টুকরো খবর

নসেফ্যালাইটিসে মৃত প্রত্যেকের পরিবারকে ক্ষতিপূরণ ও রায়গঞ্জে এইমস তৈরির মতো একাধিক দাবিতে আজ শুক্রবার উত্তরকন্যা ঘেরাও কর্মসূচি নিয়েছে কংগ্রেস। শিলিগুড়িতে এই অভিযানে উপস্থিত থাকার কথা কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সিপি যোশী, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী, সাংসদ মৌসম নূর সহ উত্তরবঙ্গের কংগ্রেস নেতৃত্বের।

Advertisement
শেষ আপডেট: ২৯ অগস্ট ২০১৪ ০২:০৯
Share:

আজ উত্তরকন্যা অভিযান কংগ্রেসের
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি

Advertisement

এনসেফ্যালাইটিসে মৃত প্রত্যেকের পরিবারকে ক্ষতিপূরণ ও রায়গঞ্জে এইমস তৈরির মতো একাধিক দাবিতে আজ শুক্রবার উত্তরকন্যা ঘেরাও কর্মসূচি নিয়েছে কংগ্রেস। শিলিগুড়িতে এই অভিযানে উপস্থিত থাকার কথা কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সিপি যোশী, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী, সাংসদ মৌসম নূর সহ উত্তরবঙ্গের কংগ্রেস নেতৃত্বের। দার্জিলিং জেলা কংগ্রেস সভাপতি শঙ্কর মালাকার বলেন, “দুপুর ১২ টায় উত্তরকন্যার কাছে একটি সভা হবে। তার পরেই উত্তরকন্যা ঘেরাও অভিযান হবে।” কংগ্রেস নেতৃত্ব উত্তরকন্যার উল্টোদিকে একটি জমায়েত করার অনুমতি চাইলেও আইনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় পুলিশের অনুমতি মেলেনি। উত্তরকন্যা থেকে কিছুটা দূরে সভা করার সিদ্ধান্ত নিয়েছেন কংগ্রেস নেতৃত্ব। বৃহস্পতিবার, কংগ্রেসের এই অভিযান কর্মসূচিকে কটাক্ষ করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা দার্জিলিং জেলা তৃণমূলের সভাপতি গৌতম দেব। তিনি বলেন, “রাজ্যে উন্নয়নের জোয়ার রুখতে বিজেপি ও সিপিএমের সঙ্গে হাত মিলিয়ে কংগ্রেস কাজ করছে।” তাঁর কটাক্ষ, “কংগ্রেসের বেশিরভাগ লোকজনই তো তৃণমূলে যোগ দিচ্ছেন। ফলে কোনও অভিযানে তারা আর লোক পাবে না।” শঙ্করবাবু পাল্টা বলেন, “তৃণমূল জেলা সভাপতি ভয় পেয়ে এসব বলছেন। তাই উত্তরকন্যার উল্টোদিকে সভা করার অনুমতি দেওয়া হয়নি ।” গৌতমবাবুর বক্তব্যকে এদিন কটাক্ষ করেছেন সিপিএম এবং বিজেপিও। সিপিএম নেতা তথা প্রাক্তন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্য বলেন, “আমরা বামফ্রন্টের পক্ষ থেকে লাগাতার আন্দোলন করছি। উন্নয়ন যদি হত তাহলে আমাদের রাস্তায় নামতে হত না। উনি আসলে আমাদের আন্দোলনের ভয়ে নানা সময়ে নানা কথা বলছেন।” আর বিজেপির জেলা সভাপতি রথীন বসু মনে করেন, “এই মুহূর্তে নির্বাচন হলে তৃণমূলই হারবে। তাই শিলিগুড়ির পুরভোট এবং মহকুমা পরিষদের ভোট করানো হচ্ছে না। উল্টে বিরোধীদের নামে নানা অপপ্রচার করা হচ্ছে। আমরাও আন্দোলন শুরু করছি।”

Advertisement

সাঁকো ভেঙে মূল ভূখণ্ডের সঙ্গে যোগাযোগ বিপর্যস্ত
নিজস্ব সংবাদদাতা • হলদিবাড়ি

সাঁকো সারানো ও পাকা সেতুর দাবি বাসিন্দাদের। ছবি: রাজা বন্দ্যোপাধ্যায়।

বাঁশের সাঁকোর একাংশ ভেঙে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে ছিটশাকাতি গ্রামের যোগাযোগ। জলপাইগুড়ি সদর থানার দক্ষিণ বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের ছিটশাকাতি গ্রামের সঙ্গে যোগাযোগের ভরসা বলতে কুরুং নদীর উপরের একটি সাঁকো। ২৩ অগস্ট সকালে একটি ঠেলা ভ্যান যাওয়ার সময়ে সাঁকোর একাংশ ভেঙে পড়ে বলে জানা গিয়েছে। তার পর থেকেই ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে গ্রামের যোগাযোগের সমস্যা তৈরি হয়েছে বলে বাসিন্দাদের অভিযোগ। বিএসএফের তরফে জানানো হয়েছে, কয়েকটি বাঁশ পেতে সাঁকোটি জোড়া দেওয়া হয়েছে ঠিকই। তবে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে। দক্ষিণ বেরুবাড়ির পঞ্চায়েত প্রধান রীতা মালপাহাড়ি বলেন, “ছিটশাকাতির ওই সেতুটি সংস্কার করা হবে।”

গুরুঙ্গের নামে তোলা, নালিশ
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি

বিমল গুরুঙ্গের নাম করে ফের তোলা আদায়ের হুমকি দেওয়ার অভিযোগ উঠল। বৃহস্পতিবার শিলিগুড়ি থানায় অভিযোগ দায়ের করেন আশ্রমপাড়ার এক ব্যবসায়ী। অভিযোগ, তাঁকে গত ২৬ অগস্ট এক ব্যক্তি ফোন করে বিমল গুরুঙ্গের লোক বলে পরিচয় দিয়ে ৫১ হাজার টাকা দাবি করে। শিলিগুড়ির পুলিশ কমিশনার জগমোহন বলেন, “এর আগে একই অভিযোগে দুজনকে গ্রেফতার কর হয়েছিল। ফের এই ঘটনা ঘটায় এর কোনও বড় চক্র জড়িত থাকতে পারে বলে মনে হচ্ছে।” গুরুঙ্গের নামে টাকা তোলা হচ্ছে বলে আগেই মোর্চা পুলিশকে অভিযোগ জানায়।

স্ত্রী থাকা সত্ত্বেও গোপনে বিয়ে, ধৃত
নিজস্ব সংবাদদাতা • চাঁচল

স্ত্রী থাকা সত্ত্বেও গোপনে দ্বিতীয় বিয়ে করায় এক ইটভাটা মালিক ও তার দ্বিতীয় স্ত্রীকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার মালদহের হরিশ্চন্দ্রপুর থানার মালিওর এলাকার ঘটনা। পুলিশ জানায়, ধৃতেরা হল নূর আলম ও বেবি নাজনিন। অভিযোগ, বিয়ে করার পর দ্বিতীয় স্ত্রীকে নিয়ে গোপনে তুলসিহাটা এলাকায় বসবাস করছিলেন ওই ইটভাটা মালিক। বৃহস্পতিবার দুপুরে তা জানতে পেরে হন অভিযুক্তের প্রথম স্ত্রী আত্মীয়স্বজন নিয়ে সেখানে হাজির হন। লোক জড়ো হয়ে যায়। পুলিশ গিয়ে তাদের থানায় নিয়ে যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মালিওরের বাসিন্দা নুর আলম চার বছর আগে বিয়ে করেছিলেন। তাঁদের তিন বছরের একটি কন্যাসন্তান রয়েছে। এর মধ্যে উত্তর দিনাজপুরের দুর্গাপুরের বেবির সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। তা নিয়ে পরিবারের মধ্যে অশান্তি শুরু হয়। কিছুদিন আগে বাইরে যাওয়ার নাম করে নুর আলম তার প্রথম স্ত্রীকে বাপের বাড়িতে রেখে আসে। স্বামী বাড়ি না ফেরায় খোঁজখবর শুরু করে প্রথম স্ত্রীর পরিবার। এ দিন তাঁরা জানতে পারেন, দিন কয়েক আগে দ্বিতীয় বিয়ে করে তুলসিহাটায় বসবাস শুরু করেছে নুর আলম।

স্ত্রীর চোখ উপড়ে নেওয়ায় কারাদণ্ড
নিজস্ব সংবাদদাতা • মালদহ

স্ক্রু ডাইভার দিয়ে স্ত্রীর চোখ উপরে দেওয়ার ঘটনায় স্বামীকে ৭ বছরের কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। ২০১৩ সালে ৯ এপ্রিল রাতে দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা অভিনয় সর্দার তাঁর স্ত্রী কবিতা সর্দারের দু’চোখ উপড়ে মালদহের নিমাইসরাই এলাকার একটি আমবাগানে ফেলে রেখে চলে যায়। পুলিশের দাবি, বিয়ের চার বছর কেটে যাওয়ার পরেও স্ত্রীর সন্তান হয়নি। দ্বিতীয় বিয়ে করার জন্য অভিনয় তার স্ত্রীর দুই চোখ উপড়ে খুন করতে চেয়েছিল। পরেরদিন স্থানীয় গ্রামবাসীরা আমবাগানে গোঙানির শব্দ শুনে ওই মহিলাকে উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান। সুস্থ হয়ে উঠলেও কবিতাদেবী তাঁর দুই চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন। পুলিশ জানিয়েছে স্ত্রী মারা গিয়েছে ধরে নিয়েই অভিনয় তাঁকে আমবাগানে ফেলে রেখে পালিয়ে যায়। এই ঘটনায় দোষী প্রমাণিত হওয়ায় অভিনয়কে কারাদন্ডের নির্দেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার মালদহ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (চতুর্থ কোর্ট) মনোজ্যোতি ভট্টাচার্য এই নির্দেশ দিয়েছেন। কারাদন্ডের সঙ্গে ৫০ হাজার টাকার জরিমানার নির্দেশও দিয়েছেন বিচারক। পুলিশ জানায়, সুস্থ হওয়ার পরে মহিলার বয়ান অনুযায়ী মামলা দায়ের করে তদন্ত শুরু হয়। সে বছরের ১১ এপ্রিল অভিনয়কে গঙ্গারামপুর থেকে গ্রেফতার করে পুলিশ। আদালতে চার্জশিট দাখিল করার পরে ১৫ মাস ধরে মামলা চলার পর স্ত্রী সহ ৯ জনের সাক্ষ্য গ্রহণ করে আদালত। বুধবার স্ত্রীর চোখ উপড়ে ফেলার জন্য অভিনয়কে দোষী সাব্যস্ত করেছিল আদালত। সরকার পক্ষের আইনজীবী সমীর রায় বলেন, “আদালতে অভিযুক্ত স্বামী অভিনয় স্ত্রীর দুই চোখ উপড়ে ফেলার কথা স্বীকার করেছে।” আদালতের নির্দেশ শানার পর কবিতা সর্দার বলেন, “যে স্বামী আমার দুই চোখ উপড়ে দৃষ্টি শক্তি কেড়ে নিয়েছে, তার সারাজীবন জেলে থাকা উচিত ছিল।” অভিযুক্তের আইনজীবী সুপর্ণা গঙ্গোপাধ্যায় জানান, আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করা হবে।

এইমসের দাবিতে হাইকোর্টে মামলা
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ

রায়গঞ্জে এইমসের ধাঁচে হাসপাতাল তৈরির দাবিতে জনস্বার্থ মামলা দায়ের করলেন রায়গঞ্জ ব্লক কংগ্রেস সভাপতি তথা রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি লিয়াকত আলি। গত ২৬ অগস্ট লিয়াকত আলি আইনজীবী অরুণাভ ঘোষের মাধ্যমে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে জনস্বার্থ মামলা দায়ের করেছেন। তাঁর দাবি, এইমসের ধাঁচে হাসপাতাল তৈরির জন্য রায়গঞ্জের পানিশালা এলাকার কৃষকরা স্বেচ্ছায় একশো একর জমি দিতে প্রস্তুত রয়েছেন। এই পরিস্থিতিতে কেন রাজ্য সরকার জমি অধিগ্রহণ করছে না, মামলায় সেই প্রশ্ন তোলা হয়েছে।

নো রিফিউজাল ট্যাক্সির অফার লেটার দেবেন মুখ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি

উত্তরবঙ্গের প্রথম নো রিফিউজাল মিটার ট্যাক্সির ‘অফার লেটার’ দেবেন মুখ্যমন্ত্রী। আগামী ১ সেপ্টেম্বর শিলিগুড়ির সার্কাস ময়দানে রাজ্য সরকার আয়োজিত একটি অনুষ্ঠানে এই ‘অফার লেটার’ দেওয়া হবে বলে জেলা পরিবহণ দফতর সূত্রে জানানো হয়েছে। বৃহস্পতিবার শিলিগুড়ির সার্কিট হাউসে এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠকের পর এ কথা জানান জেলাশাসক পুনীত যাদব। তিনি বলেন, “মুখ্যমন্ত্রীর হাত দিয়ে লেটার দেওয়ার আনুষ্ঠানিক সূচনা হবে। পরদিন ২ সেপ্টেম্বর থেকে শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম থেকে শিবির করে ১৪০০ লেটার বিলি করা হবে।” ওই লেটার পাওয়ার এক মাসের মধ্যে ট্যাক্সি রাস্তায় নামাতে হবে বলে পরিবহণ দফতর থেকে জানিয়ে দেওয়া হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন জেলা পরিবহণ বোর্ডের সদস্য মদন ভট্টাচার্য, বিভিন্ন ব্যাঙ্কের প্রতিনিধিরা। যারা ট্যাক্সি কিনবেন, তাঁরা যাতে সহজে ব্যাঙ্ক ঋণ পান, তা সুনিশ্চিত করার জন্য এদিন বিভিন্ন ব্যাঙ্কের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছিল। মোট ১৬ টি ব্যঙ্কের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মদনবাবু বলেন, “যাঁরা মিটার ট্যাক্সির পাওয়ার জন্য যোগ্য হবেন, তাঁদের তালিকা পরিবহণ বোর্ডের ওয়েবসাইটে ও মহকুমা প্রশাসনের ওয়েবসাইটেও তালিকা দেখা যাবে।”

প্রভাব পড়ল না কেএলও-র বন্‌ধে
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার

কেএলও-র ডাকা ১২ ঘণ্টার প্রস্তাবিত ‘কামতাপুর’ বন্‌ধেও স্বাভাবিক ছিল আলিপুরদুয়ারের জনজীবন। বৃহস্পতিবার কোচবিহারের ভারতভুক্তি চুক্তির বিরোধিতা করে কেএলও তরফে বন্ধের ডাক দেওয়া হয়েছিল। পুলিশ সর্বত্র সতর্কতা বজায় রাখে। বিভিন্ন এলাকায় বাসে, গাড়িতে তল্লাশি চালানো হয়। তবে সর্বত্র দোকান, বাজার খোলা ছিল। গত বছর ২৮ অগস্ট, একই দিনে রাতে আলিপুরদুয়ার শহরে চৌপথী এলাকায় বোমা রাখা ছিল। পরেরদিন বোমাটি নিষ্ক্রিয় করতে গিয়ে মারা যান সিআইডি-র বম্ব স্কোয়াডের এক কর্মী। পুলিশ এ বার ঝুঁকি নেয়নি। আলিপুরদুয়ারের পুলিশ সুপার অনুপ জায়সবাল বলেন, “পুলিশ সতর্ক ছিল। জনজীবন স্বাভাবিক ছিল।”

জন-ধনের সূচনা
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি

দিল্লির বিজ্ঞানভবনে কেন্দ্রীয় ভাবে প্রকল্পের উদ্বোধনের সঙ্গে দার্জিলিং জেলাতেও আনুষ্ঠানিক ভাবে প্রধানমন্ত্রী জন-ধন যোজনার উদ্বোধন হল বৃহস্পতিবার। এ দিন বিকেলে শহরের হার্ডওয়ার মার্চেন্ট ভবনে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের উদ্যোগে সূচনা অনুষ্ঠান হয়। প্রকল্পের জেলা ভিত্তিক সূচনা করেন দার্জিলিঙের সাংসদ সুরিন্দ্র সিংহ অহলুওয়ালিয়া। ছিলেন বিভিন্ন রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্কের শিলিগুড়ি ও দার্জিলিঙের আধিকারিকর ও বিমা সংস্থার প্রতিনিধিরা।

ধৃত সিভিক পুলিশ
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর

মোবাইল চুরিতে জড়িত সন্দেহে এক সিভিক পুলিশকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে ইসলামপুরের বলেঞ্চা এলাকার ঘটনা। ধৃত আজগর আলি ওই ইসলামপুর থানায় কর্মরত।

বিএসএনএল পরিষেবা বন্ধ থাকায় বিপর্যস্ত জনজীবন

দিনভর বিএসএনএলের পরিষেবা স্তব্ধ হয়ে থাকায় বালুরঘাটে সরকারি ও বেসরকারি ক্ষেত্রে সব পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়ল বৃহস্পতিবার। ল্যান্ড লাইন থেকে ইন্টারনেট বা ব্রডব্যান্ড কাজ না করায় জেলা প্রশাসনিক ভবনের যাবতীয় কাজকর্ম ব্যাহত হয়ে পড়ে। ব্যাঙ্কে লেনদেনও বন্ধ ছিল। লিঙ্ক না থাকায় এটিএম থেকেও টাকা তোলা যায়নি। চরম ভোগান্তিতে পড়েন বাসিন্দারা। দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক তাপস চৌধুরী বলেন, “বালুরঘাটে বিএসএনএলের বেহাল অবস্থা দীর্ঘদিনের। কর্তৃপক্ষকে জানিয়েও কোনও পদক্ষেপ করা হচ্ছে না।” সব রকম পরিষেবা বন্ধ হয়ে থাকায় প্রশাসনিক কাজকর্ম বিপর্যস্ত হয়েছে বলে জেলাশাসক অভিযোগ করেন। এ বিষয়ে বিএসএনএলের সহকারি জেনারেল ম্যানেজার সোমনাথ ঘোষ বলেন, “বালুরঘাট এক্সচেঞ্জে যান্ত্রিক ত্রুটির কারণে সমস্যা দেখা দেয়। সমস্ত পরিষেবা ব্যহত হয়েছে। দ্রুত পরিষেবার স্বাভাবিক করার চেষ্টা হচ্ছে।”

হরিয়ানা থেকে ফিরল পাচার হওয়া কিশোরী

হরিয়ানায় পরিচারিকার কাজে পাচার হওয়া কিশোরীকে উদ্ধার করে ফেরত পাঠাল একটি স্বেচ্ছাসেবী সংগঠন। বৃহস্পতিবার বছর ষোলোর ওই কিশোরী শিলিগুড়িতে পৌঁছায়। পুলিশ জানায়, মালবাজার থানার ডামডিম চা বাগানের এই কিশোরী রুজির টানে দু’বছর আগে হরিয়ানায় পরিচারিকার কাজে যোগ দেয়। বেশ কয়েক মাস ধরেই কিশোরীটি বাড়িতে ফেরার জন্যে চেষ্টা করে গেলেও আর্থিক অসুবিধায় সে বাড়ি ফিরতে পারছিল না। যে সংস্থার অধীনে কিশোরী কর্মরত ছিল, সেখান থেকেও তাকে বাড়িতে ফেরত পাঠানোর জন্য কোনও উদ্যোগ নেওয়া হয়নি। এরপরেই পঞ্জাবের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে কিশোরীটির যোগাযোগ হয়। ওদলাবাড়ি স্বেচ্ছাসেবী সংগঠন ডুয়ার্স এক্সপ্রেসের সঙ্গে যোগাযোগ করে তাঁরা কিশোরীটিকে পাঠানোর ব্যবস্থাও করে। বৃহস্পতিবার কিশোরী ফিরলে মালবাজার থানার পুলিশের উদ্যোগে তাকে জলপাইগুড়ির হোমে পাঠানো হয়েছে। সেখান থেকেই পরিবারের কাছে তাকে ফিরিয়ে দেওয়া হবে বলে জলপাইগুড়ি চাইল্ড লাইনের তরফে জানানোও হয়েছে।

এখনও অধরা ধর্ষণে অভিযুক্তেরা

মালদহের চাঁচলে বিবাহবিচ্ছিন্না তরুণীকে গণধর্ষণের ঘটনার তিন দিন পরেও অধরা অভিযুক্তেরা। সোমবার রাতে চাঁচলের শাওরগাছি এলাকায় ওই ঘটনাটি ঘটে বলে অভিযোগ। চাঁচলের আইসি তুলসিদাস ভট্টাচার্য জানান, অভিযুক্তদের ধরতে তল্লাশি চলছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মূল অভিযুক্ত সইদুল আলি ছাড়া বাকি তিন জনের কাউকেই নির্যাতিতা তরুণী চিনতেন না। ঘটনার পরদিন সকালেই সইদুল এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছে। মেলা ও সিনেমা দেখানোর নাম করে ওই তরুণীকে ফাঁকা এলাকায় নিয়ে গিয়ে সইদুল এবং তার তিন সঙ্গী ধর্ষণ করে বলে অভিযোগ। মালদহ মেডিক্যাল কলেজে চিকিত্‌সাধীন তরুণী এখন অনেকটাই সুস্থ বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

শুরু হল তিজ উত্‌সব

নেপালি সম্প্রদায়ের অন্যতম বড় পুজো তিজ উত্‌সব শুরু হল বৃহস্পতিবার থেকে। মালবাজারের ক্যালটেক্স মোড় এলাকায় নেপালি যুব সঙ্ঘের উদ্যোগে তিজ পালিত হচ্ছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েে ছ।

সোনা-সহ গ্রেফতার

এক কেজির উপর সোনার বিস্কুট ও টাকা-সহ দুই যুবককে হিলি সীমান্তে ধরল বিএসএফ ও পুলিশ। বুধবার রাতে দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্তের তিওড় থেকে মিঠুন সরকার ও ত্রিমোহিনী এলাকা থেকে আরাফত্‌ রহমান নামে এক বাংলাদেশীকে ধরা হয়।

কান কাটল মহিলার

দুই পরিবারের মধ্যে গোলমালে ধারাল অস্ত্রে ডান কান কাটল এক মহিলার। সুলেখা মণ্ডল নামে ওই মহিলা মালদহ মেডিক্যালে ভর্তি। বুধবার মালদহ থানার সাহাপুরের চরকাদিরপুর গ্রামের ঘটনা।

পথের কাঁটা

সবিস্তার জানতে ক্লিক করুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement