উত্তর ২৪ পরগনার প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি পিটিআই।
বার বার সতর্ক করা সত্ত্বেও স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে টালবাহানায় কড়া পদক্ষেপের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর ২৪ পরগনার প্রশাসনিক বৈঠকে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জেলাশাসককে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আপনি দেখুন। যদি কেউ স্বাস্থ্যসাথী কার্ড নিতে অস্বীকার করে তা হলে তাদের লাইসেন্স বাতিল করে দেব।’’
স্বাস্থ্যসাথী প্রকল্পে প্রত্যাখ্যান নিয়ে রাজ্যের বিভিন্ন জেলাতেই অভিযোগ রয়েছে। এ নিয়ে একাধিকবার সতর্ক করা হয়েছে। কিন্তু কাজ যে বহুক্ষেত্রে হচ্ছে না বুধবার ওই বৈঠকে বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘‘বসিরহাটের বহু হাসপাতালই স্বাস্থ্যসাথী কার্ডকে স্বীকৃতি দিচ্ছে না। রোগীদের হয়রানি হচ্ছে।’’ সেই সঙ্গে এ নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেও যে কোনও ফল হয়নি তা-ও জানান তিনি। তা শুনেই মুখ্যমন্ত্রী প্রথমে জেলা শাসকের কাছে বিষয়টি জানতে চান। জেলা শাসক এই পরিস্থিতির কথা জানেন জানালেও সমাধান নিয়ে সন্তোষজনক কোনও উত্তর না পাওয়ায় মুখ্যমন্ত্রী জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের খোঁজ করেন। তাঁর কাছ তিনি এই ধরনের প্রতিষ্ঠানের বিরুদ্ধে কেন সরকারি নির্দেশ অমান্য করার কারণে ব্যবস্থা নেওয়া যায়নি তা জানতে চান। তারপরই অভিযুক্ত হাসপাতালের লাইসেন্স বাতিলে কঠোর মনোভাব জানিয়ে জেলা প্রশাসনকে উপযুক্ত ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।
এ দিন জেলার আরও কয়েকটি জায়গায় হাসপাতাল সংক্রান্ত কিছু বিষয় ও চিকিৎসকের দাবি জানিয়েছেন বিধায়কেরা।