এলাকার ছেলেমেয়েদের সাহিত্যচর্চার সুযোগ দিতে প্রকাশিত হল নতুন পত্রিকা ‘শ্বেতাঙ্গন’। রবিবার বিকেলে মহম্মদবাজারের উদয়ন পাঠাগারের ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডিও সুমন বিশ্বাস, পত্রিকার সম্পাদক তীর্থ ভট্টাচার্য-সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। পত্রিকার পক্ষে সুশান্ত অধিকারী জানান, এলাকার ছেলেমেয়েদের সাহিত্যচর্চার সে রকম সুযোগ সুবিধা নেই। তাই এই পত্রিকা প্রকাশ করা হয়েছে। তাঁর কথায়, ‘‘এখানকার স্থানীয় লেখক-লেখিকারা একটু লেখালেখি করার জায়গা পাবেন। আমাদের প্রথম প্রকাশিত সংখ্যায় নাটক, কবিতা, ছোট গল্পের পাশাপাশি ধাঁধা, শব্দছকের মতো বিষয়ও রাখা হয়েছে। এলাকার লেখক লেখিকার পাশাপাশি রতজশুভ্র মজুমদার, বিডিও সুমন বিশ্বাসের লেখাও আছে।’’ পত্রিকার প্রচ্ছদ করেছেন স্থানীয় শিল্পী অনির্বাণ বড়াল।