টুকরো খবর

ফুডপার্কের জলাশয় থেকে উদ্ধার হল ছাত্রের মৃতদেহ। শনিবার রাতে মালদহের ওই ঘটনায় মৃত ছাত্রের নাম রিন্টু সাহা (১৫)। সে ইংরেজবাজারের কৃষ্ণকালীতলার বাসিন্দা। মালদহ টাউন স্কুলে নবম শ্রেণিতে পড়ত। তার পরিবারের সঙ্গে কথা বলে পুলিশ জেনেছে, শনিবার বিকেলে দুই বন্ধু খেলতে যাওয়ার জন্য রিন্টুকে ডাকতে এসেছিল। তবে তারা কারা, তা পরিবারের লোকেরা জানেন না। রিন্টুর মা প্রতিমাদেবী বলেন, “স্কুল থেকে ফিরে ও খেলতে চলে যায়। দু’জন বন্ধু ওকে ডাকতে এসেছিল।

Advertisement
শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০১৪ ০১:৪৭
Share:

ফুডপার্কের জলাশয়ে ছাত্রের দেহ
নিজস্ব সংবাদদাতা • মালদহ

Advertisement

ফুডপার্কের জলাশয় থেকে উদ্ধার হল ছাত্রের মৃতদেহ। শনিবার রাতে মালদহের ওই ঘটনায় মৃত ছাত্রের নাম রিন্টু সাহা (১৫)। সে ইংরেজবাজারের কৃষ্ণকালীতলার বাসিন্দা। মালদহ টাউন স্কুলে নবম শ্রেণিতে পড়ত। তার পরিবারের সঙ্গে কথা বলে পুলিশ জেনেছে, শনিবার বিকেলে দুই বন্ধু খেলতে যাওয়ার জন্য রিন্টুকে ডাকতে এসেছিল। তবে তারা কারা, তা পরিবারের লোকেরা জানেন না। রিন্টুর মা প্রতিমাদেবী বলেন, “স্কুল থেকে ফিরে ও খেলতে চলে যায়। দু’জন বন্ধু ওকে ডাকতে এসেছিল। তবে ওরা কারা ছিল তা জানতে পারিনি।” তারপরেই ফুডপার্কে খেলতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরোয় রিন্টু। রাত পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। সে সময়ে পার্কের ভিতর একটি জলাশয়ের পাশে তার চটি পড়ে থাকতে দেখা যায়। জলাশয় থেকে দেহ উদ্ধার হয়। রিন্টুর কনুই ও মুখে রক্তের দাগ ছিল। ছাত্রের পরিবারের অভিযোগ, রিন্টুকে খুন করা হয়েছে। থানায় অভিযোগ দায়ের করা হলেও, কারও নাম উল্লেখ করা হয়নি। পুলিশ জানিয়েছে, শনিবার বিকেলে বাড়ি থেকে বেরনোর পরে কার বা কাদের সঙ্গে রিন্টুর দেখা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে রিন্টুর প্রতিদিনের খেলার সঙ্গীদের অনেকেরই দাবি, শনিবার বিকেলে রিন্টুর সঙ্গে তাদের দেখা হয়নি। তাহলে কারা ডাকতে এসেছিল রিন্টুকে? এ দিনই মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এখনও মৃত্যুর সঠিক কারণ জানতে পারেনি পুলিশ। ইংরেজবাজার থানার আইসি দিলীপ কর্মকার বলেন, “ছাত্রের পরিবারের অভিযোগের ভিত্তিতে খুনের মামলা করা হয়েছে।”এই ঘটনায় ফুডপার্কের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। রবিবার সকালে ফুডপার্কের ভিতরে নানা জায়গায় ফাঁকা মদের বোতল, নেশার ওষুধের স্ট্রিপ ছড়িয়ে থাকতেও দেখা গিয়েছে। মন্ত্রী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী জানান, পদক্ষেপ করা হবে। তৃণমূলের কাউন্সিলর সুমলা অগ্রবাল। তিনি বলেন, “পুলিশকে দ্রুত তদন্ত করে দোষীদের ধরার দাবি করা হয়েছে।”

Advertisement

জলপাইগুড়ি সমবায় ব্যাঙ্ক দ্বিতীয় সেরা
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি

বকেয়া ঋণের টাকা উদ্ধার এবং পরিষেবার নিরিখে রাজ্যে দ্বিতীয় সেরা সমবায় ব্যাঙ্কের শিরোপা পেয়েছে জলপাইগুড়ি কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্ক। শনিবার রাজ্য সমবায় দফতর থেকে চিঠি দিয়ে ব্যাঙ্ক কর্তাদের ওই সম্মানের কথা জানানো হয়েছে। আগামী ১৮ নভেম্বর সমবায় সপ্তাহ উপলক্ষে নজরুল মঞ্চে বিশেষ অনুষ্ঠানে পুরস্কার তুলে দেওয়া হবে। এই প্রথম জলপাইগুড়ি কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্ক সেরার শিরোপা পাচ্ছে। রাজ্যে প্রথম সেরা সমবায় ব্যাঙ্কের মর্যাদা পাচ্ছে মেদিনীপুরের সুখবেরিয়া সমবায় ব্যাঙ্ক এবং তৃতীয় নদিয়া সমবায় ব্যাঙ্ক। জলপাইগুড়ি ব্যাঙ্কের চেয়ারম্যান তথা জেলা তৃণমূল সভাপতি সৌরভ চক্রবর্তী বলেন, “উঠে যেতে বসা একটি ব্যাঙ্কের এভাবে ঘুরে দাঁড়ানোর দৃষ্টান্ত কোথাও আছে কিনা জানি না। ব্যাঙ্কের প্রতিটি কর্মী ও কর্মকর্তাদের অক্লান্ত পরিশ্রমের ফসল এই সম্মান।” ২০১২ সালের নভেম্বর মাসে সৌরভবাবু ব্যাঙ্কের চেয়ারম্যানের দায়িত্ব নেন। ব্যাঙ্ক সূত্রে জানা গিয়েছে, ওই সময় ‘ক্যাপিটাল রিজার্ভ রেশিও’ যার উপরে কোনও ব্যাঙ্কের অস্তিত্ব নির্ভরশীল সেটা ৪ শতাংশের কাছাকাছি চলে যায়। ওই কারণে রিজার্ভ ব্যাঙ্ক থেকে কর্তৃপক্ষকে সতর্কও করা হয়। কর্তৃপক্ষের দাবি, এরপরেই বিশেষ পরিকল্পনা নেয় ব্যঙ্ক। বর্তমানে ‘ক্যাপিটাল রিজার্ভ রেশিও’ ১০ শতাংশে পৌঁছেছে বলে ব্যাঙ্ক সূত্রে জানানো হয়েছে। পাশাপাশি অনাদায়ী অর্থ উদ্ধারের পরিমাণও বেড়েছে বলে দাবি। ব্যাঙ্কের পরিচালন সমিতির দাবি, ২০১২ সালের নভেম্বর মাস থেকে ২০১৪ সালে এপ্রিল মাসের মধ্যে ৫০ কোটি টাকা উদ্ধার করা হয়। চলতি আর্থিক বছরে উদ্ধার হয়েছে প্রায় ১৭ কোটি টাকা। ওই তত্‌পরতার জেরে ২০১২ সালেও ঘাটতিতে জেরবার ব্যাঙ্ক ২০১৪ সালে পৌঁছে প্রায় ৮ কোটি টাকা লাভ করে। চেয়ারম্যান বলেন, “আমরা সব দিক থেকে এগিয়ে ছিলাম। মাত্র দু’নম্বরের জন্য দ্বিতীয় হলাম।”

Advertisement

বিজেপি-র বিরুদ্ধে নালিশ গৌতমের
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি


কর্মী সভায় গৌতম দেব। শিলিগুড়িতে।

আর্থিক জালিয়াতির মামলায় ধৃত বিজেপি’র এক নেতার টাকায় ডাবগ্রাম-ফুলবাড়িতে একাধিক দলীয় কার্যালয় তৈরি হয়েছে বলে অভিযোগ তুললেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। রবিবার শিলিগুড়ির খাপরাইল এলাকায় খোপালাসি হিন্দি জুনিয়র হাই স্কুলের মাঠে তৃণমূলের পাথরঘাটা অঞ্চল কমিটির কর্মিসভায় মন্ত্রী বলেন, “সারদা দুর্নীতি কাণ্ডে ইডি’র তরফে ওই সংস্থার অর্থে তৈরি বিভিন্ন কার্যালয় বন্ধ করে দেওয়া হয়েছে। অথচ বিজেপি’র এক নেতাকে বহু কোটি টাকা জালিয়াতির দায়ে অসম পুলিশ ধরেছে। ডাবগ্রাম ফুলবাড়ি এলাকায় তাঁর টাকায় বিজেপি’র অন্তত ২৬টি দলীয় কার্যালয় তৈরি করা হয়েছে। সেগুলি ইডি’র তরফে কেন বন্ধ করা হচ্ছে না সেই প্রশ্ন রাখতে চাই।” জলপাইগুড়ি জেলা বিজেপি’র সভাপতি দীপেন প্রামাণিক জানান, যে নেতার কথা গৌতমবাবু বলেছেন, তাঁকে দল থেকে তাঁকে বহিষ্কার করা হয়েছে। দীপেনবাবুর কথায়, “ফুলবাড়ি-১ এবং ফুলবাড়ি-২ নম্বর গ্রাম পঞ্চায়েতে দুটি দলীয় কার্যালয় তৈরির জন্য এক ব্যক্তি আর্থিক সাহায্য করেছিলেন। আর কোনও অফিস তৈরিতে তাঁর আর্থিক সাহায্য নেওয়া হয়নি।” দীপেনবাবুর পাল্টা প্রশ্ন, “আমরা তো দুর্নীতির অভিযোগ ওঠার পরেই দলের ওই নেতাকে বহিষ্কার করেছি। সারদা নিয়ে তৃণমূলের বড় বড় নেতা নেত্রীদের নামে অভিযোগ উঠেছে। গৌতমবাবুরা তো তাঁদের বহিষ্কার করেননি।” বিজেপি নেতৃত্বের দাবি, সামনে শিলিগুড়ি মহকুমা এবং পুরসভা নির্বাচনের আগে এলাকায় বিজেপি’র উত্থানে ভয় পেয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। তাই বিজেপি’কে অকারণে আক্রমণ করছেন তিনি।

জিএনএলএফের জনসভা চক বাজারে
নিজস্ব সংবাদদাতা • দার্জিলিং


জিএনএলএফের সভা, দার্জিলিঙে।

ষষ্ঠ তফসিল চুক্তি রূপায়ণ করা এবং দার্জিলিং গোর্খা হিল কাউন্সিলের পুনর্গঠনের দাবিতে দার্জিলিঙের চকবাজারে জনসভা করল জিএনএলএফ। রবিবার দুপুরে জনসভায় সংগঠনের কেন্দ্রীয় কমিটির নেতারা বক্তৃতা করেন। কর্মীদের চাঙ্গা করতে পাহাড়ের তিন মহকুমায় প্রতি সপ্তাহে একটি করে জনসভা করার সিদ্ধান্ত এ দিনের সভা থেকে ঘোষণা করেছে জিএনএলএফ নেতারা। সেই সঙ্গে অসুস্থ দলনেতা সুবাস ঘিসিঙ্গের সঙ্গে দিল্লির হাসপাতালে গিয়ে মোর্চা প্রধান বিমল গুরুঙ্গের দেখা করতে চাওয়ার ঘটনা নিয়েও সভা থেকে কটাক্ষ করা হয় মোর্চাকে। সংগঠনের কেন্দ্রীয় কমিটির নেতা মহেন্দ্র ছেত্রী বলেন, “ষষ্ঠ তফসিল চুক্তি রূপায়ণে কেন্দ্রীয় সরকারকেও এগিয়ে আসতে হবে। কারণ চুক্তিতে কেন্দ্রেরও সই ছিল। এই দাবিতে পাহাড়ে নিয়মিত আন্দোলন চালানো হবে।” মোর্চাকে আক্রমণ করে কার্শিয়াঙের জিএনএলএফ আহ্বায়ক নিমা লামা অভিযোগ করে বলেন, “একসময়ে যাঁরা আমাদের দলনেতার স্ত্রীর দেহ পাহাড়ে উঠতে দেননি, তারাই আজকে কেন দলনেতার সঙ্গে দেখা করতে দিল্লি যাচ্ছেন তা বুঝতে পারছি না।” মোর্চার সাধারণ সম্পাদক জ্যোতিকুমার রাই অবশ্য বলেন, “মানবিকতার কারণেই বিমল গুরুঙ্গ হাসপাতালে গিয়েছিলেন। আর মোর্চা কখনওই ঘিসিঙ্গের স্ত্রী দেহ পাহাড়ে উঠতে বাধা দেয়নি। আমরা সবসময়েই গণতন্ত্রে বিশ্বাস রাখি। তবে সে সময় পাহাড়ের বাসিন্দারা উত্তেজিত ছিল। সে কারণে কিছু হয়ে থাকতে পারে।”

শিক্ষিকাকে খুনের হুমকি
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি

শিক্ষিকাকে অপহরণ ও খুনের হুমকির অভিযোগ উঠল স্কুলেরই এক করণিকের বিরুদ্ধে। শনিবার রাতে শিলিগুড়ি থানায় অভিযোগ দায়ের করেন ওই শিক্ষিকা। ওই শিক্ষিকা পারমিতা বিশ্বাসের অভিযোগ, দীর্ঘদিন ধরেই স্কুলের করণিক এক্রামূল হক এবং প্রধান শিক্ষিকা মধুমিতা বিশ্বাস তাঁকে মানসিকভাবে নির্যাতন করছে। শনিবারও তাঁকে ছাত্রছাত্রীদের সামনে অপমান করা হয়। তারপরেই তিনি অসুস্থ হয়ে পড়েন বলে দাবি। পারমিতাদেবী বলেন, “বিভিন্ন অনৈতিক কাজের প্রতিবাদ করায় আমাকে হেনস্থা করা হচ্ছে। আমি স্কুল পরিদর্শকে জানিয়েছি। অভিযোগ প্রত্যাহারের জন্যও আমাকে চাপ দেওয়া হচ্ছে। আমি তাতে কান না দেওয়ায় আমাকে হুমকি দেওয়া হচ্ছে।” যদিও অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন এক্রামূলবাবু। তিনি বলেন, “সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। আমি কোনও হুমকিই দিইনি। তার অনান্য অভিযোগ নিয়ে আমি কিছু বলব না।” প্রধান শিক্ষিকা মধুমিতা দত্ত পাল্টা অভিযোগ করে বলেন, “আমি স্কুলে যোগ দেওয়ার পরে নানান অন্যায্য সুযোগসুবিধে ভোগ করা বন্ধ করে দেওয়াতেই ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে। পড়াশুনার ব্যঘাত ঘটে এমন কোনও কাজ প্রশ্রয় দেওয়া হয় না।” শিলিগুড়ি পুলিশের এডিসি বোলানাথ পাণ্ডে বলেন, “অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।”

রেল নিয়ে বিক্ষোভ বালুরঘাটে
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট

দক্ষিণ দিনাজপুরে রেলের বঞ্চনার অভিযোগে রবিবার একলাখি-বালুরঘাট রেল উন্নয়ন কমিটির উদ্যোগে শহরের বাসিন্দারা বিক্ষোভ আন্দোলনে সামিল হন। রবিবার বিকেলে বালুরঘাট রেল স্টেশনে নাগরিকেরা দুঘন্টা ধরে অবস্থান বিক্ষোভ করেন। পরে সন্ধ্যা ৬টা নাগাদ বালুরঘাট থেকে মালদহগামী গৌড় লিঙ্ক এক্সপ্রেস ট্রেন পাঁচ মিনিট প্রতীকী অবরোধ করে বিক্ষোভ দেখান। আন্দোলনে তৃণমূল, কংগ্রেস, আরএসপি’র নেতৃবৃন্দ থেকে ব্যবসায়ী সমিতি, চেম্বার অব কমার্সের প্রতিনিধি, নাট্যকর্মী সহ শহরের বাসিন্দারা সামিল হন। তৃণমূলের কার্যকরী জেলা সভাপতি বিপ্লব খাঁ বলেন, “একলাখি রেলপথের যাত্রী ও পরিকাঠামোগত উন্নয়নে রেলের তরফে কোনও উদ্যোগ নেই। উত্তরপূর্ব সীমান্ত রেলের অধীন থেকে একলাখি-বালুরঘাট বিভাগকে পূর্বরেলের মধ্যে অন্তর্ভুক্ত করে ওই বঞ্চনার অবসান করতে হবে।” আরএসপির জেলা নেতা বিমল সরকারের বক্তব্য, “বহুবার কমিটির তরফে সংশ্লিষ্ট কাটিহার ডিভিশনের মালিগাঁওয়ে গিয়ে দাবি সনদ দিয়েও কাজ হয়নি।” প্রাক্তণ জেলা কংগ্রেস সভাপতি স্বপন বিশ্বাস বলেন, “যাত্রী পরিষেবার ন্যূনতম ব্যবস্থা নেই।”

স্টপেজের দাবিতে অবরোধের ডাক
নিজস্ব সংবাদদাতা • চাঁচল ও শিলিগুড়ি

এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবিতে রেল অবরোধের ডাক দিয়েছেন মালদহের কুমারগঞ্জ সহ লাগোয়া কয়েকটি এলাকার বাসিন্দারা। আজ, সোমবার ভোর থেকে উত্তরপূর্ব সীমান্ত রেলের কুমারগঞ্জ স্টেশনে ওই রেল অবরোধ শুরু হওয়ার কথা। ভোর থেকে ওই অবরোধ আন্দোলনের ডাক দেওয়ায় নিউ জলপাইগুড়ি এবং কলকাতার মধ্যে রেল যোগাযোগ বিপর্যস্ত হওয়ার আশঙ্কা করছে রেল দফতর। ফলে কয়েকটি ট্রেনের সময়সূচি পাল্টানো হয়েছে বলে রেল সূত্রে জানা গিয়েছে। কুমারগঞ্জ স্টেশনে তিস্তা-তোর্সা ও হাটেবাজারে এক্সপ্রেস ট্রেন দুটির স্টপেজের দাবিতে মাস দুয়েক আগেও অবরোধ করেছিলেন বাসিন্দারা। অভিযোগ, ওই সময় রেলের তরফে দু’মাস সময় চাওয়া হয়েছিল। যদিও, দাবি পূরণ না হওয়ায় ফের কর্মসূচি নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের জন্য সাহায্য প্রাক্তনীদের
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীরা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সাহায্য করতে আগ্রহী। নতুন পাঠ্যক্রম ও গবেষণার কাজে তাঁরা সাহায্য করতে চান। রবিবার বিশ্ববিদ্যালয়ের হিউম্যানিটিজ ভবনে প্রাক্তনীদের পুনর্মিলনে এ ব্যাপারে আলোচনা হয়। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী সমিতিক অন্যতম ফজলুর রহমান জানান, বিশ্ববিদ্যালয়ের নতুন নতুন পাঠ্যক্রম চালু, উত্তরবঙ্গের বিভিন্ন দিক নিয়ে গবেষণার কাজে সংগঠনের তরফে সাহায্য করার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। তিনি বলেন, “বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাহায্য চাইলে যেমন আমরা উদ্যোগী হব, তেমনি ওই সব বিষয়ে কর্তৃপক্ষকে ভূমিকা নিতে প্রাক্তনীদের এই সংগঠনের তরফে প্রস্তাবও দেওয়া হবে।”

কেপিপি কমিটি
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার

জেলবন্দি নেতাকে রেখে নতুন কমিটি গড়ল কামতাপুর পিপলস পার্টি। রবিবার কোচবিহারের রবীন্দ্র ভবনে কেপিপি’র কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলনে তিন বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। সভাপতি হিসাবে নিখিল রায়, সম্পাদক হিসাবে সুভাষ বর্মনকে নিয়ে ১০ সদস্যের নতুন কমিটি গড়া হয়। রয়েছেন জলপাইগুড়ির বিস্ফোরণকান্ডে অভিযুক্ত জেল বন্দি নেতা নুবাস বর্মন। নিখিলবাবু জানান, দলের পরবর্তী একটি সভায় দার্জিলিঙের সাংসদকে আমন্ত্রণ করা হবে।

অসুস্থ টম অধিকারী
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি

জলপাইগুড়ি সংশোধনাগারে বন্দি সন্দেহভাজন কেএলও জঙ্গি টম অধিকারী অসুস্থ হয়েছেন। রবিবার তাঁকে সংশোধনাগারের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। গত ফেব্রুয়ারি মাস থেকে টম জেলে বন্দি রয়েছেন। সংশোধনাগারের সুপার মধুসূদন সর্দার জানান, “ওই বন্দি এখন অনেকটাই সুস্থ আছেন।”

জমিয়তের সম্মেলনে গেলেন সেলিম
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর

জমিয়ত উলেমার উত্তর দিনাজপুর জেলার সমাবেশ রবিবার অনুষ্ঠিত হল ইসলামপুরে। উপস্থিত ছিলেন রাজ্য সংগঠনের সাধারণ সম্পাদক মৌলানা আজাদ সিদ্দিকুল্লা চৌধুরী। সেখানে যান রায়গঞ্জের সিপিএম সাংসদ মহম্মদ সেলিম। সেলিম বলেন, “ওঁরা একটি আলোচনা চক্রের আয়োজন করেন। নিজের ইচ্ছাতেই সেখানে গিয়েছি।”

চা নিয়ে বৈঠক
নিজস্ব সংবাদদাতা • মালবাজার

চা শ্রমিকদের মজুরি নিয়ে জট কাটাতে শ্রমিক সংগঠনগুলির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসছে শ্রমদফতর। আজ, সোমবার শিলিগুড়িতে যুগ্ম শ্রম কমিশনারের দফতরে বৈঠকটি হবে। গত ৫ নভেম্বর কলকাতায় শ্রমমন্ত্রী মলয় ঘটক শ্রমিক সংগঠনগুলির সঙ্গে বৈঠক করেন।

বোমাতঙ্ক

পরিত্যক্ত ব্যাগকে ঘিরে বোমাতঙ্ক দেখা দিল ময়নাগুড়িতে। রবিবার সন্ধ্যায় দুর্গাবাড়ি মোড় সংলগ্ন রাস্তার ডিভাইডারে একটি ব্যাগ পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশ ডাকেন। রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় চল্লিশ মিনিট ওই পরিস্থিতি চলে। পরে পুলিশ কর্মীরা ব্যাগটি খোলেন। বিস্ফোরক কিছু মেলেনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement