Coronavirus

নির্দেশ হোম খালি করার

সূত্রের খবর,ওই হোমের আবাসিকদের মধ্যে অন্তত ৩০ জন আবাসিককে কোনও ভাবেই বাড়িতে পাঠানো সম্ভব নয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ মার্চ ২০২০ ০৫:০৫
Share:

ফাইল চিত্র

করোনা-মোকাবিলায় নিরাপদ দূরত্ব বজায় রাখার কথা বলা হচ্ছে। তারই প্রেক্ষিতে পুরুলিয়ার আদ্রার মনিপুর গ্রামের কুষ্ঠ পুনর্বাসন কেন্দ্র পরিচলিত ‘কটেজ হোম’ তথা ‘অরুণোদয় শিশু নিকেতন’-এর সমস্ত আবাসিককে ঘরে পাঠিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে পুরুলিয়া জেলা সমাজকল্যাণ দফতর। আর এই নির্দেশ পেয়ে উভয়সঙ্কটে পড়েছেন হোম কর্তৃপক্ষ।

Advertisement

কীসের সমস্যা?

সূত্রের খবর,ওই হোমের আবাসিকদের মধ্যে অন্তত ৩০ জন আবাসিককে কোনও ভাবেই বাড়িতে পাঠানো সম্ভব নয়। হোমের সম্পাদক নবকুমার দাস শুক্রবার দাবি করেন, ‘‘আবাসিকদের মধ্যে ১০ জন অনাথ। বাকিদের পরিবারের আর্থিক অবস্থা এতটাই খারাপ, যে তাদের বাড়িতে পাঠানো সম্ভব নয়। তাই হোম খালি করার নির্দেশ পেয়ে আমরা উভয় সঙ্কটে পড়েছি।’’

Advertisement

আদ্রার পাশের মনিপুর গ্রামের কুষ্ঠ পুনর্বাসন কেন্দ্র পরিচালিত ওই হোমে মূলত থাকে কুষ্ঠ রোগাক্রান্ত পরিবারগুলির সুস্থ ছেলেমেয়েরা। বর্তমানে হোমে ছেলে ও মেয়ে মিলিয়ে আবাসিকের সংখ্যা ১৪৬ জন। বুধবার জেলা সমাজকল্যাণ দফতর নোভেল করোনাভাইরাস নিয়ে সাবধানতায় হোম খালি করার নির্দেশ দিয়েছেন। হোম সূত্রের খবর, নির্দেশ পাওয়ার পরেই যে সমস্ত আবাসিকদের পরিবারের অবস্থা কিছুটা ভাল, তাঁদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার প্রায় পঞ্চাশ জন আবাসিক বাড়ি চলে গিয়েছে।

কিন্তু বাকিরা বাড়ি যেতে চাইছেন না বলে দাবি করছেন হোমের সম্পাদক নবকুমারবাবু। তিনি বলেন, ‘‘হোমের অন্তত সত্তর-আশি জন আবাসিকের পরিবারের আর্থিক অবস্থা খুবই খারাপ। অনেকেই ভিক্ষা করে দিন গুজরান করেন। তাঁরা ছেলেমেয়েদের বাড়িতে নিয়ে যেতে চাইছেন না।’’ তিনি জানান, সমস্যার কথা তাঁরা সমাজকল্যাণ দফতরকে জানিয়েছেন। কিন্তু সেখান থেকেও হোমের আবাসিকদের বাড়িতে পাঠানোর উপরে জোর দেওয়া হচ্ছে। তারই মধ্যে আজ, শনিবার আরও অন্তত জনা পঞ্চাশ-ষাট জনকে এক প্রকার জোর করেই বাড়িতে পাঠানো হচ্ছে বলে জানান নবকুমারবাবু।

কিন্তু তার পরেও হোম খালি করে দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানাচ্ছেন হোম কর্তৃপক্ষ। নবকুমারবাবু বলেন, ‘‘যারা পুরোপুরি অনাথ, তাদের কোথায় পাঠাব? এ ছাড়া, ১৫-২০ জনের পরিবারের অবস্থা এতটাই শোচনীয় যে তাদের বাড়িতে পাঠানো কোনও ভাবেই সম্ভব নয়।”

মনিপুরের অরুণোদয় শিশু নিকেতন হোমের সমস্যা নিয়ে রঘুনাথপুর ১ ব্লকের সমাজ কল্যাণ দফতরের আধিকারিক কল্যাণপ্রসাদ চট্টোপাধ্যায় এ দিন হোম কর্তৃপক্ষর সঙ্গে আলোচনা করেছেন।

তিনি বলেন, ‘‘করোনাভাইরাসের সংক্রমণ থেকে আবাসিকদের রক্ষা করতেই হোম খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। হোম কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় জানানো হয়েছে, যাঁরা কোনও ভাবেই বাড়িতে যেতে পারছে না, তাদের হোমের মধ্যে এক সঙ্গে না রেখে ছড়িয়ে ছিটিয়ে রাখার ব্যবস্থা করতে হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement