RG Kar Case

নাম-পরিচয় প্রকাশ্যে আনতে চান নির্যাতিতার বাবা-মা

শিয়ালদহের অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক সুলতান মামুদের এজলাসে আর জি কর সংক্রান্ত মামলার শুনানি ছিল।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:০২
Share:

—প্রতীকী চিত্র।

নিজেদের এবং মেয়ের নাম-পরিচয় প্রকাশ্যে আনতে চান আর জি মেডিক্যাল কলেজ হাসপাতালে খুন-ধর্ষণের শিকার পড়ুয়ার বাবা মা। শুক্রবার শিয়ালদহ আদালতের বাইরে এই কথা জানিয়েছেন নির্যাতিতার বাবা-মা। তাঁরা বলেন, ‘‘এই আর্জি নিয়ে আদালতে পিটিশন জমা দেওয়ার ব্যাপারে চিন্তাভাবনা করছি আমরা।’’

এ দিন শিয়ালদহের অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক সুলতান মামুদের এজলাসে আর জি কর সংক্রান্ত মামলার শুনানি ছিল। সেই শুনানি শুরুর আগে কোর্টের বাইরে আর জি করের নির্যাতিতার মা বলেন, ‘‘আমার মেয়ে অনেক লড়াই করে ওই জায়গায় পৌঁছেছিল। এই ঘটনায় মেয়ের নামটাই হারিয়ে গিয়েছে। তাই আমরা এই পদক্ষেপের চিন্তাভাবনা করছি।’’ তবে আইন অনুযায়ী ধর্ষণ-সহ যৌন নির্যাতনের মতো অপরাধের ক্ষেত্রে নির্যাতিতা এবং তাঁর বাবা-মায়ের নাম-পরিচয় প্রকাশ করা যায় না।

ফোনে নির্যাতিতার বাবা আরও বলেন, ‘‘আমাদের তিন জনের নাম প্রকাশ্যে আনার আর্জি নিয়ে শীঘ্রই আদালতে পিটিশন দেব। আমরা আর ক্যামেরার পিছনে থাকতে চাই না, ক্যামেরার সামনে আসতে চাই।’’ এই বিষয়ে নির্যাতিতার বাবা-মায়ের আইনজীবী অমর্ত্য দে বলেন, ‘‘নির্যাতিতার বাবা-মা নিজেদের নাম-পরিচয় প্রকাশ্যে আনতে চাইলে আদালতে পিটিশন জমা দিতেই পারেন।’’ এ দিন শিয়ালদহ আদালতে আর জি কর মামলায় তদন্তের অগ্রগতির নবম রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। সিবিআই সূত্রের খবর, চার পাতার ওই রিপোর্টে জানানো হয়েছে, আরও পাঁচ জনের বয়ান নথিভুক্ত করা হয়েছে। পরবর্তী শুনানি ২৩ এপ্রিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন