ক্যাম্প করে তফশিলি জাতি ও উপজাতির ছেলে মেয়েদের হাতে সার্টিফিকেট তুলে দিলেন প্রশাসনের কর্তারা। শুক্রবার দুপুরে গোয়ালপোখর থানার নন্দঝাড় আদিবাসী হাইস্কুল ও পাঞ্জিপাড়া হাইস্কুলে ক্যাম্প করেন তাঁরা। সেখানে উপস্থিত ছিলেন ইসলামপুর মহকুমা শাসক দফতরের ডেপুটি ম্যাজিস্ট্রেট বিমল কৃষ্ণ সাহা, গোয়ালপোখরের বিডিও রাজু সেরপা সহ ব্লক ও মহকুমা প্রশাসনের আধিকারিকেরা। প্রশাসনের কর্তারা জানিয়েছেন, যারা অনলাইনে তফশিলি জাতি ও উপজাতির সার্টিফিকেটের জন্য আবেদন করেছেন তাঁদের ওই সার্টিফিকেট তুলে দেওয়া হয়েছে। বিডিও রাজু সেরপা বলেন, এই প্রথম স্কুলে গিয়ে ছাত্রদের হাতে হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি ছাত্রছাত্রীরা যাতে সার্টিফিটেক তৈরি করতে গিয়ে দালাল চক্রে না পড়ে সেই বিষয়টি নিয়ে একটি সচেতনতা শিবিরও হয় সেখানে।