টুকরো খবর

‘ডাইনি’ অপবাদে দীর্ঘদিন ধরে এক বৃদ্ধাকে সামাজিক বয়কট করে রেখেছিলেন গ্রামবাসীদের একাংশ। শেষ পর্যন্ত বিডিও-র উদ্যোগে সমাজের মূলস্রোতে ফিরতে পারলেন ওই বৃদ্ধা। বাঁকুড়ার সোনামুখী থানার পাঁচাল পঞ্চায়েতের হুড়হুড়া গ্রামের ঘটনা।প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মাস তিনেক আগে ওই গ্রামের একাধিক বাড়িতে জ্বরের প্রকোপ দেখা দিয়েছিল।

Advertisement
শেষ আপডেট: ৩১ জুলাই ২০১৪ ০০:২৭
Share:

ডাইনি অপবাদ, বৃদ্ধাকে সমাজে ফেরাল প্রশাসন

Advertisement

নিজস্ব সংবাদদাতা • সোনামুখী

‘ডাইনি’ অপবাদে দীর্ঘদিন ধরে এক বৃদ্ধাকে সামাজিক বয়কট করে রেখেছিলেন গ্রামবাসীদের একাংশ। শেষ পর্যন্ত বিডিও-র উদ্যোগে সমাজের মূলস্রোতে ফিরতে পারলেন ওই বৃদ্ধা। বাঁকুড়ার সোনামুখী থানার পাঁচাল পঞ্চায়েতের হুড়হুড়া গ্রামের ঘটনা।প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মাস তিনেক আগে ওই গ্রামের একাধিক বাড়িতে জ্বরের প্রকোপ দেখা দিয়েছিল। আর তার জেরেই অন্ধবিশ্বাসে ভোগা গ্রামের লোকেদের কোপে পড়েন ওই বৃদ্ধা। সোনামুখীর বিডিও বিশ্বজিৎ ভট্টাচার্য জানিয়েছেন, জ্বর ছড়ানোর জন্য ওই বৃদ্ধাকে ডাইনি অপবাদ দেওয়া হয়। বর্ধমান জেলার বারাবনির পঞ্চমুখ হনুমান মন্দিরে তাঁকে নিয়ে যান গ্রামবাসীদের একাংশ। সেখানে এক গুণিন তাঁকে ডাইনি বলে ঘোষণা করে দেন। একই সঙ্গে ওই বৃদ্ধাকে আট হাজার টাকা জরিমানাও করা হয়। এখানেই শেষ নয়, বৃদ্ধার পরিবারের কাছ থেকে এর পরে গ্রামবাসীরা আরও সাড়ে সাত হাজার টাকা দাবি করেন। তারই প্রতিবাদে বৃদ্ধার স্বামী বিডিও-র দ্বারস্থ হন। বিডিও ঘটনার তদন্তে নামেন। বুধবার ওই বৃদ্ধার পরিবার এবং গ্রামবাসীর সঙ্গে পুলিশকে নিয়ে আলোচনায় বসেন বিডিও। সেখানেই তিনি গ্রামবাসীদের ওই বৃদ্ধাকে ফের সমাজে ফেরানোর নির্দেশ দেন। পুলিশকেও বিষয়টির উপরে নজর রাখতে বলেন। বিশ্বজিৎবাবু বলেন, “ওই বৃদ্ধাকে গ্রামের কেউ বয়কট করলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে প্রশাসন। ওই গ্রামে এই ধরনের ঘটনা আর যাতে না ঘটে, সে ব্যাপারেও গ্রামবাসীদের সাবধান করেছি।”

Advertisement

শান্তিনিকেতনে ছাত্রীর ব্যাগ ছিনতাই

Advertisement

নিজস্ব সংবাদদাতা • শান্তিনিকেতন

ফের এক ছাত্রীর ব্যাগ ছিনতাই হল শান্তিনিকেতনে। এ বার ঘটনাস্থল, বিশ্বভারতীর সুবর্ণরেখা বইয়ের দোকান লাগোয়া এলাকা। সেবাপল্লি থেকে পিয়ারসন মেমোরিয়াল হাসপাতালের দিকে যাওয়ার সময়ে এই ঘটনাটি ঘটেছে। কেন্দ্রীয় দফতরের পিছন দিকে, পিয়ারসন মেমোরিয়াল হাসপাতাল লাগোয়া চিকিৎসক ও সেবিকাদের আবাসন এলাকায় এমন ঘটনায় ক্ষোভ বাড়ছে। পুলিশ ও বিশ্বভারতী নিরাপত্তা দফতর সুত্রে জানা গিয়েছে, বুধবার দুপুর একটা নাগাদ উদ্ভিদ বিদ্যা বিভাগের স্নাতক স্তরের দ্বিতীয় বর্ষের বাংলাদেশের ছাত্রী ময়ূরাক্ষী সান্যাল কেন্দ্রীয় গ্রন্থাগারের পিছন দিকে হাসপাতালের দিকে যাছিলেন। ওই সময়ে পিছন থেকে এক জন বাইক আরোহী দ্রুত গতিতে এসে কিছু বোঝার আগেই ওই ছাত্রীর সাইকেল বাস্কেট থেকে ব্যাগ ছিনতাই করে নিয়ে পালায়। ছাত্রীর চিৎকার শুনে আবাসিকের এসে পড়েন। ততক্ষণে অবশ্য গা ধাকা দিয়েছে ওই বাইক আরোহী। প্রসঙ্গত, দিন কয়েক আগে অসমের এক ছাত্রীর ব্যাগ ছিনতাই হয়েছিল বোলপুরের এসডিপিও দফতরে সামনে থেকে। গত এক মাসে এলাকায় ছাত্রীদের ব্যাগ ছিনতাই ঘটনা কম করে পনেরোটি ঘটেছে বলে ছাত্রছাত্রীদের দাবি। তাঁরা জানান, বারে বারে বিশ্বভারতীর নিরাপত্তা বিভাগ এবং শান্তিনিকেতন তদন্ত কেন্দ্র ও বোলপুর থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে। কিন্তু কোনও ঘটনার কিনারা করতে পারেনি পুলিশ। অবিলম্বে কিনারার দাবিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিক পুলিশ। বিশ্বভারতীর মুখ্য নিরাপত্তা আধিকারিক ইউ পি সিংহ বলেন, “গোটা বিষয়টি বোলপুর পুলিশকে জানানো হয়েছে।” বোলপুরের এস ডি পি ও সূর্য প্রতাপ যাদব বলেন, “লিখিত অভিযোগ এখনও পাইনি। অভিযোগ হাতে পেলে ব্যবস্থা নেব।”

মমতার সভাস্থলে এভিএস

নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া

হুড়ার লালপুর টেলিকম ময়দানে আজ বৃহস্পতিবার দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সভা করার কথা। কিন্তু ময়দানের আশপাশের ঝোপঝাড় থাকায় সাপেদের উপদ্রবের ভয়ে সতর্ক প্রশাসন। তাই আগে থাকতেই মাঠের বিভিন্ন দিকের ঝোপঝাড় সাফ করে দেওয়া হয়েছে। মাটি খোঁড়ার যন্ত্র দিয়ে গর্তও খোঁড়াখুঁড়ি করে সমতল করা হয়েছে। কিন্তু তবুও সাবধানের মার নেই। জেলা প্রশাসনের এক আধিকারিক বুধবার জানিয়েছেন, এ দিন সভাস্থল ও আশপাশের এলাকায় কাবোর্লিক অ্যাসিড ছড়ানো হয়েছে। পূর্ত দফতরের এক কর্তার কথায়, “বর্ষাকালে সাপ বেরোতেই পারে। তাই আগাম সতর্কতা হিসেবে কাবোর্লিক অ্যাসিড ছড়িয়ে রাখা হল।” এখানেই শেষ নয়। মুখ্যমন্ত্রীর সভাস্থলে রাখা হচ্ছে সাপেকাটার প্রতিষেধক এভিএস। বেশ কয়েকজন স্বাস্থ্যকর্মীও থাকছেন। স্বাস্থ্য দফতরের এক কর্তা বলেন, “আমরা এভিএস ও স্যালাইন সবই মজুত রাখছি। একেবারে হাতের কাছে সব থাকবে। কারণ যদি কাউকে সাপে ছোবল মারে, তৎক্ষণাৎ চিকিৎসার ব্যবস্থা রাখা হচ্ছে।” আর মাওবাদীদের শহীদ সপ্তাহের মধ্যেই সভা। তাই নিরাপত্তার আয়োজনও বেশ কড়া থাকছে। থাকছেন হাজার দেড়েক পুলিশ কর্মী।

বধূ খুনের দায়ে দোষী সাব্যস্ত পড়শি

নিজস্ব সংবাদদাতা • বোলপুর

বধূকে খুনের দায়ে প্রতিবেশী এক ব্যক্তিকে বুধবার দোষী সাব্যস্ত করলেন বোলপুরের অতিরক্ত জেলা জজ সিদ্ধার্থ রায়চৌধুরী। সরকারী পক্ষের আইনজীবী মহম্মদ সামসুজ্জোহা বলেন, “২০০৭ সালের ১২ নভেম্বর ইলামবাজার থানার পাঁচতেতুল গ্রামে গৃহবধূ মানোয়ারা বিবিকে অনিচ্ছাকৃত খুনের দায়ে প্রতিবেশী ব্যক্তি শেখ আনারুলকে বুধবার বোলপুরের অতিরক্ত জেলা জজ সিদ্ধার্থ রায়চৌধুরী দোষী সাব্যস্ত করেছেন। আজ বৃহস্পতিবার সাজা ঘোষণা হবে।” পাঁচতেতুল গ্রামের বাসিন্দা শেখ সামসুলের ভাই শেখ কেরামতের বাড়ির পাশে ওই গ্রামের বাসিন্দা শেখ আনারুল এবং তার সাঙ্গপাঙ্গরা দুপুরে তাস খেলছিল। তার প্রতিবাদ করায় শেখ কেরামতকে মারধর করা হয়। ভাইকে মারধর করা হচ্ছে দেখে দাদা শেখ সামসুল, বৌদি মানোয়ারা বিবি এবং ভাইপো শেখ হালিম ওই ঘটনার প্রতিবাদ করেন। ওই সময়ে আক্রোশের বসে শেখ আনারুল একটি শাবল দিয়ে মানোয়ারা বিবির মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। ওই ঘটনায় শেখ আনারুল-সহ আট জনের বিরুদ্ধে ইলামবাজার থানায় লিখিত অভিযোগ করেছিলেন নিহতের স্বামী শেখ সামসুল। ময়নাতদন্তকারী চিকিৎসক, ঘটনার তদন্তকারী অফিসার নিয়ে মোট ১৬ জনের সাক্ষ্য নিয়েছে আদালত। অনিচ্ছাকৃত খুন-সহ ৬টি ধারায় শেখ আনারুল ও তার সাঙ্গপাঙ্গ নিয়ে মোট আট জনের বিরুদ্ধে মামলা দায়ের হয় ইলামবাজার থানায়।

অগ্নিদগ্ধ হয়ে বধূর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা • মহম্মদবাজার

এক গৃহবধুর অস্বাভাবিক মৃত্যুর খবর পেয়ে দেহ উদ্ধার করল পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মহম্মদবাজারের কামড়া নবগ্রামে। পুলিশ জানায়, মৃতার নাম টুম্পা বেসড়া(১৯)। বছর খানেক আগে তাঁর বিয়ে হয়। মঙ্গলবার সন্ধ্যায় চা পাতা আনাকে কেন্দ্র করে স্বামী সুনীচরনের সঙ্গে সামান্য বচসা হয়। তাঁর স্বামীর দাবি, ওই বচসাকে কেন্দ্র করে টুম্পাদেবী গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে নেন। সুনিচরন বলেন, “বাড়িতে চা পাতা শেষ হয়ে গিয়েছিল। চা পাতা আনাকে কেন্দ্র করে আমাদের মধ্যে একটু বচসা হয়। তারপর আমি চা পাতা কিনতে বেরিয়ে যাই। কিছুক্ষণ পর চা পাতা নিয়ে বাড়ি ফিরে দেখি, স্ত্রী গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়েছে। আমি কিছু বুঝে ওঠার আগেই সব শেষ হয়ে যায়।” পড়শিরা জানান, ওই দম্পতির মধ্যে কোনও অশান্তি ছিল না। সামান্য ঘটনাকে কেন্দ্র করে কেন এমন হল কেউ বুঝে উঠতে পারছেন না। পুলিশ জানায়, মৃত দেহটি ময়না তদন্তের জন্য সিউড়ি পাঠানো হয়েছে। অভিযোগ দায়ের হয়নি।

পুরুলিয়া-বাঁকুড়া সফরে মমতা

নিজস্ব সংবাদদাতা • বাঁকুড়া

মাওবাদীদের শহিদ সপ্তাহের মধ্যেই (২৮ জুলাই-৩ অগস্ট) বুধবার পুরুলিয়ায় পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সড়ক পথে কলকাতা থেকে দুর্গাপুর, বাঁকুড়া হয়ে বুধবার রাত পৌনে ৮টা নাগাদ তিনি পুরুলিয়ায় সার্কিট হাউসে পৌঁছন। উন্নয়নমূলক কাজের পর্যালোচনা করতে তিনি পুরুলিয়া ও বাঁকুড়া জেলা সফরে এসেছেন। আজ, বৃহস্পতিবার দুপুরে পুরুলিয়া জেলা পরিষদের সভাকক্ষে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকের কথা। বিকেলে হুড়ার লালপুর টেলিকম ময়দানে তিনি প্রশাসনিক সভা করবেন। সেখান থেকে তিনি বাঁকুড়া সার্কিট হাউসে গিয়ে রাতে প্রশাসনিক বৈঠক করবেন। শুক্রবার বেলিয়াতোড়ে মুখ্যমন্ত্রীর সভা রয়েছে।

জলে ডুবে মৃত্যু

নিজস্ব সংবাদদাতা • বিষ্ণুপুর

দ্বারকেশ্বর নদে স্নান করতে গিয়ে তলিয়ে মৃত্যু হল এক প্রৌঢ়ের। বুধবার সকালে বিষ্ণুপুরের ভাটড়া গ্রামের ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃতের নাম পার্থ বন্দ্যোপাধ্যায় (৫৫)। তিনি রাঁচি থেকে ভাটরা গ্রামের এক আত্মীয়ের বাড়ির অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন। বুধবার স্নান করতে গিয়ে নদীতে তলিয়ে যান। পরে স্থানীয় বাসিন্দারা তাঁর দেহটি উদ্ধার করেন।

বাড়ি ফিরল কিশোরী

নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া

উত্তরপ্রদেশের মির্জাপুর থেকে পালিয়ে এসে বলরামপুরে ধরা পড়ে গেল এক কিশোরী। বরাভূম স্টেশনে মঙ্গলবার সন্ধ্যায় বছর তেরোর ওই কিশোরীকে একা ঘুরতে দেখে রেলপুলিশ তাকে আটক করে। পরে তাকে বলরামপুর থানার হাতে তুলে দেওয়া হয়। জেলা চাইল্ড লাইনের মুখপাত্র দীপঙ্কর সরকার জানিয়েছেন, মেয়েটিকে আনন্দমঠ হোমে পাঠানো হয়েছে। ওই কিশোরীর নাম কবিতা নিশাদ। মামার বকুনি খেয়ে বাড়ি থেকে সে পালিয়ে এসেছে। দীপঙ্করবাবু বলেন, “এ দিন কিশোরীর বাড়ির লোকজন এসে তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে গিয়েছে।”

অভিযুক্ত টিএমসিপি নেতা

হুমকি মুখ্যমন্ত্রীর জেলা সফরের মধ্যে তাঁরই দলের এক ছাত্রনেতার বিরুদ্ধে বাঁকুড়ার একটি কলেজের টিচার ইনচার্জকে হুমকি, শাসানি দেওয়ার অভিযোগ উঠল। ইঁদপুর ব্লকের শালডিহা কলেজে বুধবার দুপুরের ঘটনা। ওই কলেজের টিচার ইনচার্জ মানিক দাস রাতে পুলিশের কাছে টিএমসিপির ইঁদপুর ব্লক সভাপতি আনন্দ পন্ডা-সহ কয়েকজনের বিরুদ্ধে তাঁকে মারধরের হুমকি, শাসানি দেওয়ার অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত টিএমসিপি নেতা অভিযোগ অস্বীকার করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও রাত পর্যন্ত অভিযুক্ত টিএমসিপি নেতা-সহ কাউকে গ্রেফতার করেনি। শিক্ষাঙ্গণে একের পর এক ছাত্রনেতার বিরুদ্ধে বাড়াবাড়ি করার অভিযোগ আগে অনেকবার উঠেছে। এ নিয়ে বারবার বিব্রত হয়েছেন দলের শীর্ষ নেতৃত্ব। গত সোমবার রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ছাত্রনেতাদের সংযমী হওয়া নির্দেশ দেন। তিনি জানান, কলেজ-বিশ্ববিদ্যালয়ে বহিরাগতরা ঢুকতে পারবেন না। ছাত্র ভর্তি করা নিয়েও কলেজে চাপাচাপি না করতে তিনি নির্দেশ দেন। কিন্তু তার দু’দিনের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফরের মধ্যেই এই অভিযোগ ওঠায়, শিক্ষামন্ত্রীর বার্তা তাঁর দলের ছাত্রনেতাদের কাছে পৌঁছেছে কি না তা নিয়ে প্রশ্ন তুলে দিল।

ডুবে মৃত্যু প্রৌঢ়ের

দ্বারকেশ্বর নদে স্নান করতে গিয়ে তলিয়ে মৃত্যু হল এক প্রৌঢ়ের। বুধবার সকালে বিষ্ণুপুরের ভাটড়া গ্রামের ঘটনা। মৃতের নাম পার্থ বন্দ্যোপাধ্যায় (৫৫)। তিনি রাঁচি থেকে ভাটরা গ্রামের এক আত্মীয়ের বাড়ির অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন। বুধবার স্নান করতে গিয়ে নদীতে তলিয়ে যান। স্থানীয় বাসিন্দারা তাঁর দেহটি উদ্ধার করেন।

ভ্রম সংশোধন

বুধবার ‘বাড়ছে শহর’ শীর্ষক গ্রাফিক্সে সুশান্ত মাহাতোর বক্তব্যে প্রকাশিত হয়েছে, “মোটা টাকা দিয়ে

পুরসভা থেকে বাড়ি তৈরির অনুমোদন পেয়েছি।” এই বক্তব্য নিয়ে তিনি আপত্তি জানিয়েছেন। তিনি বলেছিলেন,

“পুরসভায় ন্যায্য ফি দিয়ে আমি ওই অনুমোদন পেয়েছি।” এই ত্রুটির জন্য আমরা দুঃখিত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement