News Of The Day

জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর। সংসদে বাজেট অধিবেশন। শুরু মাধ্যমিক। পাকিস্তানকে কী জবাব। আর কী কী নজরে

এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বাংলার শাসকদল তৃণমূলের সংঘাত এখন আর কোনও নতুন বিষয় নয়। সোমবার দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে যাবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাৎ করবেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৫৬
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

Advertisement

এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বাংলার শাসকদল তৃণমূলের সংঘাত এখন আর কোনও নতুন বিষয় নয়। সোমবার দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে যাবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাৎ করবেন। এসআইআর নিয়ে তাঁর আপত্তির কথা জানিয়ে ইতিমধ্যে জ্ঞানেশকে ছ'টি চিঠি লিখেছেন মমতা। এ বার সরাসরি সাক্ষাৎ করে এসআইআরের বিরুদ্ধে নিজের অবস্থান স্পষ্ট করতে চান তিনি। সাক্ষাতের সময় তাঁর সঙ্গে থাকবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ এসআইআরের কারণে নিহতদের পরিজনেরা। রবিবার‌ দিল্লি পৌঁছেও গিয়েছেন মমতা।

আজ বাজেট পেশের পর দিন সংসদের অধিবেশনের দিকে নজর থাকবে। বিরোধীরা বাজেট নিয়ে নানা প্রশ্নবাণে বিদ্ধ করতে পারে কেন্দ্রকে। তা ছাড়া আজ সংসদের দুই কক্ষেই রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদজ্ঞাপক বক্তৃতা হবে। প্রথমে বক্তৃতা করবেন শাসকশিবিরের কেউ। তার পর বক্তৃতা করবেন বিরোধী সাংসদেরা।

Advertisement

২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে সোমবার, ২ ফেব্রুয়ারি। পরীক্ষা চলবে বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। সকাল ১০টা ৪৫ মিনিট থেকে দুপুর ২টো পর্যন্ত পরীক্ষা নেওয়া হবে। প্রথম ১৫ মিনিট পরীক্ষার্থীদের জন্য শুধু প্রশ্নপত্র পড়ার সময় হিসেবে বরাদ্দ থাকবে। পর্ষদের সূচি অনুযায়ী, ২ ফেব্রুয়ারি প্রথম ভাষার পরীক্ষা রয়েছে। ৩ ফেব্রুয়ারি দ্বিতীয় ভাষা। এর পর ৬ ফেব্রুয়ারি ইতিহাস, ৭ ফেব্রুয়ারি ভূগোল। ৯ ফেব্রুয়ারি অঙ্ক, ১০ ফেব্রুয়ারি পদার্থবিজ্ঞান এবং ১১ ফেব্রুয়ারি জীববিজ্ঞান পরীক্ষা হবে। শেষ দিন, ১২ ফেব্রুয়ারি ঐচ্ছিক বিষয়গুলির পরীক্ষা। পর্ষদ সূত্রে জানানো হয়েছে, পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের অনেক আগে পরীক্ষাকেন্দ্রে পৌঁছোতে হবে। সঙ্গে রাখতে হবে অরিজিনাল অ্যাডমিট কার্ড, স্কুল আইডি কার্ড এবং অনুমোদিত লেখার সামগ্রী। পরীক্ষাকেন্দ্রে কোনও রকম অনিয়ম বরদাস্ত করা হবে না বলেও জানানো হয়েছে।

আগামী মঙ্গলবার থেকে শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ বিধানসভার অন্তবর্তীকালীন বাজেট অধিবেশন। সেই কারণে সোমবার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় নিজের ঘরে কার্যবিবরণীর বৈঠক ডেকেছেন। এই বৈঠকেই ঠিক হয়ে যাবে বাজেট অধিবেশনের কর্মসূচি। তবে বিধানসভার সচিবালয় সূত্রে খবর, মঙ্গলবার প্রথম দিন শোকপ্রস্তাবের পাঠ করেই শেষ হয়ে যাবে অধিবেশনের কাজ। বুধবার সরকারি ছুটি রয়েছে। বৃহস্পতিবার বিধানসভায় পেশ হতে পারে বাজেট। ওই দিন বিধানসভাতেই মন্ত্রিসভার বিশেষ বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে বাজেট অনুমোদন দিয়ে তা পেশ করা হবে অধিবেশনে। অধিবেশন চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত।

কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ। তবে কি ফের ঠান্ডা বাড়তে পারে? তেমন কোনও সম্ভাবনা অবশ্য এখনই দেখতে পাচ্ছেন না আবহবিদেরা। তাপমাত্রা খানিকটা কমলেও কনকনে ঠান্ডা পড়ার সম্ভাবনা আপাতত আর নেই। উত্তর বা দক্ষিণবঙ্গের কোথাও আপাতত তাপমাত্রার খুব বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। আগামী অন্তত সাত দিন রাতের তাপমাত্রা একই রকম থাকবে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান খেলবে বলে জানিয়েছে। কিন্তু ১৫ ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে ম‍্যাচ বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার ও পাক বোর্ড। রবিবার পাক সরকার সমাজমাধ‍্যমে নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। এই পরিস্থিতিতে কী করবে বিশ্বকাপের আয়োজক আইসিসি? ভারতীয় ক্রিকেট বোর্ডই বা কী পদক্ষেপ করবে? থাকছে এই বিতর্কের সব খবর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement