Shoot Out

শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে গুলি করে খুন! মধ্যমগ্রামে তাঁর গাড়ি লক্ষ্য করে পর পর গুলি চালায় দুষ্কৃতীরা

বুধবার রাতে চন্দ্রনাথের গাড়ি ধাওয়া করা হয়। মধ্যমগ্রামের দোহারিয়াতে তাঁর গাড়ি লক্ষ্য করে চার রাউন্ড গুলি করা হয় বলে স্থানীয় সূত্রে খবর।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ মে ২০২৬ ২৩:২৯
Share:

নিহত চন্দ্রনাথ রথ। ছবি: সংগৃহীত।

শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে গুলি করে খুন। বুধবার রাতে মধ্যমগ্রামের দোহাড়িয়ায় বাইকে করে এসে তাঁর গাড়ি লক্ষ্য করে এলোপাথারি গুলি চালায় দুষ্কৃতীরা। গাড়িতে চন্দ্রনাথের সঙ্গে আর এক যুবকও ছিলেন। তাঁর নাম বুদ্ধদেব বেরা। তাঁদের দু’জনকেই উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসকেরা চন্দ্রনাথকে মৃত বলে ঘোষণা করেন। বুদ্ধদেবকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতার বাইপাসের একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, বুধবার রাতে চারটি বাইকে মোট আটজন দুষ্কৃতী চন্দ্রনাথের গাড়ি পিছু করে। গাড়িটি দোহাড়িয়া লেনের ভিতরে ঢুকছিল, সেই সময় উল্টো দিক থেকে দুষ্কৃতীরা এলোপাথারি গুলি চালায় বলে অভিযোগ। জানা গিয়েছে, গাড়িটা যে গলিতে ঢুকেছে, সেটা আগে থেকে খবর দেওয়া হয়েছিল। খবর পেয়ে আততায়ীরা উল্টো দিক থেকে বাইক নিয়ে এসে গুলি করেছে। বাইক আরোহীর মাথায় হেলমেট ছিল।

হাসপাতালের কর্ণধার প্রতিম সেনগুপ্ত জানান, চন্দ্রনাথের বুকের বাঁ দিকে দু’টি গুলি লেগেছে। সিপিআর দিয়েও বাঁচানো যায়নি। মৃত অবস্থাতেই হাসপাতালে আনা হয়েছিল। চিকিৎসক প্রীতম রাউন্ডে ছিলেন। চন্দ্রনাথের সঙ্গী বুদ্ধদেবের তিনটি গুলি লেগেছে। বুকের ডান দিকে, একটি পেটে ও একটি ডান হাতে। তাঁর জ্ঞান ছিল। প্রাথমিক চিকিৎসা করে কলকাতার হাসপাতালে তাঁকে স্থানান্তর করা হয়। তাঁর অস্ত্রোপচার দরকার।

Advertisement

আদতে পূর্ব মেদিনীপুরের হলেও চন্দ্রনাথ দীর্ঘদিন উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম এলাকার বাসিন্দা। বিজেপির একটি সূত্র জানাচ্ছে, ভবানীপুরে বিজেপি প্রার্থী শুভেন্দুর হয়ে যে ‘টিম’ কাজ করেছিল তার অন্যতম সদস্য ছিলেন চন্দ্রনাথ। তাঁর সঙ্গে গুলিবিদ্ধ বুদ্ধদেবও ওই টিমের সদস্য ছিলেন।

ঘটনার খবর পেয়ে ইতিমধ্যেই বিজেপির বিধায়ক ও নেতারা মধ্যমগ্রামের হাসপাতালে পৌঁছেছেন। শঙ্কর ঘোষ, পীযূষ কানোরিয়া, কৌস্তভ বাগচী, রাজ্য বিজেপির সহ-সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়-সহ অনেকেই হাসপাতালে জড়ো হয়েছেল। এসেছেন শুভেন্দুও। হাসপাতালের সামনে বিপুল ভিড়। ভিতরেও ভিড় জমে গিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement