জয়ের মন্তব্যে ব্যাখ্যা তলব

জয় বন্দ্যোপাধ্যায়ের বেফাঁস মন্তব্য নিয়ে বিজেপি সভাপতি অমিত শাহের থেকে ব্যাখ্যা তলব করল নির্বাচন কমিশন। রবিবার বীরভূমের ঘোষপাড়ায় জয় মন্তব্য করেছিলেন, ‘‘গত লোকসভা ভোটে আমাদের চুরি করে হারানো হয়েছিল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৫ ০৩:৩৩
Share:

জয় বন্দ্যোপাধ্যায়ের বেফাঁস মন্তব্য নিয়ে বিজেপি সভাপতি অমিত শাহের থেকে ব্যাখ্যা তলব করল নির্বাচন কমিশন।

Advertisement

রবিবার বীরভূমের ঘোষপাড়ায় জয় মন্তব্য করেছিলেন, ‘‘গত লোকসভা ভোটে আমাদের চুরি করে হারানো হয়েছিল। এ বার সেটাও করতে পারবেন না। কারণ নির্বাচন কমিশন আমাদের হাতে। আর বিধানসভা ভোট হবে মিলিটারি দিয়ে।’’ সংবাদ মাধ্যমে তাঁর বক্তব্যের ভিডিও ফুটেজ প্রকাশ পেতেই দলে ভর্ৎসিত হন জয়। নিন্দায় সামিল হয় বিভিন্ন রাজনৈতিক দল। গোটা বিষয়টি নিয়ে এ বার ক্ষোভ প্রকাশ করল খোদ নির্বাচন কমিশনও।

এ দিন দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দফতর থেকে বিজেপি সভাপতি অমিত শাহকে একটি চিঠি দেন কমিশনের প্রিন্সিপ্যাল সেক্রেটারি কে এফ উইলফ্রেড। তাতে তিনি লিখেছেন, ‘‘এই মন্তব্য নির্বাচন কমিশনের সততাকে হেয় করেছে। কমিশনের স্বশাসনের ক্ষমতা, স্বাধীনতা ও নিরপেক্ষতাকে নিয়ে দেশের মানুষের মনে যে ছবি রয়েছে, এই বক্তব্য তাতে আঘাত দিচ্ছে।’’ জয় বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়ে ব্যাখ্যা দিতে অমিত শাহকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। চিঠির সঙ্গেই জয়ের বক্তৃতার সিডি ও সংবাদপত্রের রিপোর্ট বিজেপি সভাপতিকে পাঠানো হয়েছে।

Advertisement

কমিশন চিঠি পাঠানোর পরে রাজ্য বিজেপির নেতা জয় এ দিন বলেন, ‘‘২০১৬-র বিধানসভা ভোট কোনও রকম রিগিং ছাড়া যাতে শান্তিতে হতে পারে, সে জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ করতে চাইছিলাম। কিন্তু সে দিন মুখ ফস্কে অন্য কথা বলে ফেলেছি। এ জন্য মানুষের কাছে ক্ষমাও চেয়েছি। আমার মন্তব্যের জন্য দলও আমাকে ভর্ৎসনা করেছে।’’ তবে কমিশনের চিঠি নিয়ে তাঁর মন্তব্য, ‘‘গোটা বিষয়টি বিজেপির রাজ্য সভাপতি দেখছেন।’’ আগামিকাল তাঁর সঙ্গে কথা বলতে দলীয় দফতরেও যাবেন জয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement