রাজ্যের প্রতিটি ব্লকে আধুনিক মডেল স্কুল গড়ে তুলতে উদ্যোগী রাজ্য সরকার। —প্রতিনিধিত্বমূলক ছবি।
রাজ্যে স্কুল শিক্ষা পরিকাঠামোর মানোন্নয়নে বড়সড় পদক্ষেপ করল রাজ্য সরকার। ‘স্কুল শিক্ষা সম্প্রসারণ প্রকল্প’ নামে নতুন এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় ২৫০০ কোটি টাকা। প্রকল্প বাস্তবায়নে সহযোগিতায় থাকছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক (এডিবি)। রাজ্যের প্রতিটি ব্লকে আধুনিক মডেল স্কুল গড়ে তোলাই এই প্রকল্পের মূল লক্ষ্য।
নবান্নে মন্ত্রিসভার বৈঠক শেষে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, এই প্রকল্পের আওতায় মোট ৪৩০টি মডেল স্কুল তৈরি করা হবে। প্রতিটি ব্লকে একটি করে স্কুল গড়ে উঠবে। পাশাপাশি, রাজ্যের ৮৭টি পিছিয়ে থাকা ব্লকে দু’টি করে মডেল স্কুল নির্মাণ করা হবে। অর্থাৎ শিক্ষা ক্ষেত্রে পিছিয়ে থাকা এলাকাগুলিকে বাড়তি গুরুত্ব দিয়েই এই পরিকল্পনা করা হয়েছে। এই নতুন মডেল স্কুলগুলিতে বাংলা ও ইংরেজি— দু’টি ভাষাতেই পড়াশোনার সুযোগ থাকবে। আধুনিক শিক্ষা ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে স্কুলগুলিতে উন্নত শ্রেণিকক্ষ, বিজ্ঞানাগার, লাইব্রেরি, ডিজিটাল লার্নিং সুবিধা, পরিচ্ছন্ন স্যানিটারি ব্যবস্থা ও নিরাপদ পানীয় জলের ব্যবস্থা করা হবে। শিক্ষামন্ত্রীর কথায়, “শুধু পরিকাঠামো নয়, শিক্ষার মান উন্নয়নই আমাদের মূল লক্ষ্য।”
তিনি আরও বলেন, ‘‘প্রকল্পের মোট খরচের প্রায় ৭০ শতাংশ অর্থ দেবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক, বাকি অংশ রাজ্য সরকার বহন করবে। পুরো প্রকল্পের কাজ নিয়মিত ভাবে মনিটরিং করা হবে, যাতে নির্ধারিত সময়ের মধ্যেই গুণগত মান বজায় রেখে কাজ সম্পন্ন হয়।’’ অন্য দিকে, মন্ত্রিসভার বৈঠকের পর অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, স্কুল শিক্ষার পাশাপাশি রাজ্যের ৫০ হাজার অঙ্গনওয়াড়ি কেন্দ্রেরও মানোন্নয়ন করা হবে। পরিকাঠামো উন্নতির পাশাপাশি শিশুদের পুষ্টি ও প্রাথমিক শিক্ষার মান বৃদ্ধিতেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
রাজ্য সরকারের দাবি, এই প্রকল্পের মাধ্যমে সরকারি স্কুলগুলির প্রতি অভিভাবকদের আস্থা আরও বাড়বে এবং রাজ্যের শিক্ষা ব্যবস্থা জাতীয় স্তরে আরও শক্তিশালী হবে।