বন্‌ধের দিনে ফের বদল চেয়ে সনিয়া, রাহুলকে চিঠি মানসের

বন্‌ধ নিয়ে কংগ্রেসের অন্দরে জলঘোলা অব্যাহত! প্রতিবাদের ওই কর্মসূচি নিয়ে এখন রীতিমতো স্নায়ুর লড়াই বেঁধেছে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ও প্রাক্তন সভাপতি মানস ভুঁইয়ার! সবংয়ের কলেজে ছাত্রহত্যার প্রতিবাদে বাংলা বন্‌ধ ডেকে একপ্রস্ত দিন পরিবর্তন করেছে কংগ্রেস।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ অগস্ট ২০১৫ ০৩:১১
Share:

বন্‌ধ নিয়ে কংগ্রেসের অন্দরে জলঘোলা অব্যাহত! প্রতিবাদের ওই কর্মসূচি নিয়ে এখন রীতিমতো স্নায়ুর লড়াই বেঁধেছে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ও প্রাক্তন সভাপতি মানস ভুঁইয়ার! সবংয়ের কলেজে ছাত্রহত্যার প্রতিবাদে বাংলা বন্‌ধ ডেকে একপ্রস্ত দিন পরিবর্তন করেছে কংগ্রেস। আগামী ২০ অগস্টের বদলে বন্‌ধের নতুন দিন ধার্য হয়েছে ১৮ অগস্ট। এ বার সেই তারিখও পরিবর্তনের আর্জি জানিয়ে কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী ও সর্বভারতীয় সহ-সভাপতি রাহুল গাঁধীকে চিঠি দিলেন সবংয়ের কংগ্রেস বিধায়ক মানসবাবু। তিনি চিঠি পাঠিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতিকেও।

Advertisement

চিঠিতে মানসবাবুর যুক্তি, আগামী ১৯ অগস্ট কলকাতায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রদেশ কংগ্রেসেরই সংখ্যালঘু সম্মেলন আছে। তার প্রস্তুতি এখন তুঙ্গে। ঠিক তার আগের দিন বন্‌ধ হলে দূরদূরান্ত থেকে ওই সম্মেলনে আসার পথে লোকজনের অসুবিধা হতে পারে এবং তাতে সংখ্যালঘুদের মধ্যে ভুল বার্তা যেতে পারে। মানসবাবুর বক্তব্য, ‘‘ঘটনার পরে বন্‌ধ ডাকতে এতগুলো দিন যখন অপেক্ষাই করা হল, তা হলে এই সম্মেলনের কথা ডেকে সেটা ২১ বা ১৭ অগস্ট করা হোক।’’ তবে প্রদেশ কংগ্রেস সূত্রের খবর, মানসবাবু এমন আর্জি জানালেও নতুন করে আর বন্‌ধের দিন পাল্টানোর সম্ভাবনা কম। অধীরের ঘনিষ্ঠ মহল সূত্রের বক্তব্য, বাংলা বন্‌ধ হবে ১২ ঘণ্টার। দক্ষিণবঙ্গ থেকে লোকজন সম্মেলনের দিনই সকাল বেলা আসবেন। আর যাঁরা দূর থেকে আসবেন, তাঁদেরও আগের দিন সন্ধ্যায় ট্রেন পেতে কোনও অসুবিধা হবে না। তাই এই নিয়ে বিতর্কের আর অবকাশ নেই। কংগ্রেসের বন্‌ধকে এ দিন ফের কটাক্ষ করেছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। নবান্নে এ দিন তাঁর মন্তব্য, ‘‘অধীর চৌধুরী নিজের এলাকায় বন্‌ধ করতে পারবেন না তো সারা বাংলায় কী ভাবে বন্‌ধ হবে? ওদের তো লোকই নেই!’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement