তৈরি হয়ে উঠছে ইসলামপুরের স্টেট ফার্ম কলোনি জুনিয়র বেসিক প্রাইমারি স্কুলের বাগান। নিজস্ব চিত্র ।
স্কুলে রয়েছে নির্বাচিত শিশু সংসদ। রয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী-সহ অন্যান্য মন্ত্রী রয়েছে শিশু সংসদে। পরিচালনায় পড়ুয়ারাই। এ বার সুন্দর ভাবে স্কুল সাজিয়ে তোলায় উদ্যোগী হয়েছে পড়ুয়ারা। তারা তৈরি করছে ফল, ফুল ও আনাজের বাগান। ইসলামপুরের স্টেট ফার্ম কলোনি জুনিয়র বেসিক প্রাইমারি স্কুলে গেলে এমনই সুন্দর বাগান নজরে পড়ে। তাদের এই কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন স্কুলের শিক্ষক-শিক্ষিকারা। পড়ুয়াদের উৎসাহিত করতে এগিয়ে এসেছে গ্রাম পঞ্চায়েতও। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিকাশ দাস বলেন, ‘‘ছাত্রছাত্রীরা সুন্দর ভাবে সাজিয়ে তুলছে স্কুল। খুব শীঘ্র তাদের তৈরি বাগানের উদ্বোধন হবে।’’
পড়ুয়াদের এই প্রচেষ্টার শুরু ২০২৫ সাল থেকে। ছাত্রছাত্রীরা নিজেদের বাড়ি থেকে নানা ধরনের ফল-ফুলের চারা নিয়ে এসে বাগান করতে শুরু করে। বাগান করার জন্য মাটি খুঁড়ে দেন শিক্ষকেরাই। যাতে গরু-ছাগল ঢুকতে না পারে, তার জন্য লোহার জাল দিয়ে ঘেরা হয়েছে বাগান। প্রথমে ফুল ও ফলের বাগান তৈরি করা হয়েছে। ধীরে ধীরে ‘কিচেন গার্ডেন’ তৈরি করার ভাবনা। সেখানে থাকবে লাউ, কুমড়ো থেকে শুরু করে নানা ধরনের আনাজ। সম্পূর্ণ জৈব সার ব্যবহার করা হচ্ছে বাগানে।
স্কুলের শিক্ষকেরা জানান, বাগানে জল দেওয়ার জন্য মিডডে মিলের রান্নাঘরের জল ব্যবহার করা হচ্ছে। শিশু সংসদের প্রধানমন্ত্রী ঝুমঝুমি দাসের কথায়, ‘‘সব পড়ুয়া বাড়ি থেকে নানা ধরনের ফুল-ফলের গাছনিয়ে আসে। শিক্ষকেরা আমাদের পরামর্শ দেন।’’
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে