টুকরো খবর

মঞ্চে তখন পঞ্চায়েত সমিতির সভাপতি, বিডিও থেকে ব্লকের মান্যগণ্য ব্যক্তিরা বসেছিলেন। মাঠে চলছে রাজীব গাঁধী খেল অভিযানের ফাইনাল ফুটবল ম্যাচ। হঠাত্‌ আকাশ কালো করে নামল বৃষ্টি। সেই সঙ্গে শুরু হল তুমুল ঝড়। খেলা থামিয়ে সবাই দৌড় লাগাল।

Advertisement
শেষ আপডেট: ২১ অগস্ট ২০১৪ ০০:১৯
Share:

মঞ্চ ভেঙে আহত সাত
নিজস্ব সংবাদদাতা • মানবাজার

Advertisement

মঞ্চে তখন পঞ্চায়েত সমিতির সভাপতি, বিডিও থেকে ব্লকের মান্যগণ্য ব্যক্তিরা বসেছিলেন। মাঠে চলছে রাজীব গাঁধী খেল অভিযানের ফাইনাল ফুটবল ম্যাচ। হঠাত্‌ আকাশ কালো করে নামল বৃষ্টি। সেই সঙ্গে শুরু হল তুমুল ঝড়। খেলা থামিয়ে সবাই দৌড় লাগাল। হঠাত্‌ ঝড়ের বেগে উড়ে গেল মঞ্চের ত্রিপলের ছাউনি। হুড়মুড়িয়ে দর্শকদের কয়েকজন উঠে পড়েছিলেন মঞ্চে। ভার সামলাতে না পেরে ভেঙে পড়ল মঞ্চ। বুধবার বিকেলে মানবাজার ২ ব্লকের মুরগাডি মাঠে এই দুঘর্র্টনায় আহত হলেন সাত জন। তাঁর মধ্যে এক স্কুল শিক্ষককে মানবাজার গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। বাকিদের প্রাথমিক চিকিত্‌সার পরে ছেড়ে দেওয়া হয়। মানবাজার ২ বিডিও পার্থ কর্মকার বলেন, “ঝড়ের দাপটে হঠাত্‌ ছাউনি উড়ে যায়। বৃষ্টির হাত থেকে বাঁচতে অনেকেই মঞ্চের ওপরে উঠে যাওয়ায় এই বিপত্তি। কপাল ভালো তাই চোট পাইনি।” বসন্তপুর হাইস্কুলের প্রাক্তন শিক্ষক দেবাশিস দত্ত চোট পান। তিনি মঞ্চের নীচে চাপা পড়ে গিয়েছিলেন। তাঁর কথায়, “কী ভাবে পাটাতনের নীচে পড়ে গিয়েছিলাম বুঝতে পারিনি। কপাল ভাল, তাই বড় বিপদ হয়নি।” তাঁকে প্রাথমিক চিকিত্‌সার পরে ছেড়ে দেওয়া হয়। তবে, বসন্তপুর হাইস্কুলের প্রধান শিক্ষক অজয় মাহাতোর আঘাত গুরুতর। তাঁকে মানবাজার গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার থেকে দু’দিনের এই ফুটবল খেলা চলছিল। সন্ধ্যায় মানবাজার ২ পঞ্চায়েত সমিতির সভাপতি গীতা মাহাতো বলেন, “ভাগ্যিস সবাই মিলে উদ্ধারের কাজে নেমেছিলেন। না হলে আহতের সংখ্যা বাড়ত।”

Advertisement

বকুনি খেয়ে পালাল ছাত্র, আদ্রায় উদ্ধার আরপিএফের
নিজস্ব সংবাদদাতা • আদ্রা

পড়াশোনায় মন নেই দেখে বাবা ছেলেকে বকাবকি করেছিলেন। বলেছিলেন স্কুল থেকে ছাড়িয়ে নিজের হোটেলের কাজে ছেলেকে লাগিয়ে দেবেন। অভিমানে স্কুলে যাওয়ার নাম করে বাড়ি থেকে পালিয়েছিল সেই ছেলে। ঝাড়খণ্ডের সরাইকেলা-খারসোঁওয়া জেলার গামারিয়া থানার বড় গামারিয়ার বাসিন্দা সপ্তম শ্রেণির ছাত্র সেই রাহুল প্রামাণিককে মঙ্গলবার আদ্রায় রেল ইয়ার্ড এলাকা থেকে আরপিএফ উদ্ধার করে। বুধবার তাকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। আরপিএফ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় রেল ইয়ার্ডে স্কুলের পোশাক পরা একটি ছেলেকে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয়েছিল আরপিএফ কর্মীদের। তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, বকুনি খেয়ে অভিমানে সে ঘর ছেড়েছে। ব্যাগের মধ্যে থাকা স্কুলের ডায়েরি থেকে স্কুলের ফোন নম্বর নিয়ে বড় গামারিয়ার রাহুলের বেসরকারি স্কুলে যোগাযোগ করেন আরপিএফ-এর আদ্রার ওসি সঞ্জয় হাজরা। তিনি বলেন, “অচেনা জায়গায় এসে ছেলেটি কিছুটা হতচকিত হয়ে পড়েছিল। তাই বিশদে বাড়ির ঠিকানা বা ফোন নম্বর দিতে পারেনি। আমরা ওর স্কুলে যোগাযোগ করে ছেলেটির বাবা ঝুলন প্রামাণিকের ফোন নম্বর জোগাড় করে ঘটনাটি জানাই।” রাহুল বলে, “পড়াশোনা না করার জন্য বাবা বকেছিল। হোটেলের কাজে লাগিয়ে দেবে বলায় পালাই।” সে জানায়, স্কুলে না গিয়ে অটো ধরে চলে যায় কাঁদরা স্টেশনে। সেখানে থেকে টাটা-ধানবাদ সুবর্ণরেখা এক্সপ্রেসে চেপে সে আদ্রায় চলে আসে। এ দিকে ছেলেকে ফিরে পেয়ে খুশী ঝুলনবাবু ও তাঁর স্ত্রী সীমাদেবী। ঝুলনবাবু বলেন, “ছেলে মন দিয়ে পড়াশোনা করে না বলেই বকাঝকা করেছিলাম। রাগের মাথায় হোটেলের কাজে লাগিয়ে দেব বলায় সে যে বাড়ি ছেড়ে পালাবে আমি ভাবতে পারিনি।”

Advertisement

পড়শির দেহ দাহ করার পথে দুর্ঘটনায় মৃত যুবক
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া ও মানবাজার

দেহ আটকে অবরোধ।—নিজস্ব চিত্র।

শ্মশানে পড়শির দেহ দাহ করাতে গিয়ে বাসের ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। বুধবার বিকেলে পুরুলিয়া শহরের উপকন্ঠে শিমূলিয়া এলাকায়, পুরুলিয়া-জামশেদপুর (৩২ নম্বর) জাতীয় সড়কে এই দুর্ঘটনার পরে বাসিন্দারা যুবকের দেহ ফেলে রেখে পথ অবরোধ করেন। পুলিশ জানায়, মৃতের নাম উজ্জ্বল মাঝি (৪০)। পুরুলিয়া শহরের দাসপাড়ায় তাঁর বাড়ি। পরে পুলিশ বাসটি আটক করে। তবে চালক পালিয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই যুবক এ দিন পড়ার অন্যদের সঙ্গে এক পড়শির দেহ সত্‌কার করাতে শিমুলিয়া শ্মশানে গিয়েছিলেন। শ্মশানটি জাতীয় সড়ক লাগোয়া। অন্যদের সঙ্গে ওই যুবক রাস্তার ধারে দাঁড়িয়েছিলেন। হঠাত্‌ পুরুলিয়ার দিক থেকে যাওয়া একটি যাত্রিবাহী বাস তাঁকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ক্ষতিপূরণের দাবিতে লোকজন মৃতদেহ রেখে পথ অবরোধ শুরু করেন। অবরোধের ফলে দু’দিকেই প্রচুর যানবাহন আটকে যায়। পুলিশের আশ্বাসে পরে অবরোধ ওঠে। এ দিন দুপুরে বরাবাজার-মানবাজার রাস্তায় ডাহা গ্রামের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরবাইক উল্টে গিয়ে দু’জন আহত হন। তাঁরা তালড্যাংরা থানা এলাকার বাসিন্দা। তাঁদের মানবাজার গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র ও পুরুলিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সমস্যা মিটল সিউড়ি অফিসে
নিজস্ব সংবাদদাতা • সিউড়ি

পোস্ট পেইড কানেকশেনের বিল নেওয়ার ব্যবস্থা করল সরকারি টেলিপরিষেবা সংস্থা বিএসএনএলের সিউড়ি অফিস। বুধবার বিল নেওয়ার জন্য এক আধিকারিককে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিউড়ি ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার সুব্রত মুখোপাধ্যায়। গত ১৫ দিন ধরে বিল নেওয়ার কেউ না থাকায় ল্যান্ডলাইন, ব্রডব্যান্ড এবং পোস্ট পেইড মোবাইলের বিল না দিতে পেরে শহরের গ্রাহকদের ঘুরতে হচ্ছিল ওই টেলি-পরিষেবা সংস্থার সিউড়ি অফিস থেকে। সুব্রতবাবু বলেন, “ল্যান্ডলাইন, ব্রডব্যান্ডের বিল নেওয়ার সমস্যা ছিল না। হতে পারে মঙ্গলবার কিছুক্ষণের জন্য ওই কাউন্টারে কর্মী ছিলেন না। কিন্তু মোবাইলের পোস্টপেইড কানেকশন যে কাউন্টার থেকে নেওয়া হত সেখানে যিনি দায়িত্বে ছিলেন তিনি অসুস্থতার জন্য ছুটিতে থাকায় সমস্যা হচ্ছিল। বুধবার থেকে তা মিটে গিয়েছে।”

বিএসএনএল পরিষেবা বিঘ্নিত
নিজস্ব সংবাদদাতা • তারাপীঠ

কৌশিকী অমাবস্যার আগেই তারাপীঠে বিঘ্নিত হল বিএসএনএল পরিষেবা। এলাকাবাসীর অভিযোগ, তারাপীঠ এলাকায় বিএসএনএল পরিষেবা পাঁচ দিন ধরে খারাপ থাকার জন্য এলাকায় ব্যাঙ্কিং পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয় বাসিন্দা ও তারাপীঠে ঘুরতে আসা পর্যটকেরা। পোস্টঅফিসেও আর্থিক লেনদেন ব্যাহত হচ্ছে। এলাকার বাসিন্দাদের ক্ষোভ, তারাপীঠ একটি আন্তর্জাতিক তীর্থক্ষেত্র। অথচ এখানে প্রায় প্রতি মাসে বিএসএনএল পরিষেবায় গোলোযোগ দেখা দিচ্ছে। রবিবার কৌশিকী অমাবস্যা। সে জন্য তারাপীঠে শুক্রবার থেকে পর্যটকেরা ভিড় করতে থাকবেন। তার আগে বিএসএনএল পরিষেবা ঠিক না থাকলে অনেকেই অসুবিধার মধ্যে পড়বেন।

ট্রেনে কাটা পড়ে মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট

লাইন পার হওয়ার সময়ে মৃত্যু হল এক শিক্ষকের। বুধবার সকালে রামপুরহাট স্টেশনের ঘটনা। মৃতের নাম প্রশান্ত তালুকদার (৫৪)। বাড়ি রামপুরহাটের ১৬ নম্বর ওয়ার্ডে। প্রশান্তবাবু ১৯৮৪ সাল থেকে অঙ্কের শিক্ষক হিসেবে মুরারই কবি নজরুল স্কুলে পড়াতেন। মাঝে আংশিক সময়ের জন্য মুরারই কবি নজরুল কলেজেও পড়িয়েছেন।

টিটি টুর্নামেন্ট
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া

সিধো-কানহো-বীরসা বিশ্ববিদ্যালয়ের আওতায় থাকা কলেজগুলিকে নিয়ে টেবল টেনিস টুর্নামেন্ট হল বুধবার। পুরুলিয়া চিত্তরঞ্জন বালক উচ্চ বিদ্যালয়ে হয় এক দিনের এই প্রতিযোগিতা। বিশ্ববিদ্যালয়ের কলেজ সমূহের পরিদর্শক প্রিয়নাথ হালদার জানান, পুরুষদের বিভাগে জগন্নাথ কিশোর কলেজ চ্যাম্পিয়ন এবং রঘুনাথপুর কলেজ রানার্স হয়েছে। মেয়েদের বিভাগে নিস্তারিণী কলেজ চ্যাম্পিয়ন ও জগন্নাথ কিশোর কলেজ রানার্স হয়েছে।

বাড়িতে চুরি
নিজস্ব সংবাদদাতা • বিষ্ণুপুর

রাস্তার পাশে ধূপের দোকানে তালা ভাঙে দুষ্কৃতীরা। সেখানে কিছু পাওয়া যায়নি। শেষে দোকান লাগোয়া একটি বাড়ির পাঁচিল টপকে ভিতরে ঢুকে টেবিলের ড্রয়ার খুলে দু’টি মোবাইল ফোন, কিছু টাকা ও গয়নাগাটি নিয়ে পালাল দুষ্কৃতীরা। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে বিষ্ণুপুর শহরের কৃষ্ণগঞ্জ এলাকায়। বাড়ির কর্তা বংশীবদন দত্ত থানায় অভিযোগ করেছেন। পুলিশ এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করে।

যুবকের দেহ
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া

রেললাইনের ধার থেকে এক যুবকের দেহ উদ্ধার করল রেল পুলিশ। বুধবার সকালে পুরুলিয়া ও গৌরীনাথধাম স্টেশনের মাঝে রেল লাইনের ধারে এক যুবকের দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় মানুষজন। রেলপুলিশ জানিয়েছে, মৃতের নাম কুরবান আনসারি (৩২)। তাঁর বাড়ি পুরুলিয়া শহরের ভাটবাঁধ এলাকায়। রেলপুলিশের অনুমান, লাইনের পাশে হাঁটার সময় বা লাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় ওই যুবক মারা যান।

জন্মদিন পালন

নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট

বুধবার আইএনটিইউসি পরিচালিত রামপুরহাট ফুটপাত ক্ষুদ্র ব্যবসায়ী সংগঠন রাজীব গাঁধীর জন্মদিন পালন করল। এ দিন রামপুরহাটের পাঁচ মাথামোড়ে রাজীব গাঁধীর প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানের অনুষ্ঠানের সূচনা হয়।

দোকানে চুরি
নিজস্ব সংবাদদাতা • দুবারাজপুর

জানলা ভেঙে ফটোস্টুডিও থেকে মঙ্গলবার রাতে কম্পিউটার ও প্রিন্টার চুরির ঘটনা ঘটল দুবরাজপুর থানার যশপুরে। ওই দোকানটি সঞ্জয় সূত্রধর নামে স্থানীয় এক যুবকের। বুধবার সকালে তিনি দোকান খুলতে গিয়ে চুরির বিষয়টি জানতে পারেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

জামাইয়ের দেহ

শ্বশুরবাড়ির পাশেই গাছ থেকে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। মৃতের নাম পবন বাউরি (৩১)। বুধবার সকালে রঘুনাথপুর থানার বেড়ো গ্রাম থেকে তাঁর দেহটি উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে বছর সাতেক আগে বিয়ের পর থেকেই বেড়ো গ্রামে শ্বশুরবাড়িতে থাকতেন পবন। গত কয়েক বছর ধরে তিনি রোগে ভুগছিলেন। প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, দীর্ঘদিন অসুস্থতার ফলে মানসিক অবসাদের জেরে আত্মহত্যা করেছেন ওই যুবক।

স্কুলে অনুষ্ঠান

নবীন বরণ উত্‌সবে সাংস্কৃতিক অনুষ্ঠান হল রানিবাঁধের দেউলি শুক্লা হাইস্কুলে। বুধবার স্কুল প্রাঙ্গণে পঞ্চম ও একাদশ শ্রেণির নবাগত ছাত্রছাত্রীদের বরণ করা হয়।

সবিস্তার জানতে ক্লিক করুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement