পুরুলিয়ায় সিদ্দিকুল্লা

যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সুরে এ বার বামেদের সঙ্গে জোট করলে কংগ্রেস ঐতিহাসিক ভুল করবে বলে মন্তব্য করলেন জমিয়তে উলামায়ে হিন্দের রাজ্য সম্পাদক সিদ্দিকুল্লা চৌধুরী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০১৬ ০১:৩৫
Share:

যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সুরে এ বার বামেদের সঙ্গে জোট করলে কংগ্রেস ঐতিহাসিক ভুল করবে বলে মন্তব্য করলেন জমিয়তে উলামায়ে হিন্দের রাজ্য সম্পাদক সিদ্দিকুল্লা চৌধুরী। তৃণমূল নেত্রীর সঙ্গে নবান্নে জোট সম্ভাবনা নিয়ে আলোচনার পরের দিন বৃহস্পতিবার পুরুলিয়ায় এসে তিনি বাম-কংগ্রেস জোট ভেস্তে দেওয়ার চেষ্টা করেন। তিনি বলেন, ‘‘কংগ্রেস সিপিএমের সঙ্গে জোট করলে সেটা কংগ্রেসের ঐতিহাসিক ভুল হবে। আমিও কংগ্রেস থেকেই এসেছি। এখন কংগ্রেস কী করবে সেটা কংগ্রেসের ব্যাপার।’’ তৃণমূলের প্রতীকেই আগামী বিধানসভা ভোটে লড়ার ইচ্ছা রয়েছেন বলে তিনি জানিয়েছেন। কিন্তু শাসকদলের কাছে কতগুলি আসন চাইছেন তা নিয়ে মন্তব্য করতে চাননি সিদ্দিকুল্লা। সভায় উপস্থিত কর্মীরা তাঁর কাছ থেকে মুখ্যমন্ত্রীর সঙ্গে কী আলোচনা হয়েছে তা শোনার জন্য উৎসুক ছিলেন। তাই বক্তব্যের মাঝে কৌতূহলের নিরসন ঘটিয়ে তিনি বলেন, ‘‘খুব বেশি মুখ খোলার জায়গা নেই। এখনই যদি সব বলে দিই তাহলে একমাস পরে কী বলব? মুখ্যমন্ত্রী চেয়েছেন আমরা তাঁর ‘আইকন ফলো’ করি। আমরাও তাঁর এই পদক্ষেপকে গঠনমূলক পদক্ষেপ বলেই মনে করি।’’ তিনি কর্মীদের জানান, ক’টা আসন চাওয়া হয়েছে, ক’টা আসন দেবে— এটা বলার সময় এখনও আসেনি। উপস্থিত ছিলেন পুরুলিয়ার তৃণমূলের সংখ্যালঘু সেলের নেতা তথা পুরুলিয়ার উপপুরপ্রধান সামিমদাদ খান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement