Weather Forecast of West Bengal

দক্ষিণ থেকে উত্তরবঙ্গ, রাজ্যের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি! সঙ্গে ঝোড়ো হাওয়াও, জারি করা হল সতর্কতা

উত্তর-পশ্চিম উত্তরপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। সেই অক্ষরেখা রয়েছে উত্তরবঙ্গের উপরেও। আর সে কারণে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৬ ১০:১৯
Share:

প্রতিনিধিত্বমূলক ছবি।

দক্ষিণ থেকে উত্তরবঙ্গ, রাজ্যের সব জেলাতেই বৃষ্টি হবে। কোথাও হালকা থেকে মাঝারি। কোথাও আবার ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। সঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়াও চলতে পারে কোথাও কোথাও। বৃহস্পতিবার রাজ্যের আবহাওয়ার ছবিটা মোটের উপর এ রকমই থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

Advertisement

কলকাতাতেও বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টি চলছে। বুধবারও সকাল থেকে শহরের আকাশ মেঘলা ছিল। রাতে বৃষ্টি হয়েছে কোথাও কোথাও। তবে বৃহস্পতিবার ভোর থেকেই বৃষ্টি শুরু হয়েছে শহর জুড়ে। কখনও জোরে, কখনও হালকা বৃষ্টি হচ্ছে। সারা দিন এই পরিস্থিতি থাকবে বলে পূর্বাভাস রয়েছে। শহরে দিনের সর্বনিম্ন তাপমাত্রাও এক ধাক্কায় স্বাভাবিকের থেকে ৩.৯ ডিগ্রি সেলসিয়াস কমে গিয়েছে।

আবহওয়া দফতর জানিয়েছে, উত্তর-পশ্চিম উত্তরপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। উত্তরবঙ্গের উপরেও এই অক্ষরেখা রয়েছে। সে কারণে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে। এই জলীয় বাষ্প থেকেই বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে ঝড়বৃষ্টি বাড়বে। তবে শুক্রবার থেকে পরিস্থিতির উন্নতি হবে। এ ছাড়াও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করেছে ছত্তীসগঢ় এবং সংলগ্ন এলাকায়। ফলে বৃষ্টির একটি অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।

Advertisement

কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। ঝড়ের হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে দিঘা (২৭ মিমি), কাঁথি (২৬), সিউড়ি (১৯.৪), কলাইকুণ্ডা (১৯), সাগরদ্বীপ (১৮.৮), শ্রীনিকেতন (১৬), দমদম (১৫.৭) এবং হলদিয়ায় (১৩.৫)।

অন্য দিকে, উত্তরবঙ্গেরও সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে পাঁচ জেলায় বৃষ্টির সঙ্গে ৪০-৫০ কিলোমিটার বেগে ঝড়ও হতে পারে। সেগুলি হল দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার।

Advertisement

তবে শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা কমবে। শনিবার থেকে সোমবার পর্যন্ত শুষ্ক আবহাওয়া থাকবে। তার জেরে তাপমাত্রা বাড়বে। তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান। সোম এবং মঙ্গলবার স্থানীয় ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে পশ্চিমের দু’একটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকবে। উত্তরবঙ্গে ১৬ এপ্রিল পর্যন্ত ঝড়বৃষ্টি চলবে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে নির্বাচনী জনসভা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তিনি হলদিয়া, আসানসোল এবং সিউড়িতে জনসভা করবেন। ঘটনাচক্রে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্য দিকে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও বৃহস্পতিবার সভা রয়েছে উত্তর ২৪ পরগনার পাঁচ জায়গায়। মিনাখাঁ, পলতা, আগরপাড়া, বরাহনগর এবং বাগুইআটি। এই জেলাতেও বিক্ষিপ্ত বৃষ্টি এবং ঝড়ের পূর্বাভাস রয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement