পুরুলিয়ায় ফের ডাইনি অপবাদ দিয়ে নির্যাতন

শারীরিক অসুস্থতার দোহাই দিয়ে ফের এক প্রৌঢ়াকে ডাইনি অপবাদ দিয়ে নির্যাতনের অভিযোগ উঠল। পুরুলিয়া শহরের পরে এ বারের ঘটনাস্থল জয়পুর থানার ঝগড়াটাঁড় গ্রাম। ঘটনার পরে নির্যাতিতার ছেলে জয়পুর থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ তাঁদের ফিরিয়ে দেয় বলেও অভিযোগ। শেষ অবধি তিনি পুরুলিয়ায় এসে পুলিশ সুপারের কাছে অভিযোগ দায়ের করেছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ জুন ২০১৫ ০১:১৭
Share:

শারীরিক অসুস্থতার দোহাই দিয়ে ফের এক প্রৌঢ়াকে ডাইনি অপবাদ দিয়ে নির্যাতনের অভিযোগ উঠল। পুরুলিয়া শহরের পরে এ বারের ঘটনাস্থল জয়পুর থানার ঝগড়াটাঁড় গ্রাম। ঘটনার পরে নির্যাতিতার ছেলে জয়পুর থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ তাঁদের ফিরিয়ে দেয় বলেও অভিযোগ। শেষ অবধি তিনি পুরুলিয়ায় এসে পুলিশ সুপারের কাছে অভিযোগ দায়ের করেছেন।

Advertisement

নির্যাতিতার ছেলে জানিয়েছেন, ঝগড়াটাঁড় গ্রামে তাঁদের এক পড়শির মেয়ে জয়পুর গার্লস স্কুলের ছাত্রীনিবাসে থেকে পড়াশোনা করে। মেয়েটির শরীর খারাপ হওয়ায় ওই পড়শি গত ২০ জুন তাকে ছাত্রীনিবাস থেকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসেন। মেয়েটি বেশ কিছুদিন ধরেই পেটের সমস্যায় ভুগছিল। ওই যুবকের অভিযোগ, ‘‘মেয়েকে বাড়িতে ফিরিয়ে আনার পরেই ওই প্রতিবেশী আমার মাকে ডাইনি অপবাদ দিতে থাকে। বলতে থাকে, মায়ের নজরের কারণেই তার মেয়ের শরীর খারাপ হচ্ছে। ২০ জুন রাত আটটা নাগাদ মাকে গলিগালাজ করার পরে মারধরও করে ওই পড়শি। আমরা প্রতিবাদ করলে মাকে খুনের হুমকিও দেয়।’’ দু’দিন প্রচণ্ড বৃষ্টির কারণে ওই পরিবার থানায় যেতে পারেনি। যুবকটির অভিযোগ, ২৩ তারিখ জয়পুর থানায় গেলে থানা থেকে তাঁকে পরের দিন আসতে বলা হয়। পর দিনও থানায় অভিযোগ নিতে চায়নি। নিরুপায় হয়ে তিনি পুলিশ সুপারের কাছে এসে অভিযোগ জানিয়েছেন।

বিজ্ঞান মঞ্চের জেলা সম্পাদক নয়ন মুখোপাধ্যায় বলেন, ‘‘আমি ঘটনাটি শুনেছি। আমার সঙ্গে নির্যাতিতার ছেলের কথা হয়েছে। পুলিশের কাছে অভিযোগ জানাতে গেলে ফিরিয়ে দেওয়া হয়েছে। পুলিশকে অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে।’’ ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির জেলা সম্পাদক মধুসূদন মাহাতো বলেন, ‘‘বিভিন্ন জায়গায় ডাইনি অপবাদ দিয়ে এ রকম ঘটনা ঘটছে। পুলিশকে আরও তৎপর হতে হবে। পুলিশ অভিযোগ এবং ব্যবস্থা নিলে এ ভাবে ডাইনি অপবাদ দিয়ে নির্যাতনের ঘটনা বন্ধ হতে পারে।’’ অভিযুক্ত পড়শির মোবাইলে ফোন করে কোনও সাড়া মেলেনি। জেলা পুলিশ সুপার রূপেশ কুমার বলেন, ‘‘ওই যুবককে অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে মামলা রুজু করা হবে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement