁচলের সিদ্ধেশ্বরী স্কুলের সমস্যা মিটে গিয়েছে বলে জানিয়েছেন জেলা বিদ্যালয় পরিদর্শক আশিস চৌধুরী। পরিচালন সমিতির নোটিস ছেঁড়ার অভিযোগে শতবর্ষপ্রাচীন ওই স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানিয়েছিলেন স্কুল কর্তৃপক্ষ। অভিযোগ প্রত্যাহারের দাবিতে শিক্ষকদের একাংশের ক্লাশ বয়কট করে আন্দোলনে নামেন। পঠনপাঠন ব্যাহত হয় স্কুলে। সমস্যা মেটাতে শিক্ষক, পরিচালন সমিতির সদস্যদের নিয়ে বৈঠক করলেন জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) আশিসবাবু। মঙ্গলবার বিকেল থেকে রাত ৭টা পর্যন্ত টানা ৩ ঘণ্টা ধরে ওই বৈঠক হয়। তিনি শিক্ষকদের পাশাপাশি পরিচালন সমিতির প্রত্যেক সদস্যদের ক্ষোভ-বিক্ষোভের কথা শোনেন। আশিসবাবু বলেন, “প্রত্যেকের কথা শুনেছি। সমস্যা মিটে গিয়েছে। স্কুলের ঐতিহ্য যাতে বজায় থাকে তা দেখা সবার দায়িত্ব। রাগের বশে এক শিক্ষক খাতা ছিঁড়ে ফেলেছিলেন। তিনি দুঃখপ্রকাশ করেছেন। কর্তৃপক্ষকে তাঁর বিরুদ্ধে অভিযোগ তুলে নেওয়ার কথা বলেছি।”
আধিকারিক ঘেরাও
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি
চা শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি-সহ ৬ দফা দাবিতে উত্তরবঙ্গের যুগ্ম শ্রম আধিকারিক মহম্মদ রিজওয়ানকে এক ঘন্টা ঘেরাও করে রাখল তৃণমূল সমর্থিত তরাই ডুয়ার্স প্ল্যান্টেশন ওয়ার্কার্স ইউনিয়নের সদস্যরা। বুধবার শিলিগুড়ির শ্রম আধিকারিকের কার্যালয়ে দুপুর দু’টো নাগাদ ঘেরাও শুরু হয়। শ্রম আধিকারিকের আশ্বাস পেয়ে তাঁরা ঘেরাও তুলে নেন। যুগ্ম শ্রম আধিকারিক বলেন, “দাবিগুলি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব।” সংগঠনের সাধারণ সম্পাদক সন্দীপ নন্দী জানান, মূলত বটলিফ কারখানাগুলি কারখানা আইন মানছে না। ফলে বঞ্চিত হচ্ছে শ্রমিকরা। এছাড়া ইএসআই, প্রভিডেন্ড ফান্ড সহ অন্যান্য সুবিধার দাবি জানানো হয়েছে। এই দিন মালদহ বাদে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে প্রায় এক হাজার শ্রমিক হাজির ছিলেন।
শ্লীলতাহানিতে অভিযুক্ত শিক্ষক
নিজস্ব সংবাদদাতা • মালদহ
বাড়িতে পড়ানোর সময়ে এক ছাত্রীর শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছে হাই স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে। লিখিত অভিযোগ পেয়ে পুলিশ তাঁর বিরুদ্ধে মামলা করেছে। মঙ্গলবার ইংরেজবাজার থানার নতুন মহেশপুর এলাকায় ওই ঘটনাটি ঘটে। অভিযুক্ত শিক্ষক বাড়িতে তালা মেরে সপরিবার গা ঢাকা দিয়েছে। জেলা পুলিশ সুপার প্রসূন বন্দোপাধ্যায় বলেন, “প্রাথমিক তদন্তে শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের সত্যতা প্রমাণিত হয়েছে।” জেলা পুলিশ সূত্রে জানা যায়, জহুরাতলা হাইস্কুলের শিক্ষক বিশ্বময় পাল নতুন মহেশপুরের বাড়িতে কোচিং করান। মঙ্গলবার অষ্টম ও নবম শ্রেণির দুই ছাত্রী বিজ্ঞান পড়তে যায়। অষ্টমের ওই ছাত্রীর দাবি পড়ানোর পর শিক্ষক সবাইকে ছেড়ে দিয়ে তার গায়ে হাত দেন। ছাত্রীর চিৎকারে স্থানীয় লোকজন এসে ওই শিক্ষককে মারধর করে।
নিশিগঞ্জ বাজারের ১২টি দোকান ছাই
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার
পুড়ে গেল ১২টি দোকান। বুধবার ঘটনাটি ঘটে কোচবিহারের নিশিগঞ্জ নতুন বাজারে। দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, প্রতিদিনের মতো এ দিন দুপুরে সবাই দোকান বন্ধ করে বাড়ি চলে যান। বিকাল সাড়ে ৩টা নাগাদ ওই বাজারে ধোঁয়া বার হতে দেখে বাসিন্দারা হইচই শুরু করেন। দমকল পৌঁছনোর আগে ১২টি দোকান পুড়ে যায়। বিক্ষোভ দেখান ব্যবসায়ীরা।
বেঞ্চ চালুর আর্জি
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি
হাইকোর্টের সার্কিট বেঞ্চ দ্রুত চালু করার আর্জি নিয়ে বুধবার আইনমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের সঙ্গে বৈঠক করলেন জলপাইগুড়ি জেলা তৃণমূল সভাপতি সৌরভ চক্রবর্তী। নবান্নে আইনমন্ত্রীর সঙ্গে তিনি দেখা করেছেন বলে জানান। তাঁর সঙ্গে ছিলেন জলপাইগুড়ি বার অ্যাসোসিয়েশন সম্পাদক অভিনন্দন চৌধুরী। সৌরভবাবু বলেন, “আইনমন্ত্রী জানান ২০১৫ জুন মাসের মধ্যে জলপাইগুড়ি শহরে হাইকোর্টের সার্কিট বেঞ্চ চালু হবে।”
কাঠ পাচারে ধৃত
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি
কাঠ পাচারের অভিযোগে ধরা হল এক ব্যক্তিকে। বুধবার বৈকণ্ঠপুর বনবিভাগে শালুগাড়া রেঞ্জের কর্মীরা পিকআপ ভ্যান, ১১টি সেগুন কাঠের লগ বাজেয়াপ্ত করে পাঁচমাইল থেকে। বন দফতর সূত্রের খবর, ধৃতের নাম ধনে ভুজেল। ধৃত ব্যক্তি কালিম্পঙের বাসিন্দা। পিকআপ ভ্যানটি বিহারের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। রেঞ্জার স্বপন মাঝি বলেন, “উদ্ধার হওয়া কাঠের বাজার মূল্য প্রায় সাত লক্ষ টাকা। ধৃতকে জেরা করে চক্রটির হদিস করার চেষ্টা করা হচ্ছে।”
মজুরি নিয়ে বৈঠক
নিজস্ব সংবাদদাতা • মালবাজার
আজ, বৃহস্পতিবার চা শ্রমিকদের নতুন মজুরি চুক্তি নিয়ে ফের ত্রিপাক্ষিক বৈঠক হবে শিলিগুড়ির উত্তরকন্যায়। দুপুর ১২টা থেকে শ্রম দফতরের ডাকা বৈঠকে মালিকপক্ষ এবং ২৫টিরও বেশি চা শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। গত ৩১ মার্চ তিন বছরের চুক্তি শেষ হয়েছে। এর আগে তিনটি বৈঠক হলেও তা ফলপ্রসূ হয়নি।
বেহাল জল সরবরাহ
জল সরবরাহের পাইপ লাইন জরাজীর্ণ। পাইপের ফুটো দিয়ে নোংরা জল মিশছে। কোথাও কল দিয়ে জল পড়ছে না। আবার কোথাও অনবরত জল পড়েই চলেছে। পানীয় জল সরবারহের এমনই অবস্থা আলিপুরদুয়ারের কুমারগ্রাম ব্লকে। জলে নোংরা মিশে ব্লকে সংক্রমণও শুরু হয়েছে বলে অভিযোগ। জনস্বাস্থ্য কারিগরি দফতর সূত্রে জানা গিয়েছে, রাস্তা সংস্কারের কাজ করার সময় বেশ কিছু এলাকায় পাইপ ফুটো হয়ে যায়। আধিকারিকদের অভিযোগ, বাসিন্দাদের একাংশ নিজেরা পাইপ ফুটো করে অবৈধ ভাবে জলের সংযোগ নেওয়ার ফলেও জলে নোংরা মিশছে। চ্যাংমারি, পাগলাহাট, হলদিবাড়ি সহ কিছু এলাকার বাসিন্দাদের অগভীর নলকূপ ও কূয়োর অপরিস্রুত জলের উপর নির্ভর করা ছাড়া উপায় নেই বলে অভিযোগ। যার জেরে বাদিন্দারা নিয়মিত পেটের রোগ সহ অন্য জলবাহিত রোগে আক্রান্ত হয়ে পড়ছেন। কুমারগ্রাম গ্রাম পঞ্চায়েত প্রধান নির্মল বর্মন বলেন, “জনস্বাস্থ্য কারিগরি দফতরকে দ্রুত সমস্যা সমাধানের আর্জি জানিয়েছি।” এলাকায় অন্তত ১০ হাজার বাসিন্দার বসবাস। পানীয় জলের সমস্যা মেটাতে বছর পনেরো আগে জনস্বাস্থ্য কারিগরি দফতর পাইপের মাধ্যমে জল সরবরাহ শুরু করেন। রক্ষণাবেক্ষণের অভাবে কয়েক বছরের মধ্যে বেশীর ভাগ এলাকায় জল সরবরাহ নিয়ে অভিযোগ উঠতে শুরু করে। দ্রুত এ সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন বাসিন্দারা। জনস্বাস্থ্য কারিগরি দফতরের মহকুমা সহকারি বাস্তুকার আশিস গঙ্গোপাধ্যায় বলেন, “অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে সমস্যা মেটানো হবে।”
পলিটেকনিকে আন্দোলন
রায়গঞ্জ পলিটেকনিক কলেজের শিক্ষার পরিকাঠামো উন্নয়ন-সহ একাধিক দাবিতে আন্দোলনে নামল কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের উত্তর দিনাজপুর জেলা কমিটি। বুধবার সংগঠনের সদস্যরা আধ ঘণ্টা কলেজ চত্বরে বিক্ষোভ দেখানোর পর অধ্যক্ষের কাছে স্মারকলিপি জমা দেন। দীর্ঘদিন ধরে দাবি জানানো হলেও ইলেকট্রিক্যাল ট্রেড চালু করে পঠনপাঠন শুরু করা হচ্ছে না। মেক্যানিকাল ট্রেডের জন্য ৩০ লক্ষ টাকা খরচে কেনা যন্ত্র পড়ে থাকলেও কাজে লাগানো হচ্ছে না। কলেজের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষক এবং করণিক, হিসাবরক্ষক সহ কলেজের কর্মীদের একাধিক পদ ফাঁকা থাকায় কাজকর্ম ব্যাহত হচ্ছে। দু’জন আংশিক সময়ের চতুর্থ শ্রেণির কর্মীর মাসিক ৬৬০০ টাকা বেতন পাওয়ার কথা থাকলেও তাঁরা তা পাচ্ছেন না। সংগঠনের জেলা সম্পাদক সুযশ মুখোপাধ্যায় বলেন, “অবিলম্বে সমাধান না হলে পড়ুয়াদের উন্নত পঠনপাঠনের স্বার্থে অনির্দিষ্ট কালের জন্য কলেজ চত্বরে অবস্থান বিক্ষোভে বসা হবে।” অধ্যক্ষ শুভদীপ চৌধুরী বলেন, “কলেজে প্রশিক্ষক ও কর্মীর অভাব আছে। পরিকাঠামোর অভাবে ইলেকট্রিক্যাল ট্রেড চালু করা সম্ভব হচ্ছে না।
মারধর, নালিশ
খেলা নিয়ে বিবাদে দশম শ্রেণির এক ছাত্রকে মারধরের অভিযোগ উঠেছে তাঁর পাঁচ সহপাঠীর বিরুদ্ধে। বুধবার কোচবিহারের একটি আশ্রমিক স্কুলের ছাত্রাবাসে ঘটনাটি ঘটে। ছাত্রের বাড়ির লোকজন কোতোয়ালি থানায় অভিযোগ করেন। ছাত্রটিকে প্রথমে কোচবিহার হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসার পরে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। সে বর্তমানে বাড়িতে রয়েছে। পুলিশ সূত্রের খবর, ওই ছাত্রের নাম মিল্টন দাস। তাঁর বাড়ি ফালাকাটার বালাসুন্দর গ্রামে। স্কুল কর্তৃপক্ষ ওই পাঁচ জন ছাত্রকে সাসপেন্ড করেছেন। পুলিশ সুপার রাজেশ যাদব এ দিন বলেন, “অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।”
ক্রান্তিতে অবরোধ
কিষাণ মান্ডি কোথায় হবে তা নিয়ে টানাপোড়েন চলছেই ক্রান্তিতে। বুধবার এই মান্ডি ধনতলায় নির্মাণ করার দাবিতে আধ ঘণ্টা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান চাষিরা। মালবাজার ব্লকের জন্য কৃষি বিপণন দফতরের কিষাণ মান্ডি ক্রান্তির গঙ্গাদেবীতে হবে বলে চূড়ান্ত হওয়ার পরে ধনতলায় মান্ডি চেয়ে আন্দোলনে নামেন কৃষক সংগ্রাম মঞ্চের সদস্যরা।
ভবানীগঞ্জ বাজার। সবিস্তার জানতে ক্লিক করুন।
মাছের খোঁজে। ফুলহারে।