West Bengal Weather Update

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির সতর্কতা! কয়েকটি জেলায় ভারী বর্ষণ, দুর্যোগের পূর্বাভাস উত্তরেও

আগামী শনিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়ার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ অগস্ট ২০২৫ ১৯:২৭
Share:

কলকাতায় রয়েছে ঝড়বৃষ্টির পূর্বাভাস। — ফাইল চিত্র।

বঙ্গোপসাগরের উপরে আবার তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল। তবে তার প্রভাব পড়ছে না এ রাজ্যের আবহাওয়ায়। যদিও ঝড়বৃষ্টি থামছে না রাজ্যে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কয়েকটি জেলায় জারি করা হয়েছে সতর্কতা। উত্তরবঙ্গেও দুর্যোগের পূ্র্বাভাস রয়েছে।

Advertisement

আলিপুর আবহাওয়া দফতর রবিবার বিশেষ বুলেটিন প্রকাশ করে জানিয়েছে, অন্ধ্রের উত্তরে এবং ওড়িশার দক্ষিণে পশ্চিম-মধ্য এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপরে তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল। সংলগ্ন ঘূর্ণাবর্ত দক্ষিণ-পশ্চিম দিকে হেলে রয়েছে। এটি আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে। তবে ওই নিম্নচাপ অঞ্চলের প্রভাব সরাসরি রাজ্যের আবহাওয়ার উপর পড়ছে না। মৌসুমি অক্ষরেখাও আপাতত এ রাজ্যের উপর নেই। তবে এখনই ঝড়বৃষ্টি থামছে না রাজ্যে।

আগামী শনিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটারে গতিতে ঝোড়ো দমকা হাওয়ার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কয়েক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। সোমবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় ঝোড়ো দমকা হাওয়ার জন্য হলুদ সতর্কতা রয়েছে। বাকি জেলায় সতর্কতা না থাকলেও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণের সব জেলায় দমকা ঝোড়ো হাওয়ার সতর্কতা রয়েছে। বুধবার হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, নদিয়ায় দমকা ঝোড়ো হাওয়ার সতর্কতা রয়েছে। বৃহস্পতিহার কলকাতা-সহ দক্ষিণের সব জেলায় রয়েছে সতর্কতা। শুক্রবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়ায় ভারী বৃষ্টির জন্য সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।

Advertisement

উত্তরের পাঁচ জেলা— দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে আগামী বুধবার পর্যন্ত দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা রয়েছে। বাকি জেলায় সতর্কতা না থাকলেও চলবে বৃষ্টি। জলপাইগুড়িতে মঙ্গলবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত চলতে পারে ভারী বৃষ্টি। আলিপুরদুয়ারেও সপ্তাহের মাঝামাঝি সময়ে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী বুধবার উত্তরবঙ্গের আট জেলাতেই বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার সতর্কতা রয়েছে। আগামী শনিবার পর্যন্ত উত্তরে এই ঝড়বৃষ্টি চলবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement