West Bengal Assembly Session

১৭ জুলাই থেকে শুরু বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব, হবে স্বরাষ্ট্র-সহ বিভিন্ন দফতর নিয়ে দীর্ঘ আলোচনা, সূচিতে আর কী কী?

চূড়ান্ত হয়ে গেল অধিবেশনের দ্বিতীয় পর্বের সম্পূর্ণ সূচি। সোমবার অধিবেশনের বিরতিতে বিধানসভার স্পিকার রথীন্দ্র বসুর বিশেষ কক্ষে কার্যবিবরণী কমিটির (বিজ়নেস অ্যাডভাইজ়রি কমিটি) একটি উচ্চপর্যায়ের বৈঠক বসে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ জুন ২০২৬ ২০:০৮
Share:

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। —ফাইল চিত্র।

টানটান উত্তেজনার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশনের প্রথমার্ধ শেষ হল। আর সে দিনই চূড়ান্ত হয়ে গেল অধিবেশনের দ্বিতীয় পর্বের সম্পূর্ণ সূচি। সোমবার অধিবেশনের বিরতিতে বিধানসভার স্পিকার রথীন্দ্র বসুর বিশেষ কক্ষে কার্যবিবরণী কমিটির (বিজ়নেস অ্যাডভাইজ়রি কমিটি) একটি উচ্চপর্যায়ের বৈঠক বসে। এই বৈঠকেই সর্বসম্মতিক্রমে আগামী ১৭ জুলাই থেকে ২৫ জুলাই, ২০২৬ পর্যন্ত অধিবেশন চালানোর সিদ্ধান্ত গৃহীত হয়। পরে স্পিকের এই কর্মসূচির আনুষ্ঠানিক ঘোষণা করে দেন।

Advertisement

কার্যবিবরণী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, বাজেট অধিবেশনের দ্বিতীয় ভাগে বিভিন্ন গুরুত্বপূর্ণ দফতরের বাজেট বরাদ্দের দাবি নিয়ে বিস্তারিত আলোচনা ও বিল পাশ করানো হবে। দ্বিতীয় পর্বের অধিবেশনের প্রথম দিন মূলত প্রয়াত ব্যক্তিত্বদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোকপ্রস্তাব গ্রহণ করে অধিবেশন শেষ হয়ে যাবে। সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর নিয়ে আলোচনা হবে।

মঙ্গলবার যৌথ ভাবে উচ্চশিক্ষা দফতর এবং স্কুলশিক্ষা দফতরের বাজেট বরাদ্দের উপর দু’ঘণ্টা আলোচনা হবে। এ ছাড়া শিল্প, বাণিজ্য ও উদ্যোগ দফতরের জন্য আলাদা ভাবে আলোচনা হবে। বুধবার রাজ্যের আইনশৃঙ্খলার সঙ্গে জড়িত স্বরাষ্ট্র এবং পার্বত্য বিষয়ক দফতরের বাজেট বরাদ্দের উপর দীর্ঘ আলোচনা চলবে। পাশাপাশি বিদ্যুৎ দফতরের আলোচনার জন্য দেড় ঘণ্টা সময় দেওয়া হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার উত্তরবঙ্গ উন্নয়ন দফতর, নগরোন্নয়ন ও পুর বিষয়ক দফতর এবং পর্যটন দফতর — এই তিনটি গুরুত্বপূর্ণ দফতরের প্রতিটির আলোচনার জন্য দেড় ঘণ্টা করে সময় নির্ধারিত হয়েছে। শুক্রবার যুবকল্যাণ ও ক্রীড়া দফতর এবং জনস্বাস্থ্য কারিগরি দফতরের বাজেট নিয়ে আলোচনা হবে। এর পর বাকি থাকা অন্য সব দফতরের বরাদ্দের দাবি এক ঘণ্টার মধ্যে গিলোটিনের মাধ্যমে পাশ করানো হবে।

শনিবার অধিবেশনের সমাপ্তির দিনে পেশ করা হবে দু’টি বিল— ‘দ্য ওয়েস্ট বেঙ্গল অ্যাপ্রোপ্রিয়েশন বিল, ২০২৬’ (ব্যয়বরাদ্দ বিল) এবং ‘দ্য ওয়েস্ট বেঙ্গল ফাইনান্স বিল, ২০২৬’ (অর্থ বিল)।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement