ঘটনাস্থলে পুলিশ। — নিজস্ব চিত্র।
মাদক কারবারিদের ধরতে গিয়ে আক্রান্ত হল পুলিশ। মালদহের মানিকচক থানার নুরপুরের গ্রাম পঞ্চায়েতের ফকিরটোলা এলাকার ঘটনা।
পুলিশ সূত্রে খবর, নুরপুর এলাকার একটি আমবাগানে মাদক কারবারিদের আসর বসত। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। কিন্তু পুলিশের উপর হামলা চালান অভিযুক্তেরা। ধস্তাধস্তির সময় দুই সিভিক ভলান্টিয়ারও জখম হন। তাঁদের প্রাথমিক চিকিৎসা করাতে হয়েছে।
সোমবার জেলার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, পুলিশের উপর আক্রমণের তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যে ঘটনাস্থল থেকে এক জনকে আটক করা হয়েছে। বাকিদের খোঁজে তলাশি চলছে। দুষ্কৃতীদের হাতে পুলিশের আক্রান্ত হওয়ার ঘটনা নিয়ে বিজেপির অভিযোগ, শাসকদলের প্রচ্ছন্ন মদতেই ওই মাদক কারবারিদের বাড়বাড়ন্ত এলাকায়। তাদের দাবি, শাসকদলের হাত মাথায় রয়েছে বলে পুলিশকে আক্রমণের সাহস দেখাতে পারে দুষ্কৃতীরা। আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রশ্নের মুখে।
অভিযুক্তদের সঙ্গে তাদের কোনও রকম যোগ নেই বলে দাবি করেছে তৃণমূল। স্থানীয় তৃণমূল নেতার কথায়, ‘‘বিজেপিশাসিত রাজ্যে পুলিশ এবং প্রশাসনের কী অবস্থা, সেটা আগে দেখুন এ রাজ্যের বিজেপি নেতারা। আমাদের রাজ্যে পুলিশ দুষ্কৃতীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারে।’’