—প্রতিনিধিত্বমূলক ছবি।
বিধানসভা ভোটে উত্তর দিনাজপুর জেলার ন’টি বিধানসভা আসনে প্রার্থী চূড়ান্ত করতে রুদ্ধদ্বার বৈঠক করলেন প্রদেশ কংগ্রেসের তিন পর্যবেক্ষক। শুক্রবার তাঁরা রায়গঞ্জে দলের জেলা কার্যালয়ে পৃথক ভাবে রায়গঞ্জ, কালিয়াগঞ্জ, হেমতাবাদ, ইটাহার, করণদিঘি, চাকুলিয়া, গোয়ালপোখর, ইসলামপুর ও চোপড়া বিধানসভার কংগ্রেস নেতৃত্ব ও সংশ্লিষ্ট বিধানসভার প্রস্তাবিত দলীয় প্রার্থীদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন।
এই দিন প্রদেশ কংগ্রেসের তিন পর্যবেক্ষক শাকিল আহমেদ খান, সুদীপ রায় বর্মণ ও প্রকাশ জোশী ওই বৈঠক করেন। শাকিল বিহারের প্রাক্তন বিধায়ক। সুদীপ ত্রিপুরার বিধায়ক। প্রকাশ জাতীয় কংগ্রেসের প্রাক্তন সম্পাদক। কংগ্রেসের অন্দরের খবর, ইতিমধ্যেই, রায়গঞ্জ কেন্দ্রে মোহিতকে, ইটাহার কেন্দ্রে অমল আচার্যকে ও চাকুলিয়া কেন্দ্রে আলি ইমরান রমজ়কে (ভিক্টর) প্রার্থী করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছেন শীর্ষ নেতৃত্ব। বৈঠকের পরে শাকিল বলেন, “কংগ্রেস এ বারে বিধানসভা ভোটে একা লড়বে। জেলার নয়টি বিধানসভা ভোটে যোগ্যদের প্রার্থী করা হবে।” সুদীপের দাবি, জেলার কোনও বিধানসভা কেন্দ্রে বামেরা-সহ কোনও রাজনৈতিক দল প্রার্থী না দিয়ে কংগ্রেস প্রার্থীকে সমর্থন করলে কংগ্রেস স্বাগত জানাবে। এ দিনের বৈঠকে অমল ও ভিক্টর হাজির না হওয়ায় চর্চা শুরু হয়। শাকিল বলেন, “ওঁরা দলের কাজে বাইরে। আমাদের সঙ্গে কথা হয়েছে।”
এ দিন রায়গঞ্জে এমসের ধাঁচে হাসপাতাল তৈরি না হওয়ায়র জন্য তৃণমূল এবং বিজেপিকে বিঁধে সরব হন শাকিল। তিনি এই প্রসঙ্গে বলেন, “রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে যোগসাজ়শ করে রায়গঞ্জের প্রাক্তন কংগ্রেস সাংসদ প্রিয়রঞ্জন দাসমুন্সির স্বপ্ন এমসের ধাঁচে হাসপাতাল রায়গঞ্জ থেকে কল্যাণীতে সরিয়ে নিয়ে গিয়েছেন। কর্মসংস্থান না থাকায় জেলায় পরিযায়ী শ্রমিক বাড়ছে।”
তৃণমূলের সঙ্গে বিজেপির গোপন আতাত ও সংসদে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির বিরোধিতা না করার অভিযোগ তুলে সরব হয়ে শাকিল বলেন, “এ রাজ্যে একমাত্র কংগ্রেস বিজেপির প্রকৃত বিরোধিতা করছে। কর্মসংস্থান, উন্নয়ন ও সুশাসনের দাবিকে সামনে রেখে কংগ্রেস সর্বত্র বিধানসভা ভোটে লড়বে।” এ দিন জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের কটাক্ষ, “কংগ্রেসের পরিযায়ী নেতাদের কথার কোনও রকম গুরুত্ব নেই।” বিজেপির জেলা সভাপতি নিমাইচন্দ্র কবিরাজ বলেন, “জেলায় কংগ্রেস তৃণমূলকে সুবিধা করে দেওয়ার চেষ্টা করছে।”
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে